Cart Total Items (0)

Cart

All Sports
সাহাল আব্দুল সামাদ

অলস্পোর্ট ডেস্ক: তাঁকে এক কথায় বলা যেতে পারে ভারতীয় ফুটবলের পোস্টার বয়। সেই সাহাল আব্দুল সামাদ-কে নিয়ে জল্পনার অবসার ঘটল শুক্রবার দুপুরে। নিশ্চিত হয়ে গেলেও অফিশিয়াল নিশ্চয়তা পেতে বেশ খানিকটা সময় লেগে গেল। এদিন সাহাল আব্দুল সামাদের নাম ঘোষণা করে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। শুক্রবার সকালেই চুক্তিপত্রে সই করলেন তিনি। আপাতত কেরলের এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি মোহনবাগানের। অন্যদিকে প্রীতম কোটালকে শেষ পর্যন্ত ছেড়ে দিল মোহনবাগান। একটা সময় পর্যন্ত সবুজ-মেরুনের ঘরের ছেলে থাকলেও এই মরসুমে তিনি কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলবেন।

সাহাল আব্দুল সামাদকে নিয়ে এই মুহূর্তে ভারতীয় ফুটবল উচ্ছ্বসিত।তিনি মূলত প্লে মেকার। খেলতে পারেন অ্যাটাকিং মিডিও ছাড়াও উইঙ্গার হিসেবেও। গোল করার দক্ষতাও রয়েছে। দু’বার সাফ কাপ জয়ী ভারতীয় ফুটবল দলের অন্যতম সদস্য তিনি। গোল রয়েছে আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি ক্লাব ফুটবলেও। খেলেছেন সংযুক্ত আরব আমিরশাহীর আল এতিহাদ ক্লাবে। ভারতে এসে যোগ দেন কেরালা ব্লাস্টার্সে। এই দলের হয়ে খেলেছেন ৯২টি ম্যাচ। রয়েছে ১০ গোল। ভারতীয় দলের জার্সিতে খেলেছেন ৩০টি ম্যাচ, করেছেন তিনটি গোল। এই বছর প্রথম থেকেই কলকাতার ক্লাবের নজরে ছিলেন তিনি। শেষ পর্যন্ত ফুটবলের শহরে খেলতে আসছেন সামাদ।

মোহনবাগানের সঙ্গে চুক্তি হওয়ার পর সামাদ পবলেন, ‘‘মোহনবাগান জার্সি পরে খেলব এটা ভেবেই গর্ব বোধ করছি। সতীর্থদের কাছে শুনেছি এই জার্সি পরার পর অন্যরকম আবেগ কাজ করে। আমার একমাত্র নেশা হচ্ছে ফুটবল ম্যাচ দেখা। সময় পেলেই বিশ্বের সব সেরা লিগ দেখার চেষ্টা করি। সে কারণে জানি ডার্বির সময় স্টেডিয়ামের অবস্থা কেমন হয়। কখনও ডার্বি গ্যালারিতে বসে দেখিনি। এবার সেই ম্যাচ আমি খেলব সবুজ-মেরুন জার্সিতে, সেটা ভেবেই দারুণ লাগছে।’’

সামাদের মন্ত্র ‘উইন, উইন, উইন’। আর ডার্বিতেও সেটাই ধরে রাখতে চান তিনি। তিনি বলেন, ‘‘দু’দিন আগেই বিয়ে করেছি। আমার স্ত্রী রেজাও নামী ব্যাডমিন্টন প্লেয়ার। আমার বিয়ের সেরা উপহার মোহনবাগানের সঙ্গে চুক্তি। মোহনবাগান এবার দেশের সেরা দল গড়েছে। বিশ্বকাপার, ইউরো কাপ খেলা ফুটবলার রয়েছে। জাতীয় দলের সেরা পাঁচ, ছয়জন ফুটবলার রয়েছে।’’ সবুজ-মেরুন জার্সিতে আইএসএল ট্রফি ছুঁয়ে দেখতে চান তিনি। আর তার জন্য নিজের সেরাটা দিতে চান নতুন ক্লাবকে।

এদিকে জল্পনা মতই প্রীতম কোটালকে ছেড়ে দিল মোহনবাগান। শোনা যাচ্ছে সামাদকে দলে নিতে কেরালাকে দু’কোটি টাকা ট্রান্সফার ফি দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে প্রীতমের জন্য কেরালা থেকে এক কোটি টাকা ট্রান্সফার ফি নিয়েছে কলকাতার ক্লাব। সব মিলে ট্রান্সফার ফি হিসেবে মোহনবাগানের ঘর থেকে খরচ হল এক কোটি টাকা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *