Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ধন্য ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা। এই কর্তা বলতে আপাতত দু’‌জনকেই বোঝায় বেশি। এক, সভাপতি কল্যান চৌবে, আর একজন ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ। এই দুই কর্তা মিলে ভারতীয় ফুটবলকে একটা হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছেন ক্রমশ। অনেক আগে থেকেই ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা নিউজিল্যান্ডের সঙ্গে নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করে রেখেছিলেন ভারতীয় সিনিয়র দলের জন্য। আইএসএলের মাঝে এমন সফরের ব্যাপারটা তাও মানা যায়, ফিফা ক্রমতালিকায় এগিয়ে থাকা দলের বিরুদ্ধে ভারতীয় ফুটবলারদের খেলার সুযোগ দেওয়ার জন্য। কিন্ত নিউজিল্যান্ড যেতে হবে জেনেও সেই সময় বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলকে খেলতে পাঠানো কি খুব একটা বুদ্ধিমানের কাজ হয়েছিল?

ফেডারেশন কর্তারা বলতেই পারেন, সাফ চ্যাম্পিয়নশিপে তাঁরা তো দ্বিতীয় সারির দল পাঠিয়েছেন। তাই সিনিয়র দলের নিউজিল্যান্ডের খেলতে যাওয়ায় কী সমস্যা? এখানে দুটো কথা ফেডারেশন কর্তাদের উদ্দেশ্যে বলতেই হচ্ছে। এক, সাফ চ্যাম্পিয়শিপে অংশ নেওয়া বাকি দলগুলো যখন পুরো শক্তি নিয়ে প্রথম সারির দল নিয়ে খেলছে, সেখানে ভারত দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে গিয়ে চ্যাম্পিয়ন না হলে ভারতীয় ফুটবলের সম্মানের পক্ষে সেটা কি খুব ভাল হবে?‌ দুই, নিউজিল্যান্ড সফরের জন্য ঢাকায় খেলা ভারতীয় দল থেকে নির্ভরযোগ্য ডিফেন্ডার বিজয় ভার্গিস ও মহম্মদ সুহেলকে ফিরিয়ে এনে সাফের দলকে আরও দুর্বল করে দিয়ে কি ঠিক করলেন তাঁরা?‌

ফেডারেশন কর্তাদের খুশি করতে তাঁদের সিদ্ধান্তে শামিল হয়েছেন আরও একজন। তিনি ভারতীয় দলের চিফ কোচ খালিদ জামিল। কিছুদিন আগেই কলকাতায় অনুষ্ঠিত দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল ও উরুগুয়ে বড় ব্যবধানে হারের পরও টনক নড়েনি খালিদের। ১২ ও ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলবে ভারত। সেই ম্যাচ দু’‌টিতে রক্ষণ শক্তিশালী করা জরুরি। যেখানে চোটের জন্য আনোয়ার নেই, সেখানে সন্দেশ ঝিঙ্গানের মতো অভিজ্ঞ ডিফেন্ডারকে ভারতীয় দলে দরকার ছিল। কিন্তু পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলা দলের মতো নিজের গোঁ বজায় রেখে নিউজিল্যান্ডের জন্য বাছাই করা ২৩ জনের দলে সন্দেশকে এবারও রাখলেন না কোচ খালিদ জামিল। তার বদলে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে খেলা ভারতীয় দলের অধিনায়ক ডিফেন্ডার বিজয় ভার্গিসকে ফেরত এনে নিউজল্যান্ড নিয়ে যাচ্ছেন ভারতীয় কোচ।

কার বা কাদের অঙ্গুলি হেলনে খালিদ এমন সিদ্ধান্ত নিলেন জানতে পারলে ভাল হত। তবে খালিদকে ভারতীয় ফুটবলের নয়া কালিদাস বললে কি ভুল হবে?‌ বিজয় ভার্গিস, মেহতাব সিং, অভিষেক সিং, আকাশ মিশ্র, জয় গুপ্তাদের রক্ষণ ফিফা ক্রমতালিকায় ৮৮ নম্বরে থাকা ২০২৬ বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ডের আক্রমণভাগের মোকাবিলা করতে পারবে কি?‌ পারলে ভাল, নইলে ভারতীয় ফুটবলপ্রেমীদের মুখ পড়বে?‌ ফেডারেশন কর্তাদের গায়ের চামড়া যদি মোটা হয়, তাঁদের মনে হয় কিছু বোধগম্য হবে না ভারতীয় দলের খারাপ ফলে। একেই তো পানামা, ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের আয়োজনে ৪০ কোটি টাকার ওপর দেনা ফেডারেশনের ঘাড়ে চাপিয়ে ফিফা ও এএফসির শাস্তির কবলে পড়ার আশঙ্কা জাগিয়েছেন।

চোটের জন্য ভারতীয় দল থেকে সাহালের বাদ পড়াটা স্বাভাবিক। মোহনবাগানের ডিফেন্ডার রাহুল বেকের চোখের নীচে হাড়ে হাল্কা চিড় আছে। মোহনবাগান সুপার জায়ান্ট কোচ পানোস জানাস, এই ধরনের চোট নিয়ে খেলতে হলে বেকেকে ফেস মাস্ক পড়ে খেলতে হত। এই জন্য ওড়িশা এফসি ম্যাচে রিজার্ভ বেঞ্চে রাখলেও,তাঁকে খেলানোর ঝুঁকি নেননি। তাই তাঁকে নিউজিল্যন্ডগামী ভারতীয় দলে না রেখে ভালই করেছেন কোচ খালিদ। কারণ তাঁকে নিয়ে গিয়ে চোট বাড়লে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ ফেডারেশন ও কোচ খালিদের ভূমিকার সমালোচনায় সরব হত। অসুস্থতার পর ফিট না হওয়ায় দলে ঠাঁই হয়নি আপুইয়ার। একটাই ভাল কাজ করেছেন খালিদ নিউজিল্যান্ডগামী দলে লিস্টনকে নিউজিল্যান্ডগামী দলে অন্তর্ভুক্ত করে। লিস্টন পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে খেলা ভারতীয় দলে ছিলেন না। দলে ঢুকলেন ইস্টবঙ্গলের স্ট্রাইকার ডেভিডও।

বাদ পড়লেন ২৩ জনের দল থেকে গোলকিপার গুরপ্রীত সিং। সম্ভবত ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচে গুরপ্রীতের খারাপ পারফরমেন্সের পর যে তীব্র সমালোচনা হয়, সেটা যাতে আর না বাড়ে ,সেজন্যই তাঁকে বাদ দিয়েছেন খালিদ। এতে অবশ্য যুক্তিসঙ্গত ভাবেই ভারতীয় দলে তাঁর জায়গায় দলে ঢুকলেন বিশাল কাইথ, ঋত্বিক তিওয়ারি। বিশাল ছিলেন না পানামা, ব্রাজিল, উরুগুয়ে ম্যাচে।

কোনও প্রস্তুতি ছাড়াই, বলা ভাল কোনও শিবির না করেই অকল্যান্ড উড়ে যাবে ভারতীয় ফুটবল দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে। শনিবার ২৩ সদস্যের দল বেঙ্গালুরুতে মিলিত হবে। রবিবার একবেলা অনুশীলন করে রাতেই অকল্যান্ড রওনা হবে। এইভাবে ভাল ফুটবল খেলা ও ফল করা সম্ভব?‌

২৩ সদস্যের ভারতীয় দল:‌ ঋত্বিক তিওয়ারি, সোমকুমার, বিশাল কাইথ(‌গোলকিপার)‌, অভিষেক সিং, আকাশ মিশ্র, বিজয় ভার্গিস, জয় গুপ্তা, মেহতাব সিং, পরমবীর, রিকি মিতেই, রোশন সিং(‌ডিফেন্ডার)‌, অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, জিতিন এমএস, ফানাই, নামতে, তোম্বা সিং(‌ মিডফিল্ডার)‌, ডেভিড, এডমুন্ড, লিস্টন, মনবীর, মহম্মদ সুহেল, রায়ান উইলিয়ামস(‌ফরোয়ার্ড)‌।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...