অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল মোহনবাগান সুপার জায়ান্ট। বিদেশি ফুটবলারের সংখ্যা নিয়ে প্রতিবাদ জানিয়ে।
কয়েকমাস আগে মানোলো মারকোয়েজের কোচিংকালে ভারতীয় দল যখন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে খারাপ ফল করছিল, তখন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে প্রচারমাধ্যমকে ফেডারেশন সভাপতি কল্যান চৌবে বলেছিলেন, ভারতীয় ফুটবলের স্বার্থে বেশি করে ভারতীয় ফুটবলারদের খেলার সুযোগ করে দিতে আইএসএল সহ ঘরোয়া অন্যান্য টুর্নামেন্টে বিদেশি ফুটবলারের সংখ্যা কমানোর ওপর জোর দেওয়া হবে। কিন্তু কল্যান মুখে একরকম বলে এখন অন্য পথে হাঁটছেন।
মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্টের তরফ থেকে জানা গেছে, এআইএফএফ ক্লাবগুলো জানিয়েছে এবারের সুপার কাপে ৬ জন বিদেশিকেই খেলানো যাবে। অর্থাৎ প্রথম একাদশেই ৬ বিদেশিকে রাখা যাবে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পাল্টা চিঠি দিয়েছে বাগান টিম ম্যানেজমেন্ট।
তারা ফেডারেশন সভাপতিকে লিখেছে, বিদেশির সংখ্যা কমানোর কথা বলেও সুপার কাপে ৬ জন বিদেশি ফুটবলার খেলানো যাবে, এই বক্তব্যকে মোহনবাগান এসজি সমর্থন করে না। ফেডারেশনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে। এতে ভারতীয় ফুটবলারদের প্রথম একাদশে খেলার সুযোগ কমে যাবে। তাই সুপার কাপে ৬ বিদেশির নাম নথিভুক্ত করে স্কোয়াডে রাখা যেতে পারে, কিন্তু তার মধ্যে ৪ জনের বেশি কখনও একসঙ্গে মাঠে থাকতে পারবে না, এই সিদ্ধান্ত নিক ফেডারেশন। এতে ভারতীয় ফুটবলাররা উঠে আসার সুযোগ পাবে, ভারতীয় ফুটবল বেশি করে উপকৃত হবে।
ফেডারেশনের অন্দর মহলের খবর সুপার কাপ শুরু হতে পারে মোহনবাগান এসজির ম্যচ দিয়ে ২৫ অক্টোবর। যেহেতু গ্রুপ পর্যায়ে মোহনবাগানকে ৩টি ম্যাচ খেলতে হবে, বাগানের ম্যাচ পড়তে পারে ২৫, ২৮ ও ৩১ অক্টোবর। ২৫ অক্টোবর গ্রুপ লিগের ম্যাচ শুরু হয়ে শেষ হওয়ার সম্ভাবনা ৬ নভেম্বর। তারপর ভারতীয় ফুটবল দলের ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে ১৮ নভেম্বর অনুষ্ঠেয় এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতি শিবির ও ম্যাচের জন্য সুপার কাপ সাময়িক বন্ধ থাকবে। ওই ম্যাচের পর সুপার কাপের সেমিফাইনাল ও ফাইনাল হবে এমনই আভাস মিলেছে ফেডারেশনের থেকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
