অলস্পোর্ট ডেস্ক: একটা আভাস আগেই ছিল। মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি নিজেদের গ্রুপের খেলা শীর্ষে থেকে শেষ না করলেও, আইএফএ শিল্ডের ডার্বি সেমিফাইনাল পর্যায়ে হবে না। কলকাতা ডার্বি যদি একান্তই হয়, তবে তা ফাইনালেই হবে, দু’দল সেমিফাইনালে পরস্পরের প্রতিপক্ষকে হারাতে পারলে। আর সেটাই ঘটতে চলেছে শিল্ডে।
মঙ্গলবার নিজেদের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে ১-১ করে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে মোহনবাগান সুপার জায়ান্ট নিজেদের গ্রুপের শীর্ষে জায়গা করে নিয়েছিল। গ্রুপে দ্বিতীয় হয় নর্থ ইস্ট। দু’দলই গ্রুপের খেলা শেষ হওয়ার পর অপেক্ষায় ছিল অন্য গ্রুপের শেষ ম্যাচের ফল কী হয় তা জানতে।
বুধবার নিজেদের মাঠে পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল গোল পার্থক্যে পিছিয়ে থেকে পয়েন্ট সমান থাকলেও। তাই গ্রুপ শীর্ষে পৌঁছতে ম্যাচটা লাল হলুদের জিততেই হত। কারণ গ্রুপে দ্বিতীয় হলে শিল্ড সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের মুখে পড়ার প্রবল সম্ভাবনা ছিল। সাধারনত সেমিফাইনাল সূচী তো এমনই হয়। এক গ্রুপের শীর্ষে থাকা দল অন্য গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে সেমিফাইনাল খেলে। তাই ইস্টবেঙ্গল যখন নিজেদের মাঠে বুধবার পাঞ্জাব এফসির কাছে ৪১ মিনিটে করা দিয়েগো র্যাপোসোর গোলে হেরে গ্রুপে দ্বিতীয় হয়, তখন অনেকের মনেই প্রশ্ন জেগেছিল শিল্ড সেমিফাইনালে ইস্টবঙ্গল ও মোহনবাগানের মধ্যে দেখা হয়ে যাবে না তো?
তবে আইএফএ সে পথে হাঁটেনি। তারা ১ নম্বর গ্রুপের প্রথম স্থানাধিকারী মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ২ নম্বর গ্রুপের শীর্ষে থাকা দল পাঞ্জাব এফসির প্রথম সেমিফাইনাল রেখেছে শিল্ডে ৪ অক্টোবর, রবিবার, বিকেল ৫টায় কিশোরভারতী ক্রীড়াঙ্গনে। আর শিল্ডের দ্বিতীয় সেমিফাইনালে ৫ অক্টোবর, বিকেল ৫টায় কিশোরভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ১ নম্বর গ্রুপের দ্বিতীয় স্থান পাওয়া দল নর্থ ইস্ট ইউনাইটেড ও ২ নম্বর গ্রুপের দ্বিতীয় হওয়া দল ইস্টবেঙ্গল।
বুধবার শিল্ডের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে কোচের চেয়ারে ফিরেছিলেন ইস্টবেঙ্গলের চিফ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। নামিয়েছিলেন প্রথম সারির ফুটবলারদের। সঙ্গে দুই বিদেশি দিয়েগো জিবুলিচ ও ক্রিস ইকোনোমিডিসকে রেখে। কিন্তু পুরো শক্তির দল নিয়ে খেলেও পাঞ্জাব এফসির বিরুদ্ধে জয় পাননি হাবাস। এখন দেখার ইস্টবেঙ্গল কোচ সেমিফাইনালে নর্থ ইস্টের বিরুদ্ধে জিততে দলে বা কৌশলে কোনও বদল আনেন কিনা?
মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষেও পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচটা মোটেই সহজ হবে না। যদিও ইস্টবেঙ্গল ম্যাচের শেষদিকে লাল কার্ড দেখায় মোহনবাগানের বিরুদ্ধে নেই পাঞ্জাবের অধিনায়ক নিখিল প্রভু, তবু দলের বাকিরা যে ফুটবল ইস্টবেঙ্গল ম্যাচে খেলেছে, তা ধরে রাখলে বাগান কোচ পানোস ও সবুজ মেরুন ফুটবলারদের ম্যাচ জিততে রীতিমতো ঘাম ঝরাতে হবে। বিশেষ করে মোহনবাগান রক্ষণে এখনও জমাট ভাবটা আসেনি ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে বড় ব্যবধানে হারের পর। কলকাতা লিগের ডার্বিতে গোল হজম করে বাগান রক্ষণ। এরপর সুপার সিক্সের ম্যাচে মহমেডানের বিরুদ্ধে ২ গোল হজম করে লিগ খেতাব প্রায় হাতছাড়া করে ফেলেছিল। অফসাইড গোলে জয় তাদের মুখ রক্ষা করে শেষপর্যন্ত। শিল্ডের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে কোনও গোল না খেলেও নর্থ ইস্ট ম্যাচে গোলে বল ঢোকা তো আটকাতে পারেননি বাগান ডিফেন্ডাররা। এটাই চিন্তায় রাখছে বাগান সমর্থকদের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
