অলস্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবল ফেডারেশন সুপার কাপের জন্য ২৫ অক্টোবর থেকে ২২ নভেম্বর সময় ধার্য করেছিল আগেই। এবার তারা গ্রুপ বিন্যাসের সঙ্গে সঙ্গে গ্রুপ লিগ পর্বের সূচীও প্রকাশ করল। সেই গ্রুপ বিন্যাস অনুযায়ী গ্রুপ এ-তে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। সঙ্গে চেন্নাইন এফসি ও রিয়েল কাশ্মীর। এর অর্থ গ্রুপ পর্বেই ৩১ অক্টোবর গোয়ার মাঠে কলকাতার দলের জমজমাট ডার্বিতে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সুপার কাপের ম্যাচগুলি হবে মারগাঁওয়ের ফতোরদা নেহরু স্টেডিয়াম আর ব্যাম্বোলিম স্টেডিয়ামে ভাগ করে।
ড্রয়ের মাধ্যমে করা ১৬ দলের গ্রুপ বিন্যাস ঠিক করা হয়। তাতে গ্রুপ বি-তে পড়ল এফসি গোয়া, জামশেদপুর, নর্থ ইস্ট ইউনাইটেড, ইন্টার কাশী। সি গ্রুপের দল বেঙ্গালুরু এফসি, মহমেডান এফসি, পাঞ্জাব এফসি, গোকুলাম কেরালা। ডি গ্রুপের দল মুম্বই সিটি, কেরালা ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি, রাজস্থান ইউনাইটেড।
সুপার কাপের প্রথম দিনই মোহনবাগান ও ইস্টবেঙ্গলের খেলা থাকছে। ২৫ অক্টোবর মোহবাগানের প্রতিপক্ষ চেন্নাইন এফসি, ইস্টবেঙ্গল খেলবে রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে। ২৮ অক্টোবর ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে চেন্নাইন এফসি , মোহনবাগান মোকাবিলা করবে রিয়েল কাশ্মীরের। মেগা ডার্বি ৩১ অক্টোবর।
মহমেডানের প্রতিপক্ষ বেঙ্গালুরু(৩০ অক্টোবর), পাঞ্জাব এফসি( ২ নভেম্বর), গোকুলাম এফসি ( ৫ নভেম্বর)।
গ্রুপ পর্বের খেলা ৬ নভেম্বর শেষ করবে ফেডারেশন। তার বড় কারণ ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল ঢাকার মাঠে। তাই ৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত জাতীয় শিবির ও ভারতীয় দলের ম্যাচের জন্য সাময়িক বন্ধ থাকবে সুপার কাপ। তারপর হবে সুপার কাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। প্রতিটি গ্রুপ থেকে শুধুমাত্র শীর্ষস্থানাধিকারী দলই সেমিফাইনালে যাবে। এর অর্থ গ্রুপ লিগ পর্বের ডার্বিতে ছাড়া আর বাকি টুর্নামেন্টে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের দেখা হওয়ার সুযোগ থাকল না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
