Cart Total Items (0)

Cart

All Sports

‌অলস্পোর্ট ডেস্ক:‌ আইএসএল কবে হবে জানা নেই কারও। হয়ত ফেডারেশন নতুন বানিজ্যিক সহযোগী চুড়ান্ত করতে পারলে, ডিসেম্বরের মাঝামাঝি বা জানুয়ারির প্রথমে শুরু হতে পারে, ক্লাবগুলোকে দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার নেওয়ার সুযোগ করে দিয়ে। তবে অনেক টালবাহানার পর ইন্টার কাশীকে ২০২৪-‌২৫ মরশুমের আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা করল ভারতীয় ফুটবল ফেডারেশন সরকারিভাবে। একইসঙ্গে জানিয়ে দিল আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে প্রোমোশন পেয়ে সামনের আইএসএলে ইন্টার কাশী আইএসএলে খেলবে।

ইন্টার কাশীকে চ্যাম্পিয়ন ঘোষণার আগে অনেক নাটক হয় ফেডারেশনের নেওয়া তড়িঘড়ি নানা বিতর্কিত সিদ্ধান্তে। প্রথমে চার্চিলকে আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল এআইএফএফ ইন্টার কাশীর বিরুদ্ধে অবৈধ ফুটবলার খেলানোর অভিযোগ ভাল করে খতিয়ে না দেখে। শুধু তাই নয়, ঘটা করে চার্চিলের হাতে আইলিগ ট্রফিও তুলে দেয়। এর প্রতিবাদে ইন্টার কাশী কোর্ট অফ আর্বিট্রশন অফ স্পোর্টসের(‌ক্যাস)‌ দরবারে চলে যায়। এআইএফএফ আপিল কমিটির সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করে ইন্টার কাশীকে আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণার নির্দেশ দেয় ক্যাস। এতে ফেডারেশন পড়ে মহা ফাঁপরে। চার্চিল আইলিগ ট্রফি ফেরত দিতে অস্বীকার করে। শেষপর্যন্ত অবশ্য ক্যাসের রায়কে মান্যতা দিয়ে ইন্টার কাশীকে আইলিগ চ্যাম্পিয়ন করার কথা ঘোষণা করতে হল ফেডারেশনকে। ফেডারেশন গঠনতন্ত্র মেনে আইএসএলে ইন্টার কাশীর প্রোমোশনের কথাও। তবে এক্ষেত্রে লিগের টেকনিকাল ও ফিনান্সিয়াল শর্তপূরণ করতে হবে ইন্টার কাশীকে আইএসএলে খেলতে।

ইন্টার কাশী যেখানে আইএসএলে খেলার ছাড়পত্র পাচ্ছে, সেখানে কলকাতার মহমেডান স্পোর্টিং আইএসএলে খেলতে পারবে কিনা, তা নিয়ে ঘোর সংশয় থাকছে। আইএসএলে এখনও পর্যন্ত প্রোমোশন থাকলেও, অবনমন নেই। সুপ্রিম কোর্ট যে সংশোধিত নতুন সংবিধান ফেডারেশনকে দিয়েছে, তাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বদলের মধ্যে আইএসএল অবনমন চালু করার কথা বলেছে। গত আইএসএলে অবনমন না থাকায় বেঁচেছে মহমেডান, তবে এবার তারা আইএসএলে আদৌ অংশ নিতে পারবে কিনা, সেটা নির্ভর করছে, তাদের নড়বড়ে অবস্থার কারণে। এখনও পর্যন্ত মহমেডানের ওপর জাতীয় ও আন্তর্জাতিক ট্রান্সফার ব্যান রয়েছে, কোচ ও একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের বকেয়া মাইনে মেটাতে না পারায়। এটা বেশিদিন এএফসি বা ফিফা সহ্য করবে না। তারা প্রত্যক্ষভাবেই ভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর চাপ সৃষ্টি করবে মহমেডানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। সেক্ষেত্রে মহমেডানের আইএসএল খেলা আটকে যেতে পারে। কারণ গ্লোবাল টেন্ডারের মাধ্যমে পুরোন বানিজ্যিক সহযোগী এফএসডিএল বা নতুন যে কেউ আসুক, তারা মহমেডানের মতো টেকনিকাল ও ফিনান্সিয়াল শর্তপূরণে অক্ষম এমন দলকে আইএসএলে রেখে দিতে চাইবে না প্রতিযোগিতার মান খারাপ করতে। নতুন বানিজ্যিক সহযোগী ঠিক হয়ে গেলেই মহমেডানের ভাগ্য নির্ধারন হয়ে যাবে, সাদা কালো ব্রিগেডের কর্তারা নিজেদের হাল ফেরাতে নতুন স্পনসর এনে ফুটবলারদের বকেয়া মাইনে ও বাজারের দেনা না মেটালে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *