অলস্পোর্ট ডেস্ক: শুরুটা নড়বড়ে হলেও শেষটা কিন্তু নিজেদের নামে লিখেই জামশেদপুর থেকে ফিরছে মোহনবাগান। ম্যাচের একদিন আগেই দীর্ঘ বাসযাত্রা করে জামশেদপুরে পৌঁছেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএল ২০২৩-২৪-এ এখনও একটিও ম্যাচ হারেনি হুয়ান ফেরান্দোর দল। চার ম্যাচে চার জয় নিয়ে এখন লিগ টেবলের মাথায় তারা। এএফসি কাপে শেষ ম্যাচে আটকে যেতে হয়েছিল গঙ্গাপাড়ের দলকে। সেখান থেকে জয়ে ফেরার পাশাপাশি আইএসএল-এ জয়ের ধারা ধরে রাখাও ছিল মোহনবাগানের লক্ষ্য। আর সেই লক্ষ্যে সফল সবুজ-মেরুন ব্রিগেড। বুধবার আইএসএল-এর অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। এদিন ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় তারা।
যদিও ম্যাচ শুরুর ৬ মিনিটের মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল মোহনবাগান। বিশাল কাইথের ভুলেই গোল হজম করতে হয়। জামশেদপুরের হয়ে গোলের খাতা খোলেন মহম্মদ সানান। তবে বেশিক্ষণ সেই ব্যবধান ধরে রাখতে পারেনি হোম টিম। । ২৯ মিনিটে মোহনবাগানের হয়ে ব্যবধান কমান সাদিকু। মনবীরের ক্রস থেকে দলকে ভরসা দেন তিনি।
প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়। কিন্তু দ্বিতীযার্ধের শুরুতেই মোহনবাগানকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। ৪৮ মিনিটে লিস্টনের গোলের পর ২-১-এ এগিয়ে গিয়ে অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পান মোহনবাগান ফুটবলাররা। ৮০ মিনিটে মোহনবাগানের হয়ে ৩-১ করেন কিয়ান নাসিরি। ম্যাচ শেষের কিছু আগে পেনাল্টি পেয়ে যায় জামশেদপুর। গোল করতে ভুল করেননি আম্বরি। তবে আর ব্যবধান কমাতে পারেনি তারা।
আপাতত মোহনবাগানের আর আইএসএল ম্যাচ নেই। তবে এএফসি কাপের ম্যাচ রয়েছে। তার আগে জাতীয় দলের খেলার জন্য প্লেয়ারদের ছাড়তে হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
