ছবি: এআইএফএফ
অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বিরাট সুখবর। বিশেষ করে কলকাতাবাসীর জন্য। কলকাতায় যুবভারতীতে ‘মেসি ম্যাসাকারের’ পর বড় কোনও ফুটবল ইভেন্ট হওয়া নিয়েই একটা সংশয় ছিল। সেখানে কলকাতায় হতে চলেছে এক দুর্দান্ত ফুটবল ম্যাচ। ভাবা যায়, ৩ অক্টোবর কলকাতায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দল। এটা একটা বিরাট সুযোগ বর্তমানে ভারতীয় দলে যুক্ত থাকা ফুটবলারদের জন্য। একথা জানিয়েছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যান চৌবে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মোহনবাগান দিবস পালনের অনুষ্ঠানের মঞ্চে এই খুশির খবর পরিবেশন করেন বাংলার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁও।
এর আগে মেসি সহ আর্জেন্টিনা দল ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। সাবেয়ার প্রশিক্ষণপ্রাপ্ত সেই আর্জেন্টিনা দল ওই ম্যাচ জিতেছিল ১-০ গোলে। মারাদোনা দু’বার অতিথি হিসেবে কলকাতায় ঘুরে গেছেন। মোহনবাগানের বিরুদ্ধে জার্মানির বিশ্বকাপার গোলকিপার অলিভার কানের বিদায়ী ম্যাচ খেলেছিল বায়ার্ন মিউনিখ এই শহরেই। তার অনেক আগে ক্যামেরুনের বিশ্বকাপার রজার মিল্লা খেলেছিলেন মোহনবাগানের বিরুদ্ধে যুবভারতীর মাঠে। এবার সেখানে একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে ভারত ও কলকাতার ফুটবলপ্রেমীরা। এটাই প্রথমবার ভারতীয় ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে ওপরের দিকে থাকা কোনও দলের বিরুদ্ধে খেলবে। মনে রাখতে ব্রাজিলের ফিফা র্যাঙ্কিং এখন ৫।
মেসির জন্য আর্জেন্টিনার ফ্যান ফলোয়িং ইদানিং বাড়লেও, ভারতে ব্রাজিলের সমর্থকের সংখ্যা নেহাত কম নয়। বরং বলা যেতে পারে ব্রাজিলের বাইরে সবচেয়ে বেশি তাদের সমর্থক রয়েছে ভারতেই। ব্রাজিলের ম্যাচ খেলতে আসা নিয়ে রীতিমতো উত্তেজিত ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ। তাঁর প্রতিক্রিয়া, ‘ ভারতের মাটিতে ব্রাজিলকে স্বাগত জানাতে পারাটা একটা অসাধারন ব্যাপারে। ভারতীয় ফুটবলে সেটা একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।’
জাতীয় দলের ডিরেক্টার সুব্রত পালের মন্তব্য,‘ আমাদের জাতীয় দলের ফুটবলারদের এটা একটা শুধুমাত্র ম্যাচ খেলা নয়। এটা ভারতীয় ফুটবলারদের কাছে নিজেদের ক্ষমতা যাচাইয়ের মস্ত বড় সুযোগ বিশ্বের অন্যতম ফুটবল দলের বিরুদ্ধে। ব্রাজিলের বিরুদ্ধে খেলা সব ফুটবলারের কাছেই একটা স্বপ্ন থাকে। সেই দলের বিরুদ্ধে মাঠে নেমে নিজেদের উজাড় করে দেওয়ার মধ্যে অনেক কিছু শেখার, অভিজ্ঞতা অর্জনের, নিজেদের উন্নতি করার সুযোগ মিলবে। আর ব্রাজিলের বিরুদ্ধে খেলার কথা সারাজীবন এই ফুটবলারদের মনে রয়ে যাবে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
