ভারত ৩ ব্রাজিল ০
অলস্পোর্ট ডেস্ক: স্কোরলাইনটা দেখে চমকে উঠলেন নাকি? না, অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্যি। বড়রা যেখানে ব্যর্থ, সেখানে ছোটরা ভারতকে গর্বিত করল চ্যাম্পিয়ন হয়ে। তাও আবার বিদেশের মাটিতে। অনূর্ধ্ব ১২ ভারতীয় ফুটবল দল ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে রিয়েল মাদ্রিদ ওয়ার্ল্ড চ্যালেঞ্জ খেতাব জিতে বড়দের ব্যর্থতার ক্ষতে কিছুটা মলম লাগাতে পেরেছে। অন্তত একটা উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত রেখেছে।
ভারতীয় সিনিয়র থেকে বয়সভিত্তিক দলের পুরুষ ও মহিলা ফুটবলারদের কাছে ব্রাজিলের বিরুদ্ধে খেলাটা একটা স্বপ্নের মতো। ভারতীয় সিনিয়র পুরুষ দল তো এবার এএফসি এশিয়ান কাপের মূল পর্বেই যেতে পারেনি। ভারতীয় সিনিয়র মহিলা দল এশিয়ান কাপের মূল পর্বে উঠে খেললেও তিন ম্যাচে শোচনীয় হারের কারণে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ ও ২০২৮ এলএ অলিম্পিক্সে সরাসরি খেলার সুযোগ হারিয়েছে। একদিন আগে অনূর্ধ্ব ২০ ভারতীয় মহিলা দল গ্রুপের শেষ ম্যাচে চাইনিজ তাইপেকে ৩-১ গোলে হারালেও, তার আগের দু’ম্যাচে ভুরি ভুরি গোল খাওয়ার কারণে সব গ্রুপ মিলিয়ে সেরা তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে যেতে পারেনি। সেখানে রিয়েল মাদ্রিদ স্পোর্টস সিটির মাঠে রিয়েল মাদ্রিদ ফাউন্ডেশন ওয়ার্ল্ড চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব ১২ ভারতীয় ফুটবল দল। এটা ভারতীয় ফুটবলের অন্ধকারছন্ন আকাশে অনূর্ধঊ ১২ দলের এই সাফল্য ভবিষ্যতের ক্ষীণ আশার আলোর রেখে বললে কি খুব ভুল হবে?
অনূর্ধ ১০, অনূর্ধ্ব ১২ ও অনূর্ধ্ব ১৪ বিভাগে ৮০টি দলের ১০০০য়ের ওপর ফুটবলার অংশ নিয়েছিল। যার মধ্যে ছিল ইওরোপ, লাতিন আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ এশিয়ার একাধিক দেশ। এই টুর্নামেন্ট প্রতিবছর হয়। অনেকটা উৎসবের পরিবেশে। যার উদ্যোক্তা রিয়েল মাদ্রিদ ফাউন্ডেশন।
অনূর্ধ্ব ১২ ভারতীয় ফুটবল দলের চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি অনূর্ধ্ব ১৪ ভারতীয় দল ইতালির কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যায় শেষমুহূর্তে গোল খেয়ে। এই দু’দলই স্পেন, জার্মানি, উরুগুয়ে, মেক্সিকো, আমেরিকা, কানাডা ও মরক্কোর মতো দলের বিরুদ্ধে নিজেদের দক্ষতা ও ব্যক্তিগত ক্রীড়ানৈপুণ্য তুলে ধরে। আক্রমণ ও রক্ষণের ভারসাম্যমূলক ফুটবল খেলে বিদেশের বাকি দলগুলোর প্রশংসা কুড়োয়। বিশেষ করে অনূর্ধ্ব ১২ দলের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চমক জাগিয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে আগাগোড়া অপরাজিত থেকে। ভারতীয় ফুটবলের গ্রাসরুট লেভেলের এই সাফল্য চমকপ্রদ। কিন্তু এই সাফল্য ধরে রাখার মতো পরিকল্পনা ও ফেডারেশনেপর সদিচ্ছার অভাবে বয়সভিত্তিক বাকি স্তরে ও সিনিয়র পর্যায়ে একরাশ হতাশা ছাড়া কিছু নেই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
