ছবি: এআইএফএফ
অলস্পোর্ট ডেস্ক: এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে ভারতীয় ফুটবল দলের গ্রুপের ৫ ম্যাচের একটিও এখনও পর্যন্ত না জেতায়। ২টিতে ড্র ও ৩টিতে হারের সুবাদে। মানোলো মারকোয়েজের কোচিংয়ে ব্যর্থতার শুরু। পরে জাতীয় দলের কোচের ভূমিকায় এসেও ভারতীয় দলকে সাফল্যের পথে ফেরাতে পারেননি খালিদ জামিল। স্বাভাবিকভাবেই তাই সোমবার কোচির নেহরু স্টেডিয়ামে হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপের নিয়মরক্ষার শেষ ম্যাচটা ভারতীয় ফুটবল দলের কাছে শুধুই মান বাঁচানোর। তার সঙ্গে আরও একটি আকর্ষণ আছে ম্যাচে। সেটা হল অস্ট্রেলিয়ার রায়ান উইলিয়ামসের ভারতীয় দলের নাগরিকত্ব নিয়ে হংকং ম্যাচে অভিষেক ঘটে কিনা?
কোচির মাঠে ১০ বছর পর ভারতীয় দলের খেলা ফিরছে। কিন্তু কেরল ফুটবল সংস্থার প্রাথমিক অসহযোগিতার কারণে ভারতীয় দলকে কোচির নেহরু স্টেডিয়ামে হেনস্থার মুখে পড়তে হয়। কোচ খালিদ জামিল তো তাঁর ফুটবলারদের স্টেডিয়ামের গেট থেকে ফিরে যেতে হয়েছিল সাংবাদিক সম্মেলন না করেই। আসলে কেরল ফুটবল সংস্থার কর্তারা কোচিন ডেভেলপমেন্ট কর্পোরশনকে নেহরু স্টেডিয়ামে খেলার জন্য সিকিরিটি অর্থ জমা করেনি সময়মতো। শেষপর্যন্ত সে সমস্যা মিটেছে। ভারতীয় দল অনুশীলন করতে পেরেছে স্টেডিয়ামে, খেলার জন্য তৈরি। তবে তার আগে যে হেনস্থার শিকার হল ভারতীয় ফুটহল দল, সেটা লজ্জার।
তবে ভারতীয় কোচ খালিদ জামিল কোনও তিক্ততা বজায় রাখতে চান না। তিনি সুকৌশলে মাঠের বাইরে হেনস্থার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে শুধু ফোকাস করছেন হংকং ম্যাচে। সাংবাদিক সম্মেলনে প্রচারমাধ্যমের প্রশ্নের উত্তরে খালিদ বলেন, ‘ কেরলে ম্যাচ খেলার সুযোগ পেয়ে খুশি। এখানকার মানুষ ফুটবলপ্রেমী। একটা আলাদা উন্মাদনা ও আবেগ আছে এঁদের মাঝে। আশা করব, বেশি সংখ্যায় কেরলের মানুষ মাঠে এসে ভারতীয় দলকে প্রেরণা জোগাবেন।’ বিজয়ন, আনচেরি, শরাফ আলি, সত্য়নের কেরলের মাঠে।
হংকংয়ের বিরুদ্ধে প্রথম দফার ম্যাচটা সংযুক্তি সময়ের পেনাল্টি গোলে ০-১ গোলে হেরেছিল ভারত। তখন হংকংয়ের দায়িত্বে ছিলেন অ্যাসলি ওয়েস্টউড। বর্তমানে তিনি আর হংকং দলের কোচের ভূমিকা নেই। এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে নেই হংকংও। ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকলেও। ইতিমধ্যেই সিঙ্গাপুর মূল পর্বে পৌঁছে গেছে হংকংকে হারিয়ে। হেড টু হেডে তারা এগিয়েই থাকবে ভারতের কাছে শেষ ম্যাচে হারলেও। তবে হংকংও যে নিজেদের সম্মানরক্ষার জন্য ম্যাচটা জিততে চাইবে, এটা বলাই বাহুল্য। এটা মাথায় রেখেই ভারতীয় দলের কোচ খালিদ বলেন, ‘ হংকংয়ের বর্তমান দলে অনেক বদল হয়েছে। কোচ থেকে ফুটবলার। তাই নতুন করে ভাবতে হচ্ছে ওদের বিরুদ্ধে খেলা নিয়ে। আমরা ঘরের মাঠে জয়ের লক্ষ্যেই ঝাঁপাব।’
নিয়মরক্ষার ম্যাচে ফুটবলারদের কতটা মোটিভেট করা সম্ভব? খালিদের জবাব, ‘ দেশের জার্সিতে খেলাটাই মোটিভেশন। ফুটবলারদের কাছে এটা মর্যাদারক্ষার ম্যাচ। নিজেদের প্রমাণ করার। ফুটবলাররা মাঠে নামবে সেরা দিতে।’
রায়ান উইলিয়ামসের অভিষেক ঘটবে কিনা হংকং ম্যাচে এই প্রশ্নে খালিদের প্রতিক্রিয়া, তিনি আলাদা করে কারও নাম করতে চান না। রায়ান তাঁর পরিকল্পনায় আছে। শুরুতে না পরে ব্যবহার করবেন, সেটা সময়ই বলবে। আক্রমণভাগে রহিম আলি, ফারুক, আশিক, ছাংতের মতো একাধিক ভাল ফুটবলার রয়েছে হাতে। মূল লক্ষ্য হল ম্যাচ জেতা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
