Cart Total Items (0)

Cart

All Sports
গিল ব্রাদার্স

অলস্পোর্ট ডেস্ক: প্রভসুখন গিল যে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন তা নিয়ে কোনও সংশয় নেই। গত কয়েকদিন ধরেই তাঁর নাম নিয়ে আলোচনা চলছে। তবে ক্লাবের পক্ষ থেকে এখনও কোনও ঘোষণা করা হয়‌নি। তাও তাঁর আসা ‌নিয়ে আর কোনও সংশয় নেই। সঙ্গে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন প্রভসুখনের ভাই গুরসিমরাত সিং গিলও। এক কথায় গিল ব্রাদার্স ভরসা দিতে আসছে ইস্টবেঙ্গলকে।

প্রভসুখন গত মরসুমে খেলেছিলেন কেরালা ব্লাস্টার্সে। সেখান থেকে তাঁকে দলে নিতে ট্রান্সফার ফি হিসেবে ইস্টবেঙ্গল দিচ্ছে ১.২ কোটি টাকা। জানা যাচ্ছে সোমবারই শহরে চলে আসবেন দুই ফুটবলার। আরও এক সূত্রের খবর মঙ্গলবার শহরে পৌঁছবেন গিল ব্রাদার্স। মেডিক্যালের জন্যই তড়িঘড়ি হয়তো আনা হচ্ছে তাঁদের। সামনেই রয়েছে ডুরান্ড কাপ। তার আগে দলকে একত্রিত করতে চাইবেন কোচ।

অন্যদিকে গুরসিমরাত সিং গত মরসুমে ছিলেন মুম্বই সিটিতে। খেলেছেন মাত্র একটি ম্যাচ। তিনি বিশেষত খেলেন সেন্টার ব্যাক পজিশনে। ২০২১-২২ মরসুমে ছিলেন মোহনবাগানেও। এছাড়া বেঙ্গালুরু, নর্থ-ইস্টের মতো দলেও তিনি ছিলেন বিভিন্ন মরসুমে। তবে খেলার সুযোগ কমই পেয়েছেন। এবার ইস্টবেঙ্গলের জার্সিতে সেই সুযোগ কাজে লাগাতে পারেন কিনা সেটাই দেখার। জানা গিয়েছে তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি সেরেছে ক্লাব।

এদিকে, রবিবারই শহরে চলে এসেছেন ইস্টবেঙ্গলের তিন ফুটবলার। রাকিপ, মোবা ও লালচুংগুঙ্গা। সোমবার গিল বাদার্সের আসা নিশ্চিত না হলেও শহরে চলে আসছেন খাবরা, মন্দার ও এডউইন। এদিকে জানা যাচ্ছে ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তি হয়ে গিয়েছে প্রভসুখনের।  এবং তিনিই হতে চলেছেন দেশের সর্বোচ্চ মূল্যের গোলকিপার। গত মরসুমে কেরলের হয়ে ১৯টি ম্যাচ খেলেছেন তিনি। চারটি ম্যাচে কোনও গোল হজম করেননি।

আগামী সপ্তাহেই প্রি-সিজন শুরু করে দেবে ইস্টবেঙ্গল। আপাতত দায়িত্বে থাকবেন সহকারি কোচ বিনো জর্জ। তিনি চাইবেন কুয়াদ্রাতের হাতে কিছুটা সেট টিম তুলে দিতে। তার হাত ধরে হারানো গৌরব ফিরে পাবে কিনা ক্লাব সেটাই দেখার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *