Cart Total Items (0)

Cart

All Sports India

 

 

অলস্পোর্ট ডেস্ক:‌ দু’‌বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিলেন সামীর জেলকোভিচ। বসনিয়া ও হার্জেগোভিনার জাতীয় দলের ফুটবলারকে ২০২৬-‌২৭ মরশুমে সবুজ মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে। সদ্য সমাপ্ত আইএসএলে পাঞ্জাব এফসির হয়ে নজরকাড়া ফুটবল উপহার দিয়েছিলেন জেলকোভিচ। মূলত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও তিনি স্টপার পজিশনে খেলায় সমান দক্ষ। দুটো পজিশনে সমানভাবে দক্ষতা তুলে ধরার ক্ষমতা রাখেন বলেই তাঁকে দল নিয়েছে মোহনবাগান এসজি।

৬ ফুট উচ্চতার ২৮ বছর বয়সী ফুটবলার জেলকোভিচ আক্রমণেও অংশ নিতে পারদর্শী। বসনিয়া প্রিমিয়ার লিগ বা উজবেকিস্তানের যে লিগে তিনি খেলেছেন, সেখানে নিজে গোল করেছেন, করিয়েওছেন সতীর্থদের দিয়ে। পাঞ্জাবের হয়ে আইএসএলে নিজে দু’‌টি গোল করা ছাড়াও তিনটি গোলের পিছনে তাঁর অবদান ছিল। মোহনবাগান ছেড়ে দিয়েছে দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, টম আলড্রেডকে। রয়ে গেলেন জেমি ম্যাকলারেন, রবসন রোবিনহো, আলবার্তো রডড্রিগেজ। এবার তাঁর সঙ্গে যোগ হল জেলকোভিচের নাম।
মোহনবাগান এসজির ফুটবলার যাঁরা কলকাতা লিগে খেলবেন, তাঁদের নিয়ে ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছেন কোচ বাস্তব রায়। আইএসএলের খেলা শুরু হতে এখনও অনেক দেরি। সেপ্টেম্বরের আগে কোনওমতেই না। তাই সিনিয়র দলের প্রতিযোগিতা বলতে সামনের মাসে আছে ডুরান্ড। তবে কবে শুরু সেটা এখনও পরিষ্কার নয়। তাছাড়া ডুরান্ডে এবার ঠিক কতজন বিদেশি ফুটবলার খেলবেন, বা আদৌ খেলবেন কিনা, তা জানার পরই সিনিয়র দলের অনুশীলন বিদেশিদের ডাকা হবে। নইলে তাঁরা আসবেন আইএসএলের প্রাক প্রস্তুতিতে।

মোহনবাগানের সঙ্গে চুক্তি সেরে সামীরের প্রতিক্রিয়া, ‘‌ ভারতে খেলতে আসার পরই মোহনবাগান এসজি দলের ধারাবাহিক সাফল্যের কথা শুনে আসছি। যুবভারতীতে আইএসএলের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে খেলার সময় প্রতিপক্ষ সমর্থকদের উন্মাদনা আমাকে ছুঁয়ে গিয়েছিল। এরকম একটা শতাব্দীপ্রাচীন ঐতিহ্যশালী ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত ও রোমাঞ্চিত। মোহনবাগান সমর্থকরা আমার খেলা দেখেছেন। সেই দলের সতীর্থদের পাশে যখন খেলতে নামব, তখন সেরাটাই দেব। আমি চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে কলকাতায় এসেছে। শুধু আইএসএল নয়, সব ট্রফি জিততে চাই।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *