অলস্পোর্ট ডেস্ক: রবিবার (১৭ অগস্ট, ২০২৫) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩৪তম ইন্ডিয়ানঅয়েল ডুরান্ড কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসির মধ্যে বহুল প্রতীক্ষিত কলকাতা ডার্বি ম্যাচের আগে টিকিট বিতরণ এবং বিক্রয়ের বিবরণ সামনে এনেছে ডুরান্ড কাপ আয়োজক কমিটি (ডিসিওসি)। ডিসিওসি আরও জানিয়েছে যে ম্যাচের জন্য অনলাইন টিকিট বিক্রি আজ সকাল ১১টা থেকে বুকমাইশো প্ল্যাটফর্মে শুরু হয়েছে।
মোট ৬২,৪৪০ আসন বিশিষ্ট যুবভারতী ৩৬,৪০৩টি বিনামূল্যের টিকিট রাজ্য সরকার, স্থানীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন-আইএফএ) এবং দু’টি ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের জন্য আলাদা করে রাখা হয়েছে।
টুর্নামেন্টের স্পনসরদেরও বিনামূল্যে টিকিট সরবরাহ করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল টাইটেল স্পনসর ইন্ডিয়ানঅয়েল, পাওয়ার্ড বাই স্পনসর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং কোল ইন্ডিয়া লিমিটেড এবং অ্যাসোসিয়েট স্পনসর স্টার সিমেন্ট ও অন্যান্য।
স্থানীয় ক্লাব মহমেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার এফসি, আইএফএ এবং দুই প্রতিযোগী ক্লাবকে আরও ১৪,৯২৫ টিকিট বিক্রির জন্য দেওয়া হয়েছে। সাধারণ জনগণের কাছে বিক্রি করা মোট টিকিটের পরিমাণ দাঁড়াবে ২৬০৩৭, যার মধ্যে ক্লাবের তরফে বিক্রি হওয়া টিকিটও রয়েছে।
ডার্বির জন্য অফলাইন টিকিট বিক্রি ১৬ অগস্ট, ২০২৫ সকাল ১১টা থেকে শহরের ময়দান এলাকায় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব এবং ইস্টবেঙ্গল ক্লাব বক্স অফিস থেকে শুরু হবে।
ডিসিওসি আরও জানিয়েছে যে প্রতি ব্যক্তি বা প্রতি লেনদেনে মাত্র দু’টি টিকিট দেওয়া হবে এবং সমস্ত টিকিট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এবং টিকিট শেষ না হওয়া পর্যন্ত বিক্রি করা হবে। ভক্তরা ১৪, ১৬ এবং ১৭ অগস্ট, ২০২৫-এ ময়দানে মহমেডান স্পোর্টিং ক্লাব বক্স অফিসে তাদের অনলাইন টিকিটও কিনতে পারবেন।
প্রাথমিকভাবে উপরের হিসেব দেওয়া হলেও পরে আবার নতুন করে ই-মেল পাঠিয়ে কিছু পরিবর্তন করা হয়। তাতে মোট ৬২,৪৪০টি স্টেডিয়ামের ধারণক্ষমতার মধ্যে, ৩৬,4৪০৩টি ফ্রি টিকিট চারটি স্থানীয় ক্লাব, স্পনসর, অংশীদার, রাজ্য সরকার, ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য আলাদা করা হয়েছে।
অবশিষ্ট ২৬,০৩৭টি বিক্রয়যোগ্য টিকিটের মধ্যে, ১০,৭২৫টি টিকিট অংশগ্রহণকারী স্থানীয় ক্লাব এবং আইএফএ দ্বারা কেনা হয়েছে। এইভাবে, অনলাইন/অফলাইনে মোট টিকিট বিক্রি হবে ১৫,৩১২টি। তবে যা খবর তাতে এদিনই শেষ হয়ে গিয়েছে অনলাইন টিকিট।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
