Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ মেক্সিকোর প্রবাদপ্রতিম গোলকিপার গিলেরমো ওচোয়া জানিয়েছেন, ফিফা ২০২৬ বিশ্বকাপ ফুটবল শেষে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। শুধু জাতীয় দল থেকেই খেলা ছাড়ার কথা ভাবছেন না ওচোয়া, পাকাপাকি ভাবে সবধরনের খেলা থেকেই সরে দাঁড়াতে চান ওচোয়া।

২০২৬ বিশ্বকাপে ওচোয়ার বয়স দাঁড়াবে ৪১। এর আগে ৫টি বিশ্বকাপে তিনি অংশ নিয়েছেন মেক্সিকোর জার্সিতে। তিনি ৪জন মেক্সিকোর ফুটবলারদের মধ্যে একজন, যিনি ৫টি বিশ্বকাপে খেলেছেন। বাকি ৩ ফুটবলার হলেন আন্তোনিও কার্বাহাল, রাফায়েল মার্কোয়েজ, আন্দ্রে গুয়ার্দাদো। ২০২৬ বিশ্বকাপে মেক্সিকো দলে থাকলে ওচোয়া ষষ্ঠবার খেলার সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তো বটেই, লিওনেল মেসি খেলার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নিলে, তাঁরাও ওচোয়ার মতো ষষ্ঠ বিশ্বকাপ খেলার নজির গড়বেন।

অবশ্য সবটাই নির্ভর করছে মেক্সিকোর কোচ জেভিয়ার আগুইরের ওপর। তিনি একটা প্রাথমিক দল বাছাই করেছেন বিশ্বকাপের কথা ভেবে। যাতে লিগ এমএক্সের দু’‌জন গোলকিপার রয়েছেন। তৃতীয় গোলকিপারের জায়গাটা এখন ফাঁকা রেখেছেন জেভিয়ার। মেক্সিকোর বাইরে খেলা কোনও এক গোলকিপারের কথা ভেবে। যদিও কোনও নির্দিষ্ট নাম বলেননি, তবে এই জায়গাটা ওচোয়ার জন্য তিনি রেখে দিলে অবাক হওয়ার কিছ নেই। সাম্প্রতিক ম্যাচগুলিতে ওচোয়াকে দল রাখায় এমনই ইঙ্গিত মিলেছে। বর্তমান সাইপ্রাসের এ ই এল লিমাসল ক্লাবে খেলছেন ওচোয়া।

নিজের অবসর গ্রহণ নিয়ে ওচোয়ার প্রতিক্রিয়া, ‘‌ অবসর নেওয়াটা সবসময় কঠিন। অনেক আবেগ ও অনুভূতি জড়িয়ে থাকে খেলোয়াড় জীবনের সঙ্গে। তবে আমার ক্ষেত্রে এটা খুব কষ্টের হবে না, কারণ আমি দীর্ঘদিন ধরে শুধু খেলছিই তাই নয়, আমি খেলাটাকে উপভোগ করেছি। একটা সময় আসে যখন তোমার শরীর ও মন বলে এবার তোমার থামার সময় এসেছে। তুমি নিজেকে উজাড় করে দিয়েছ। তাই খুশি মনে খেলা ছাড়তে পারো।’‌

২০০৬ জার্মানি বিশ্বকাপে তৃতীয় গোলকিপার হিসেবে দলে ছিলেন ওচোয়া। তবে একমিনিটও খেলার সুযোগ পাননি। ২০০৭ কোপা আমেরিকায় মেক্সিকোর গোলের নীচে খেলা শুরু করে ব্রাজিলের বিরুদ্ধে ২-‌০ গোলের চমকপ্রদ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ২০০৯ গোল্ড কাপ সেমিফাইনালে পেনাল্টি শুট আউটে কোস্টা রিকার বিরুদ্ধে জয় এনে দিয়ে ২০১০ বিশ্বকাপে মেক্সিকোকে তুলেছিলেন ওচোয়া। কিন্তু হঠাৎ ফর্ম পড়ে যাওয়া ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে মেক্সিকোর হয়ে ৪টি ম্যাচই খেলেন গোলকিপার অস্কার পেরেজ। ২০১৪, ২০১৮ ও ২০২২য়ের তিনটি বিশ্বকাপেই ওচোয়া প্রথম ম্যাচ থেকেই মেক্সিকোর গোলে নীচে ছিলেন। তবে ২০২৬ বিশ্বকাপে মেক্সিকো দলে থাকলেও ওচোয়া শুরুতে খেলার সুযোগ পাবেন বলে মনে হয় না। তাঁকে রিজার্ভ বেঞ্চে কাটাতে হতে পারে। মেক্সিকোর হয়ে খেলার সম্ভাবনা রাউল রেঞ্জেলের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *