Cart Total Items (0)

Cart

All Sports
মোহনবাগান সুপার জায়ান্ট

অলস্পোর্ট ডেস্ক:‌ ডুরান্ড কাপে অংশগ্রহণ নিয়ে সংগঠক কমিটি সেনাবাহিনী কর্তৃপক্ষের কাছে ৪টি শর্ত দিয়ে চিঠি লিখেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেই শর্তের সবকটাই ডুরান্ড কমিটি মেনে নেওয়ায় সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিল, তারা খেলছে টুর্নামেন্টে। একইসঙ্গে এআইএফএফকে চিঠি দিয়ে বিদেশিহীন ডুরান্ড করার আবেদনও রাখল মোহনবাগান সুপার জায়ান্ট।

ডুরান্ডে মোহনবাগানের খেলা নিয়ে একটা জট পাকিয়েছিল। সেটা আরও জেরালো হয় মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ ৪টি শর্ত সেনাবাহিনী কর্তৃপক্ষের সামনে রেখে তা পূরণের দাবি জানানোয় । তার মধ্যে অন্যতম ছিল বাগানের চাহিদা মতো টিকিটের ব্যবস্থা করা। ডুরান্ড খেলার জন্য অনুশীলনের মাঠ দেওয়া। মোহনবাগান যুবভারতীর ট্রেণিং গ্রাউন্ডে অনুশীলন করে বরাবর। ডুরান্ড কমিটি হঠাৎই সেই মাঠের দখল নিলে মোহনবাগান যুব দলকে অনুশীলন করতে যেতে হচ্ছিল দূরে রাজারহাট সেন্টার অফ এক্সলেন্সের মাঠে। এছাড়া গ্রুপ লিগের সূচীতে এক গ্রুপে ইস্টবেঙ্গলকে রেখে শুরুতেই ডার্বি খেলানোর পরিকল্পনাতেও আপত্তি জানিয়েছিল। আর মোহনবাগান সুপার জায়ান্টের তরফে এই শর্তও রাখা হয়, ফুটবল টিম বা টুর্নামেন্ট সংক্রান্ত কোনও আলোচনা করার ক্ষেত্রে সেটা যেন সুপার জায়ান্ট কর্তৃপক্ষকে অগ্রাধিকার দেওয়া হয়, শুধুমাত্র মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে নয়। এর সঙ্গে টুর্নামেন্ট সংক্রান্ত কিছু শর্ত ছিল প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিয়েও। সেনাবাহিনী তাদের এই শর্তগুলো না মানলে বা চিঠির কোনও উত্তর না দিলে ডুরান্ড খেলবে না বলে মোহনবাগান বেঁকে বসায়, বেশ সমস্যায় পড়েছিল ডুরান্ড কমিটি। কারণ মোহনবাগান সুপার জায়ান্টের সম্মতি ছাড়াই তারা ডুরান্ড সূচীতে সবুজ মেরুনকে রেখেছিল।

সেই চিন্তা দূর হল ডুরান্ড কমিটির। আয়োজক সেনাবাহিনীর তরফে মোহনবাগানের সব শর্ত মেনে নিয়ে চিঠির উত্তর দেওয়ায়। সবচেয়ে বড় কথা, মোহনবাগানকে অনুশীলন ও ডুরান্ড প্রস্তুতির জন্য যুবভারতীর ট্রেণিং গ্রাউন্ড ফিরিয়ে দিয়েছে সেনাবাহিনী কর্তৃপক্ষ। আর মোহনবাগানের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে অনুশীলন করতে হবে না। সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট সেনাবাহিনীর এই সহযোগিতামূলক আচরণে সন্তুষ্ট হয়ে ডুরান্ডে খেলার সম্মতি জানিয়েছে।

এর পাশাপাশি মোহনবাগান সুপার জায়েন্ট একটি চিঠি দিয়েছে এআইএফএফকে । তাতে মোহনবাগান সুপার জায়ান্টের সিইও বিনয় চোপরা ফেডারেশন সভাপতি কল্যান চৌবেকে লিখেছেন, আইলিগ ও আইএসএল বিদেশি কমানোর যে চিন্তা ভাবনা করছে ফেডারেশন, সেটাকে স্বাগত জানাচ্ছেন তাঁরা। এমন একটা শুভ ভাবনার সূচনা হোক ডুরান্ড কাপ থেকেই। ডুরান্ডের টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলি যাতে বিদেশি ছাড়াই খেলে, এব্যাপারে উদ্যোগ নিক ফেডারেশন। এতে দেশের ফুটবলাররা নিজেদের দক্ষতা ও প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে বেশি করে। দেশের এক নম্বর ক্লাব হিসেবে তারা বিদেশি ছাড়া ডুরান্ডে খেলতে তৈরি।

মোহনবাগান সুপার জায়ান্টের এই প্রস্তাব ভাল। কিন্তু মোহনবাগান তৈরি থাকলেও, টুর্নামেন্ট শুরুর ১২ দিন আগে অংশগ্রহণকারী দলগুলির অধিকাংশ এই প্রস্তাবে কতটা সাড়া দেবে, বা মানবে, বলা কঠিন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *