অলস্পোর্ট ডেস্ক: আইএসএল-এর শুরুটা দারুণভাবে করেছিল ইস্টবেঙ্গল। প্রথম দুই ম্যাচে পর পর জয় লাল-হলুদ সমর্থকদের স্বপ্ন দেখাতে শুরু করেছিল। বার বার তালিকার শেষের দিকে শেষ করতে করতে যেন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ইস্টবেঙ্গলের। তবে এবারটা অন্যরকম। আইএসএল মরসুমের শুরুতেই সে কথা জানিয়ে দিয়েছিলেন কোচ অস্কার ব্রুজোঁ। কারণ গত মরসুমের মাঝ পথে তাঁকে নিয়ে আসা হয়েছিল দায়িত্বে। তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল কার্লেস কুয়াদ্রাতের তৈরি করা দল। তবে এবারটা অন্যরকম। এবার নিজের পছন্দ মতো দল গড়েছেন তিনি। তাই ফলটাও বদলাবে বলেই তিনি আশা দিয়েছিলেন। কিন্তু তৃতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হয়। তার পরের ম্যাচ ড্র। শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে চার ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট সাত। যার পর থেকেই প্রশ্ন উঠছে অনেক কিছু নিয়ে।
প্রাথমিকভাবে এদিন সমর্থকদের মনোভাব নিয়ে প্রশ্ন ওঠে। তাঁরা নাকি বেজায় ক্ষুব্ধ দলের পারফর্মেন্সে। আর সেই প্রশ্ন শুনে কোচ অস্কার স্পষ্ট জানিয়ে দিলেন, মোটেও সেটা সত্যি নয়। চারদিক থেকে অনেক কথাই তাঁর কানে আসছে। সোশ্যাল মিডিয়ায় লেখা লিখি হচ্ছে। কিন্তু তিনি সমর্থকদের সঙ্গে নিজে কথা বলেছেন, যাতে তাঁর মনে হয়নি সমর্থকরা ক্ষুব্ধ। বরং তাঁরা দলের সঙ্গেই রয়েছে, দলের পাশে রয়েছে। বরং পাল্টা অভিযোগ তুলে দেন, এই বলে যে, কেউ কেউ এমন ব্যক্তি রয়েছেন, যাঁরা ক্লাবের সঙ্গে যুক্ত তাঁরা এটা ছড়াচ্ছে। কিন্তু তাঁরা কারা, সেটা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
তবে এখনই গেল গেল রব তোলার কিছু নেই, সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি। আগে এক পয়েন্ট পেতে যে দলের পাঁচ, ছ’টা ম্যাচ লেগে যেত, সেই দলই প্রথম চার ম্যাচে সাত পয়েন্ট তুলে নিয়েছে। এবং কেরালার বিরুদ্ধে এই ম্যাচকে তিনি গুরুত্ব দিচ্ছেন পয়েন্ট বাড়িয়ে উপরের দিকে উঠে আসার জন্য। এই সুযোগকে কোনওভাবেই হাতছাড়া করতে চাইবে না তাঁর দল। তার মধ্যেই চোট সারিয়ে দলের সঙ্গে অনুশীলন করতে শুরু করেছেন সাউল ক্রেসপো। প্রথম দলে রেখে এখনই ঝুঁকি না নিলেও তিনি যে বেঞ্চে থাকবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে কেভিন সিবলের এখনই নামা হচ্ছে না।
দেখুন কী বলছেন অস্কার ব্রুজোঁ দল ও সমর্থকদের নিয়ে—
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
