ভারত ৩(সুহেল-২, কিপজেন) পাকিস্তান ২(নাজিবুল্লা, আলমগির)
অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার ঢাকার ন্যাশানাল স্টেডিয়ামে গ্রুপ বি-র ওপেনিং ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করল ভারতীয় ফুটবল দল। তবে ৩ গোলে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার সংযুক্তি সময়ের শেষ ৪ মিনিটে ভারতীয় দলের ২ গোল খাওয়াটা মোটেই মানা যায় না। গোল খাওয়ার এই রোগ পরের ম্যাচে রয়ে গেলে ভারতকে ভুগতে হতে পারে। সুহেল বাটের করা ২ আর মাঙ্গলেথাং কিপজেনের গোলে ভারত ৩১ মিনিটের মধ্যে ৩-০ এগিয়ে গিয়েছিল। কিন্তু ম্যাচের শেষে মনঃসংযোগ হারালে পাকিস্তানের নাজিবুল্লা ও আলমগির গাজি ২ গোল করে ভারতীয় শিবিরকে অস্বস্তি ফেলে দিয়েছিলেন। সময় শেষ হয়ে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন ভারতীয় ফুটবলাররা। প্রথমার্ধে পাকিস্তানের সায়ক দোস্ত পেনাল্টি নষ্ট না করলে, খেলার ফল কী হত বলা শক্ত। এটুকু বলা যেতে পারে, খেতাব ধরে রাখতে ভারতীয় দলের কোনওরকম শিথিলতা দেখানো চলবে না।
ভারত শুরুটা করেছিল সতর্কভাবে। কোচ নৌশাদ মুসা মাঝমাঠে অভিষেক সূর্যবংশীকে ডিফেন্সিভ ব্লকার ভূমিকায় ব্যবহার করেন পাকিস্তানের প্রাথমিক আক্রমণের ঝাঁজ বুঝে নিয়ে পাল্টা আক্রমণ হানার উদ্দেশ্যে। ১৩ মিনিটে গোল পেয়েও যায় ভারত। থ্রো থেকে মহম্মদ সুহেল বল পেয়ে পাকিস্তান বক্সে পাঠালে সুহেল বাট তা গোলে ঠেলেন। ১৯ মিনিটে দ্বিতীয় গোল করে সুহেলই। সূর্যবংশীর ডিফেন্সচেরা থ্রু বক্সের সামনে সুহেল পেলে, তা পাকিস্তান গোলকিপার ইউসুফ বাটের পাশ গিয়ে জালের ভেতর জড়িয়ে দেন। ৩১ মিনিটে নৌফাল বল ধরে বাড়িয়ে দেন কিপজেনকে। তিনি বল গোলে পাঠিয়ে ভারতকে ৩-০ এগিয়ে দেন।
পাকিস্তান গোল করে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল। পাকিস্তানের হায়ান খটককে পেনাল্টি বক্সে সূর্যবংশী ফাউল করেছিলেন। রেফারি পাকিস্তানের অনুকূলে পেনাল্টি দেন। কিন্তু সায়ক দোস্ত পেনাল্টি শট ক্রশপিসের ওপর দিয়ে উড়িয়ে সুযোগটা নষ্ট করেন।
বিরতির ঠিক আগের মুহূর্তে তৃতীয় গোল করে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন সুহেল। কিন্তু তাঁর শট অল্পের জন্য বাইরে যায়। দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় ম্যাচের রাশ ছিল ভারতের হাতে। কিন্তু ম্যাচের অন্তিম লগ্নে নির্ধারিত ৯০ মিনিটের পরই আচমকা খেলার ওপর নিয়ন্ত্রণ হারায় ভারত। পাকিস্তান সেই সুযোগে ৯১ মিনিটে গোল করে ব্যবধান কমায়। জুনেদ শাহর ক্রশে হেড করে নাজিবুল্লা হার মানান ভারতীয় গোলকিপার আরশ আনোয়ার শেখকে। ৩ মিনিট বাদেই ৯৪ মিনিটে ম্যাককিল আবদুল্লা ক্রশ ভাসালে সেই বল দর্শনীয় ভাবে গোলে পাঠান পাকিস্তানের আলমগির গাজি(৩-২)।
ভারত পরের ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে ১১ নভেম্বর। গ্রুপের প্রথম স্থানাধিকারী দল সেমিফাইনালে যাবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
