Cart Total Items (0)

Cart

All Sports India
ফিফা বিশ্বকাপ ২০২৬

অলস্পোর্ট ডেস্ক:‌ ফিফা ২০২৬ বিশ্বকাপে অর্ধেকের বেশি দলের খেলা নিশ্চিত হতে এখনও অনেকটা দেরি থাকলেও, বিশ্বকাপের টিকিট বিক্রির প্রথম পর্ব শুরু হয়ে গেছে বুধবার থেকে। ৪৮ অংশগ্রহণকারী দল শেষপর্যন্ত কারা হবে, সেটা ঠিক হতে ডিসেম্বর হয়ে যাবে। এর মধ্যে আয়োজনকারী ৩ দেশ আমেরিকা, কানাডা, মেক্সিকো ছাড়া বাকি দেশগুলো জানেই না তারা কবে ও কোথায় খেলবে। তবে তার জন্য ফুটবলপ্রেমী মানুষের বিশ্বকাপ টিকিট কেনায় কোনও কম উৎসাহ চোখে পড়ছে না।

বরং ৪৫ লাখ আবেদনকারীদের মধ্যে হওয়া লটারির মধ্যে ভাগ্যবান বিজেতারা আগামী কয়েকদিনের মধ্যে বিশ্বকাপ টিকিট কেনার সুযোগ পাবেন প্রথম পর্যায়ে। ফিফা জানিয়েছে, এই ভাগ্যবান বিজেতাদের নাম ইমেল করে জানিয়ে দেওয়া হবে।

বিশ্বকাপের খেলা দেখায় আগ্রহী মানুষজন ইতিমধ্যেই জানতে চেয়েছেন, আমেরিকায় ম্যাচ দেখতে যাওয়ার ভিসা কীভাবে মিলবে, বিশেষ করে আমেরিকা যখন ভিসা দেওয়ার ব্যাপারে প্রচন্ড কড়া পদক্ষেপ নিয়েছে। এসব প্রশ্নের উত্তর এখনও ফিফার কাছে নেই ৫ ডিসেম্বর বিশ্বকাপের ড্র চুড়ান্ত না হওয়া পর্যন্ত। তবে সদর্থক উত্তর না পেলেও টিকিট কাটার হিড়িক থেমে থাকবে না। মনোভাবটা এমনই, আগে টিকিট হাতে আসুক, তারপর বাকিটা নিয়ে ভাবা যাবে পরে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সোসাল মিডিয়ায় ইতিমধ্যেই জানিয়েছেন, ‘‌ বিশ্বকাপ টিকিটের জন্য ৪৫ লাখ ফুটবলভক্তের এই আবেদন দেখেই বোঝা যাচ্ছে উন্মাদনা কী পর্যায়ে রয়েছে। বিশ্বের মানুষ এই ফুটবল যজ্ঞে অংশ নিতে কতটা আগ্রহী। যাতে তাঁদের চাহিদা মেটানো সম্ভব হয়, সে চেষ্টা সর্বতভাবে করবে ফিফা।’‌

বিশ্বকাপের টিকিটের ক্যাটিগরি ও দাম যাই হোক মানুষ তা কিনতে চায়। ৪ রকম ক্যাটিগরির টিকিট মিলবে। ১ নম্বর ক্যাটিগরির টিকিট গ্যালারির সেরা জায়গায়। ৪ নম্বর ক্যাটিগরি গ্যালারির ওপরের দিকে কোনও এক অঞ্চলে বসার জায়গায়। টিকিট দাম, গ্রুপ পর্যায়ে ৬০ মার্কিন ডলার থেকে শুরু। ফাইনালের টিকিটের দাম আনুমানিক ৬৩৭০ মার্কিন ডলার। তা বাড়তেও পারে, কারণ এবারই প্রথমবার সংগঠকরা চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়ানোর কথা ভেবে রেখেছেন ডায়নামিক প্রাইসিং সিস্টেমের মাধ্যমে।

এছাড়াও বিভিন্ন পদ্ধতিতে বিশ্বকাপ টিকিট কেনা বা সংগ্রহের সুযোগ থাকছে। আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, অ্যাডভান্টেজ লয়ালটি প্রোগ্রাম মেম্বাররা তাদের মাইলসের পয়েন্ট রিডিম করতে পারবেন বিশ্বকাপ টিকিটের বিনিময়ে। একজিকিউটিভ ও কনসিয়ার্জ মেম্বাররা এই সুবিধা পাবেন ১৩ অক্টোবর থেকে, প্ল্যাটিনাম প্রো ও গোল্ড মেম্বাররা ১৪ অক্টোবর থেকে, আর বাকিরা ১৫ অক্টোবর থেকে।

বৃহস্পতিবার থেকে কিছু ভাগ্যবান ভেরিজোন কাস্টমারের বিনামূল্যে বিশ্বকাপ টিকিট হাতে পাওয়ার সুযোগ মিলবে। বিশ্বের অন্যতম শক্তিশালী টেলিকমিউনিকেশন জায়ান্ট ও বিশ্বকাপের অন্যতম স্পনসর ভেরিজোন এই টিকিট বিশেষ অ্যাপের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করছে। এনিয়ে বিশ্বের ফুটবল আইকন ও ভেরিজোনের পক্ষে বিশ্বকাপের প্রোমোশনের দায়িত্বে থাকা ডেভিড বেকহ্যাম জানিয়েছেন, ‘‌ মাঠে খেলোয়াড় হিসেবে বা গ্যলারিতে দর্শকের ভূমিকায় থেকে বিশ্বকাপের আনন্দলাভ করাটা একটা আলাদা অনুভূতি। তাই এমন একটা ইভেন্টের সঙ্গে ভেরিজোনের হয়ে যুক্ত হতে পেরে গর্বিত। কিছু মানুষ বিনামূল্যে বিশ্বকাপের টিকিট হাতে পেয়ে খেলা দেখতে পাবেন ভেবে আরও ভাল লাগছে।’‌

ইতিমধ্যে আয়োজক ৩ দেশ আমেরিকা, কানাডা, মেক্সিকো ছাড়া আর্জেন্টিনা, জাপান, নিউজিল্যান্ড, ইরান, উজবেকিস্তান, জর্ডন, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইকুয়েডার, উরুগুয়ে, টিউনিসিয়া, কলম্বিয়া, প্যারাগুয়ে, মরক্কো ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতার্জন করেছে। এখনও ৩০ দলের সামনে যোগ্যতার্জনের সুযোগ রয়েছে।

ফিফা জানিয়েছে, ২১৬ দেশ ও অন্যান্য অঞ্চলের ফুটবলভক্তরা প্রথম পর্যায়ের বিশ্বকাপ টিকিট প্রাপ্তির লটারিতে অংশ নিয়েছেন। ৩ আয়োজক দেশের মানুষের টিকিট পাওয়া অধিকার সবার আগে। তারপর ৭ দেশের মানুষ অগ্রাধিকার পাবে। এরা হল জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইতালি। উত্তর আমেরিকার ১৬টি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ১০৪ টি ম্যাচের জন্য ৭১ লাখ দর্শকের গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ থাকছে। তবে ঠিক কত টিকিট সাধারন দর্শকের মধ্যে বিক্রি করা হবে, সেটা এখনও পরিষ্কার করে কিছু বলেনি ফিফা।

তারওপর টিকিট হাতে পেলেই হল না। কতজন শেষপর্যন্ত আমেরিকায় গিয়ে খেলা দেখার ভিসা পাবেন, তানিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। কারণ সবাইকে ভিসা দেওয়ার ব্যাপারে আমেরিকার যথেষ্ট আপত্তি আছে। একইসঙ্গে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর ঘণিষ্ঠ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার বলেছেন, প্রশাসনিক কারণে, নিরাপত্তার খাতিরে ম্যাচের কেন্দ্র বদল হতে পারে।

আমেরিকার যে শহরগুলিতে বিশ্বকাপের ম্যাচ হবে, সেগুলি হল ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি, ইঙ্গলউড, ক্যালিফোর্নিয়া, ফক্সবারো, ম্যাসাচুসেটস, হাউস্টন, আরলিংটন, টেক্সাস, আটলান্টা, সিটল, সান্টা ক্লারা, ফিলাডেলফিয়া, কানসাস সিটি, মিসোইরি, মায়ামি গার্ডেনস, ফ্লোরিডা। ট্রাম্পের প্রতিক্রিয়া, ‘‌ যদি মনে কোনও শহর বিশ্বকাপ আয়োজনের জন্য নিরাপদ নয়, ঝুঁকি হয়ে যাবে, তাহলে সেই শহরে বিশ্বকাপের ম্যাচ হবে না। সেফটি ও সিকিউরিটি সবার ওপরে। কারণ বিশ্বকাপের সঙ্গে ফুটবলার, দর্শক, স্টেডিয়াম সহ দেশের নিরাপত্তার বিষয়টি ওতপ্রেতভাবে জড়িত। তবে আশা করছি, খুব জরুরি না হলে কেন্দ্র বদলানোর দরকার পড়বে না।’‌

আমেরিকার প্রশাসনিক দপ্তরের প্রধানের পরামর্শ, যাঁরা বিশ্বকাপের খেলা দেখতে আগ্রহী, তাঁরা যেন এখন থেকেই আমেরিকার ভিসার জন্য আবেদন করেন। আমেরিকা চেষ্টা করবে, যাতে ফুটবলপ্রেমী দর্শক ভিসা পান দ্রুত। দ্বিতীয় পর্যায়ের টিকিট বিক্রির কাজ শুরু হবে ২৭-‌৩১ অক্টোবর, আর নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বর পর্যন্ত। বাকিটা অর্থাৎ তৃতীয় পর্যায়ের টিকিট বিক্রির সময় নির্ভর করছে বিশ্বকাপের ড্রর মাধ্যমে সূচী চুড়ান্ত হওয়ার ওপর। টুর্নামেন্টের একবারে শুরুর দিকে মিলবে আগে এলে, আগে পাবে, এই পদ্ধতিতে। ইতিমধ্যে বেশ কিছু সংখ্যক টিকিট ভিআইপি ও হসপিটালিটি প্যাকজ হিসেবে বিক্রি হয়েছে মে মাস থেকে।

বিশ্বকাপের আসর বসবে ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর দাবি, সারা বিশ্ব উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপে অংশ নিয়ে প্রভূত আনন্দ পাবে। এই বিশ্বকাপ আগের সবগুলোকে ছাপিয়ে যাবে। এটা অবশ্য প্রতি বিশ্বকাপের আগে ও পরে ইনফান্তিনো বলে থাকেন। নতুন কিছু না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...