অলস্পোর্ট ডেস্ক: ব্রাজিলিয়ান বিশ্বকাপার নেইমার জুনিয়র আরও একবছরের জন্য তাঁর ছেলেবেলার ক্লাব স্যান্টোসে থেকে গেলেন নতুন চুক্তিতে সই করে। গত বছর জানুয়ারি স্যান্টোসে ফিরে এসেছিলেন ব্রাজিলিয়ান তারকা আল হিলালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। চোটে জর্জরিত হয়ে সৌদি আরবের ক্লাবের হয়ে নিজের সেরা দিতে ব্যর্থ হন তিনি। ঘরে ফিরে স্যান্টোসের জার্সিতে নিজেকে মেলে ধরেন নেইমার অন্যভাবে। চোট ও ফিটনেস সমস্যা নিয়েও স্যান্টোসের জার্সিতে মাঠে নেমে দেশের টপ ডিভিশন লিগের অবনমনের হাত থেকে ক্লাবকে বাঁচান।
হাঁটুর গুরুতর সমস্যায় ভুগছিলেন নেইমার। সেই যন্ত্রণা সহ্য করেও প্রতি ম্যাচে মাঠে নেমেছিলেন। সবচেয়ে বড় কথা, সমস্যা নিয়েও শেষ ৪ ম্যাচে ৫ গোল করে স্যান্টোসের অবনমন বাঁচিয়ে দেন। নেইমারের এই আন্তরিকতাই স্যান্টোসের কর্তাদের আস্থা অর্জনের পক্ষে যথেষ্ট ছিল। স্যান্টোসে এসে নেইমার তাঁর পুরোন ছন্দ ও দক্ষতা ফিরে পেয়েছেন।
এর আগে খবর রটেছিল, নেইমার ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন। লিওনেল মেসি ও লুই সুয়ারেজ সঙ্গে খেলার সম্ভাবনা অবশ্য আর রইল না, ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত স্যান্টোসের সঙ্গে চুক্তি সেরে ফেলায়। বরং ১৩ বছর পর স্যান্টোসের ফরোয়ার্ড লাইনে আবার ৩৩ বছরের নেইমারের পাশে একসঙ্গে খেলতে দেখা যাবে ২৯ বছরের গ্যাব্রিয়েল বারবোসাকে। এই দুই ফুটবলার স্যান্টোসেই নিজেরে পেশাদার ফুটবল জীবন শুরু করেছিলেন। নেইমারের পাশাপাশি গ্যাব্রিয়েলের সঙ্গে চুক্তিও সেরেছে স্যান্টোস।
সম্প্রতি নেইমারের হাঁটুতে সফল আর্থোস্কোপি হয়েছে। তারপরই নেইমার জোর গলায় বলেছেন, তিনি ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সি হয়ে সেরা দিতে মুখিয়ে থাকবেন। স্যান্টোস জানিয়েছে, নেইমারের অস্ত্রোপচার করেছেন ব্রাজিল জাতীয় দলের ডাক্তার রডড্রিগো লাসমার। স্যান্টোস যদিও বলেনি কবে থেকে অনুশীলন শুরু করতে পারবেন নেইমার, তবে ব্রাজিল প্রচারমাধ্যমের শক্তিশালী স্তম্ভ ও গ্লোবো স্পোর্টস দাবি করেছে, একমাসের মধ্যে নেইমার মাঠে ফিরবেন। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লোস আনসেলোত্তি সাফ জানিয়েছেন, চুড়ান্ত দল গঠনের আগে নেইমার নিজেকে ফিট প্রমাণ করতে না পারলে, বিশ্বকাপের দলে তাঁর জায়গা হবে না। নেইমার অবশ্য আশা ছাড়ছেন না। বরং ২০২৬য়ে মেসি ও রোনাল্ডোদের সঙ্গে বিশ্বকাপের লড়াইয়ে নেমে ট্রফি ব্রাজিলে আনতে মরিয়া তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
