Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: পরিবর্তিত, বলতে গেলে জরুরি পরিস্থিতিতে আইএসএল ম্যাচ সরাসরি টিভিতে সম্প্রচারের জন্য দূরদর্শনের সঙ্গেই সম্ভবত গাঁটছড়া বাঁধতে চলেছে এআইএফএফ-‌আইএসএল যৌথ কমিটি। চুড়ান্ত ঘোষণা হওয়া শুধু সময়ের অপেক্ষা। তবে অন্য কোনও ব্রডকাস্টিং পার্টনার এর মাঝে আগ্রহ দেখালে, তাদের সঙ্গে চুক্তি করতে আপত্তি নেই এআইএফএফের। তবে কাউকে না পেলে, হাতের পাঁচ দূরদর্শনের সঙ্গে কথা তো বলাই রইল।

১৪ দলের ১৩ টি করে ম্যাচ খেলবে সুইশ মডেল সিস্টেমে। ৯১ টি ম্যাচ দূরদর্শন স্পোর্টস চ্যানেলে দেখা যাবে। ১৯৯৬-‌৯৭ মরশুমে জাতীয় লিগ শুরুর বছরে ম্যাচ সম্প্রচারের দায়িত্ব ছিল স্টার স্পোর্টস। পরের মরশুমেও তারাই সম্প্রচারের দায়িত্বে ছিল। ১৯৯৮-‌৯৯ মরশুম থেকে জাতীয় লিগ সম্প্রচারের দায়িত্ব পেয়েছিল দূরদর্শন। ২০০৭ সাল থেকে আইলিগের সম্প্রচারের ভার নেয় জি নেটওয়ার্ক। আবার প্রায় ২০ বছর পর ভারতীয় ফুটবল সম্প্রচারের দায়িত্ব দূরদর্শনের পাওয়ার সম্ভাবনা প্রবল আইএসএলের মঞ্চে ফিরে।

কোন ক্লাব কটা করে হোম আর অ্যাওয়ে ম্যাচ খেলবে, সেটা ঠিক হবে লটারির মাধ্যমে। সেটা হলে ক্লাবগুলোকে তাদের ম্যাচের সূচী জানানো হবে। গোটা লিগ পরিচালনার ভার এতদিন যা ছিল এফএসডিএলের হাতে, তা এখন থেকে চলে গেল এআইএফএফের কাছে। অপারেশনাল দিকটা এআইএফএফ দেখবে। ক্লাবগুলোরও এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকছে। হোম ম্যাচ যে ক্লাবের থাকবে, তাদের সেই আয়োজনের পুরো দায়িত্ব ও খরচ বহন করতে হবে।

লংটার্ম সমাধানের পথ হিসেবে এরপর অর্থাৎ ২০২৫-‌২৬ বা পরের ২০ বছরের আইএসএলের সঙ্গে এফএসডিএল যদি জড়িত হয়ও, তাদের হাতে অপারেনাল পার্টটা থাকবে না। তারা শুধু বানিজ্যিক সহযোগী হিসেবে যুক্ত থাকতে পারে। অনেকটা স্পনসরের ভূমিকায়। এতদিন এআইএফএফকে ঠুঁটো জগন্নাথ করে রেখে যে একতরফা খবরদারি গত ১০বছর ধরে তারা চালিয়ে এসেছে, তা সুপ্রিম কোর্টের দেওয়া নতুন সংশোধিত সংবিধানের কারণে লোপ পেয়েছে। সুপ্রিম কোর্টে সাফ নির্দেশ, দেশের সর্বোচ্ছ লিগ পরিচালনার ভার থাকবে শুধুমাত্র এআইএফএফের হাতে। সহযোগীর ভূমিকা নিতে পারে কমার্শিয়াল পার্টনার। এটা নিয়োই যাবতীয় সমস্যা বাধে। আর তার জন্যই আইএসএল শুরু এতদিন থমকে ছিল।

‌অংশগ্রহণকারী ক্লাব, এআইএএফ সভাপতি কল্যান চৌবে, অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীদের সঙ্গে বৈঠকের পর ১৪ ফেব্রুয়ারি থেকে ১৪টি ক্লাব নিয়ে আইএসএল শুরুর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য। ফেডারেশন সভাপতি কল্যান চৌবে আইএসএল ও আইলিগ আয়োজনের বাজেটের কথা প্রচারমাধ্যমের কাছে তুলে ধরার সঙ্গে সঙ্গে জানান, এই দুই লিগ চালাতে বানিজ্যিক ও ব্রডকাস্টিং পার্টনার চুড়ান্ত করার কাজটাও দ্রুত সেরে ফেলা হবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ও কল্যান দু’‌জনেই আভাস দিয়েছিলেন, কমার্শিয়াল ও ব্রডকাস্টিং পার্টনার ঠিক করা হবে দ্রুত। যেমন বলা, তেমন কাজ। আইএসএল ম্যাচ সম্প্রচারের জন্য দূরদর্শনের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে ফেলেছেন তাঁরা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *