Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: শিল্ড বয়কটের হুমকি দিয়েছিল মহমেডান কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচে তাদের অফসাইড গোলে হারানো হয়েছে এই অভিযোগ তুলে। আইএফএর কাছে এর বিহিত চেয়েছিল। জানিয়েছিল, সুবিচার না পেলে তারা শিল্ডে অংশ নেবে না। আইএফএ সচিব অনির্বান দত্ত মহমেডানকে শিল্ডে খেলাতে সাদা কালো ব্রিগেডের কর্তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হন। সোমবার নিজের দপ্তরে বিকেলে মহমেডান ফুটবল সচিব বেলাল আমেদের সঙ্গে বৈঠকও সারেন। কিন্তু মহমেডান কর্তার কথামতো সেদিনের ম্যাচে রেফারির ভুলত্রুটি নিয়ে তদন্তের আশ্বাস দিলেও, কলকাতা ফুটবল লিগের মোহনবাগানের সঙ্গে ম্যাচের রিপ্লে দেওয়ার অযৌক্তিক দাবি মানেননি। এতে মহমেডান শিল্ড বয়কটের পথে হাঁটে।

নানাভাবে বুঝিয়েও মহমেডান না খেলার সিদ্ধান্ত থেকে সরে না আসায় আইএফএ সচিব অনির্বান বিকল্প দলকে খেলানোর উদ্যোগ নেন। ইউনাইটেড স্পোর্টস , ভবানীপুরকে শিল্ডে খেলার জন্য প্রস্তাব দিলেও, তারা বর্তমান পরিস্থিতিতে শিল্ডে খেলার জন্য তৈরি না থাকায়, তাদের পাওয়া সম্ভব হয়নি। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল, ৫ দল নিয়েই শিল্ড আয়োজন করতে হবে আইএফএকে। ইস্টবেঙ্গলের গ্রুপে শুধু থাকবে পাঞ্জাব এফসি। শেষপর্যন্ত অবশ্য একটু বেশি রাতের দিকে ক্যালকাটা কাস্টমসকে শিল্ডে খেলতে রাজি করাতে সক্ষম হয় আইএফএ। এতে ইস্টবেঙ্গলের গ্রুপে পাঞ্জাব এফসির সঙ্গে ক্যালকাটা কাস্টমসকে রেখে শিল্ডের নতুন সূচী প্রকাশ করে রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা।

শিল্ড শুরুর কথা ছিল ২২ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল-‌মহমেডান ম্যাচ দিয়ে। তার পরিবর্তে গ্রুপ এ-‌তে শিল্ডের প্রথম ম্যাচে ২৩ সেপ্টেম্বর মোহনবাগান মাঠে মুখোমুখি হবে মোহনবাগান ও শ্রীনিধি ডেকান এফসি। ২৪ সেপ্টেম্বর গ্রুপ বি-‌র প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে ক্যালকাটা কাস্টমসের মোকাবিলা করবে ইস্টবেঙ্গল। ২৬ সেপ্টেম্বর মুখোমুখি শ্রীনিধি ডেকান ও নর্থ ইস্ট ইউনাইটেড। এই ম্যাচের কোনও মাঠের উল্লেখ করা হয়নি সূচীতে। ২৭ সেপ্টেম্বর ক্যালকাটা কাস্টমস ও পাঞ্জাব এফসি ম্যাচের মাঠেরও উল্লেখ নেই। ২৯ সেপ্টেম্বর মোহনবাগান মাঠে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান-‌নর্থ ইস্ট ইউনাইটেড। ৩০ সেপ্টেম্বর গ্রুপ বি-‌র শেষ ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে লড়বে ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি। এই সব ম্যাচ শুরুর সময় দুপুর ৩টে রাখা হয়েছে।

দুটি গ্রুপ থেকে প্রথম দুই স্থানে থাকা চার দল সেমিফাইনালে লড়বে ৪ সেপ্টেম্বর। এই দুই সেমিফাইনালের মাঠ ও সময় এখনও উল্লেখ করা হয়নি সূচীতে। একইসঙ্গে ফাইনালের তারিখ, সময় ও মাঠের উল্লেখ নেই সূচীতে।

মোহনবাগান সুপার জায়ান্টের কাছে শনিবার বারাসত স্টেডিয়ামের কাছে কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের কাছে হেরেছিল মহমেডান ২-‌৩ গোলে। ৩৮ মিনিট ১০ জনে খেলেও ম্যাচ জিতে লিগ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। সেদিন ম্যাচ শেষে মহমেডান কোচ শাহিদ রামন বা কর্তাদর মুখে সেই হার নিয়ে কোনও অজুহাত দিতে বা অভিযোগ করতে দেখা যায়নি। অথচ পরদিন হঠাৎই তাদের মনে হয় বারাসতের মাঠে মোহনবাগান তৃতীয় ও জয়সূচক গোলটা করেছিল অফসাইড থেকে। আইএফএর কাছে তা নিয়ে অভিযোগ জানায় মৌখিকভাবে। বলে, এর প্রতিকার না হলে মহমেডান শিল্ড খেলবে না। মোহনবাগানের সঙ্গে তাদের ম্যাচের রিপ্লে দিতে হবে। আইএফএ চাইলেই মহমেডানের কথাকে কোনও গুরুত্ব দিতে নাই পারত। কিন্তু আইএফএ সচিব অনির্বান দত্ত তা করেননি। বরং মহমেডান কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন। মহমেডানের ম্যাচ রিপ্লের দাবি অযৌক্তিক। রেফারি বা লাইন্সম্যানের ভুল হতেই পারে। কিন্ত তাতে ম্যাচের ফল কোনওকালে বদল হয় না ম্যাচ শেষ হয়ে গেলে। আগে ভার ছিল না, তখন রেফারি-‌লাইন্সম্যানের ভুলের শিকার অনেকবার হয়েছে দল বিশ্বকাপের আসরে। বর্তমানে ভার আসার পরও রেফারি-‌লাইন্সম্যানের সিদ্ধান্ত নিয়ে দলগুলোর অসন্তোষ বিন্দুমাত্র কমেনি, সেটা টের পাওয়া গিয়েছিল ২০২৬ ফিফা বিশ্বকাপে। সেখানে এতো কলকাতা ফুটবল লিগ। ভার প্রয়োগের সুযোগ নেই। কিন্তু তাই বলে রেফারি-‌লাইন্সম্যানরা অযোগ্য বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেন, এমন অভিযোগের আঙুল তোলা সমীচিন নয়। মহমেডানের তাই এই ধরনের অভিযোগ করা বা রিপ্লের আবদার করা ঠিক হয়নি। বরং উচিত ছিল শিল্ডে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করে প্রমাণ করা তারা ট্রফি জেতার যোগ্য।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...