Cart Total Items (0)

Cart

All Sports India

সুচরিতা সেন চৌধুরী: একরাশ প্রত্যাশা। এক কথায় প্রত্যাশার পাহাড় রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে ঘিরে। লিগের শেষ ম্যাচে যেভাবে দলকে সমর্থন করতে যুবভারতী ক্রিড়াঙ্গনের গ্যালারি ভরিয়েছিলেন সবুজ-মেরুন সমর্থকরা তার পর আইএসএল ২০২৩-২৪ সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে যে একই দৃশ্য দেখা যাবে তা নিয়ে কোনও সংশয় নেই। টিকিটের চাহিদা তুঙ্গে। তার মধ্যেই শেষবেলার অনুশীলনের আগে তরোয়ালে শান দিয়ে নিচ্ছেন হেড কোচ হাবাস। বলেই দিচ্ছেন, ‘‘এই ম্যাচ আমাদের কাছে সেমিফাইনাল নয়, ফাইনাল।’’ কোচের কথার রেশ ধরে মনবীর সিংও একই কথা বলছেন, ‘‘আমাদের কাছে এই ম্যাচ ফাইনাল।’’

আইএসএল ২০২৩-২৪-এর সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ওড়িশার ঘরের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও হারতে হয় মোহনবাগানকে। ১-০ গোলে এগিয়ে গিয়ে ১-২ গোলে হেরেই দ্বিতীয় লেগে ঘরের মাঠে নামছে মোহনবাগান। জোড়া চাপ নিয়েই রবিবারের সন্ধেয় যুবভারতীতে ওড়িশার বিরুদ্ধে নামবে হাবাস ব্রিগেড। তার আগে নিজেদের তাতাচ্ছে গোটা দল।

জোড়া চাপের প্রথমটা অবশ্যই প্রথম লেগের ম্যাচে হেরে থেকে দ্বিতীয় লেগে নামা। ফাইনালে যেতে হলে এই এক গোলের ব্যবধান মিটিয়ে তবে জয়ে ফিরতে হবে। তাই মোহনবাগান যদি ১-০ গোলে যিতে ৯০ মিনিট শেষ করে তাহলে এই ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। তার পরও ফল না হলে টাইব্রেকারে। এটা একটা বড় চাপ মোহনবাগানের সামনে।

জোড়া চাপের দ্বিতীয়টা অবশ্যই ঘরের মাঠ। এমনিতে দেখতে গেলে ঘরের মাঠে হোম টিমের অ্যাডভান্টেজই ধরে নেওয়া হয়। কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে যেমন অ্যাডভান্টেজ তেমনই প্রত্যাশার চাপও থাকবে। ৬৫ হাজারের ভর্তি গ্যালারি যখন এক সঙ্গে মোহনবাগানের জন্য চিৎকার করবে তখন যেমন ফুটবলাররা আত্মবিশ্বাস পাবে তেমনই সমর্থকদের প্রত্যাশা পূরণের চাপও থাকবে। তবে এই সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়েই ৯০ মিনিটে ম্যাচ শেষ করতে চাইবে মোহনবাগান।

প্রথম লেগের ম্যাচে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল সাদিকুকে। যে কারণে ফিরতি লেগের ম্যাচে তাঁকে পাচ্ছে না দল। অন্যদিকে ওড়িশা কার্ডের জন্য পাবে না দেলগাডোকে। দুই দলের দুই মূল স্তম্ভকে ছাড়াই দল সাজাচ্ছেন দুই কোচ।

শনিবার মনবীর সিংকে সৱঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন হাবাস। সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেছিলেন মনবীরই। যদিও দলকে জেতাতে পারেননি। তার পর দিনই মুম্বই সিটি এফসি দেখিয়ে দিয়েছে কী ভাবে শেষ মুহূর্তেও ঘুরে দাঁড়ানো যায়। ২-০ গোলে পিছিয়ে থাকা দলটা অতিরিক্ত সময়ে ৩-২ গোলে ম্যাচ জিতে নিয়ে অনন্য এক নজির রেখেছে ঠিকই। কিন্তু সেটা যে অস্বাভাবিক বিষয় তা পরিষ্কার বলছেন হাবাস।

তিনি বলেন, ‘‘ওটা কখনও পরিকল্পনা করে হয় না। ওটা একটা অস্বাভাবিক বিষয়। সেই প্ল্যান করে খেলতে নামা যায় না।’’ একই কথা বলছেন মনবীরও। তিনি বলেন, ‘‘আমরা শেষ পর্যন্ত লড়াই দেওয়ার মানসিকতা নিয়েই খেলতে নামি। কখনও সেটায় জয় আসে , কখনও হার। এটা ফুটবলের অঙ্গ। তবে এবারও আমরা সেই লড়াইয়ের লক্ষ্যেই নামব। ওদের দলে অনেক ভাল প্লেয়ার রয়েছে। আমাদের দলও তৈরি।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *