অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিলের জাতীয় শিবিরে ডাকই পাননি সুনীল ছেত্রী। তা নিয়ে ফুটবলমহলে রীতিমতো ঝড় বইছে। আগের কোচ মানোলো মারকোয়েজের কথায় অবসর ভেঙে ফিরে এসেছিলেন সুনীল জাতীয় দলে। সেখানে খালিদের জাতীয় দলের শিবিরেই না ডাক পাওয়াটা সুনীলের মতো ফুটবলারের পক্ষে বেশ অপমানজনক ব্যাপার। খালিদ পরিস্থিতির গুরুত্ব বুঝে সুনীলের শিবিরে না থাকা নিয়ে ব্যাখ্যা দিলেন।
খালিদের যুক্তি, ‘ সুনীল ভারতীয় ফুটবলে লেজেন্ড। আমি ওর বিরুদ্ধে খেলেছি। আমি ওকে দীর্ঘসময় খেলতে দেখেছি। আমার অন্যতম ফেবারিট ফুটবলার। সুনীল হল ভারতীয় ফুটবলের রোল মডেল। ওর জন্য ভারতীয় দলের দরজা সবসময় খোলা। কাফা নেশনস কাপের জন্য শিবিরে সুনীলকে রাখিনি, কারণ এই টুর্নামেন্টটা মূলত এশিয়ান কাপ কোয়ালিফায়ারের বাকি ম্যাচের প্রস্তুতির। আমি ফিফা উইন্ডোতে আরও কিছু অন্য ফুটবলারকে দেখে নিতে চাই। সুনীলের সঙ্গে আমার এনিয়ে কথা হয়েছে। ওকে আমার পরিকল্পনার কথা জানিয়েছি। সুনীলের মতো ফুটবলারের দলে থাকাটা সবসময় আনন্দের।’
খালিদ জামিল ভারতীয় দলের কোচ হয়ে উচ্ছ্বসিত। ১৩ বছর পর দেশের কোনও কোচ ভারতীয় ফুটবল দলের দায়িত্বে ফিরেছেন। ১৬ আগস্ট থেকে বেঙ্গালুরুতে জাতীয় শিবিরে কাফা নেশনস কাপ নিয়ে প্রস্তুতি শুরু করেছেন। খালিদের ভাষায়, ‘ দেশের সেবা করার সুযোগ পেয়ে আপ্লুত। ভারতীয় দলের কোচিং করাটা আমার স্বপ্ন ছিল। তা সত্যি হল। সামনে কঠিন চ্যালেঞ্জ। ভারতীয় দলের অনেকগুলো দিক নিয়ে কাজ করতে হবে। দায়িত্বটা কত বড়, সেটা আমি জানি। তবে ফেডারেশনের কাছে কৃতজ্ঞ আমাকে এই দায়িত্ব পালনের যোগ্য মনে করায়।’
রবিবার পর্যন্ত ২২ জন ফুটবলার শিবিরে যোগ দিয়েছেন। ডুরান্ডে নিজ নিজ দলের অভিযান শেষে আরও ১৩ জন ফুটবলার শিবিরে যোগ দেবেন। খালিদের প্রতিক্রিয়া, ‘ এখনও কিছু ফুটবলারের শিবিরে যোগদান বাকি। তবে যারা হাতে আছে, তাদের নিয়েই কাফা নেশনস কাপের প্রস্তুতি শুরু করেছি সময় নষ্ট না করে। একটা দল হিসেবে আমাদের লড়তে হবে কাফা নেশনস কাপে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের বাকি ম্যাচে ভাল কিছু করতে হলে সব ফুটবলারকে একসাথে অনুশীলনে দরকার। তাই সব দলকে অনুরোধ করছি, শিবিরে ফুটবলারদের যেন ছেড়ে দেয়।’
খালিদকে অগ্নিপরীক্ষার মুখে ঠেলে দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। সেটা আগেই বলেছেন বাইচুং ভুটিয়া। হাতে সময় কম। এশিয়ান কাপের মূল পর্বে ওঠার রাস্তাটা বেশ কঠিন। এই অবস্থায় খালিদ যদি সফল হতে পারেন, তাহলে প্রশংসা কুড়োবেন, নইলে তাঁকেও ব্যর্থতার কাঁটার মুকুট মাথায় নিয়ে বিদায় নিতে হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
