মুনাল চট্টোপাধ্যায় : আইএসএল ক্লাবগুলির কথায় বৃহস্পতিবার সবচেয়ে বেশি দর দেওয়া জিনিয়াস স্পোর্টসের সঙ্গে ক্লাবের প্রতিনিধিদের বৈঠকের ব্যবস্থা করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। উদ্দেশ্য ছিল, ১৫ প্লাস ৫ বছরের জন্য বানিজ্যিক সহযোগী হিসেবে যুক্ত হতে চেয়ে দরপত্র জমা করা জিনিয়াস স্পোর্টসের প্রস্তাব খতিয়ে দেখা ও আইএসএল ক্লাবগুলির যাবতীয় কৌতুহল মেটানো এই নতুন লগ্নিকারী সম্পর্কে। যেটুকু বোঝা গেছে, জিনিয়াস স্পোর্টসের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে খুশি সকলে।
আলোচনার মূল বিষয়বস্তু ছিল, আইএসএলকে কীভাবে গ্লোবালি কম্পিটিটিঊ প্রপার্টি হিসেবে আরও শক্তিশালী করে তোলা যায় ফ্যান ফলোয়িং বাড়িয়ে ও বানিজ্যিক স্থায়িত্ব এনে দেওয়ার বিষয়টি। জিনিয়াস স্পোর্টসের তরফে পার্টনারশিপ ভিত্তিক পথ চলা, টেকনোলজি, তথ্য ও বানিজ্যিক কৌশল খাটিয়ে আইএসএলের উত্তোরণের ঘটানোর দিকগুলো তুলে ধরা হয় ক্লাব সিইওদের কাছে। বিশ্বজুড়ে বিভিন্ন লিগে তাদের সক্রিয় ভূমিকার কথা পরিবেশিত হয় এই বৈঠকে। সেই অভিজ্ঞতা ও পরিকাঠামো ভারতীয় ফুটবলের উন্নতিতে প্রয়োগ করতে প্রস্তুত জিনিয়াস স্পোর্টস। এর মধ্যে বানিজ্যিক কৌশলের সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম,ম্যাচ অপারেশনস, এআই নির্ভর অফিসিয়াল টুলস সাহায্যে লিগ পরিচালনায় ধারাবাহিকতা ও স্বচ্ছতা বজায় রাখার কথাও বলা হয়েছে।
আলোচনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, রেভিনিউ শেয়ারিংয়ের বিষয়টি। কারণ এআইএফএফ নতুন করে ১৫ প্লাস ৫ বছরের জন্য দরপত্র আহ্বানের পরই অসন্তোষ প্রকাশ করেছিল আইএসএল ক্লাবগুলি। সেটা আরও বাড়ে ফ্যান কোডকে টপকে দ্বিগুন আর্থিক (২১২৯ কোটি টাকা) প্রতিশ্রুতি দিয়ে জিনিয়াস স্পোর্টস আইএসএল ও ফেডারেশন কাপের বানিজ্যিক সহযোগীর একমাত্র দাবিদার হয়ে ওঠায়। ক্লাবগুলি তখনই চিঠি দিয়ে বলে, ফেডারেশন কেন তাদের অন্ধকারে রেখে দরপত্র আহ্বান করে বানিজ্যিক সহযোগী ঠিক করার পথে হেঁটেছে? আর জিনিয়াস স্পোর্টস যে এই ক্ষমতার যোগ্য, তার কীসের ভিত্তিতে ঠিক করা হচ্ছে? একইসঙ্গে শুধু ২০২৫-২৬ মরশুমের জন্য বানিজ্যিক সহযোগী হিসেবে ফ্যান কোডের সঙ্গে যুক্ত হয়ে ফেডারেশন পুরো লাভটাই নিয়ে যাচ্ছে, ক্লাবগুলো কানা কড়িও লভ্যাংশ পাচ্ছে না। তাই দীর্ঘমেয়াদী চুক্তিতে জিনিয়াস স্পোর্টস বানিজ্যিক সহযোগী হিসেবে যুক্ত হওয়ায় ক্লাবগুলি কী পাবে, সেটা জানা জরুরি। সোজা কথা, লাভের ভাগ কতটা পাবে?
জিনিয়াস স্পোর্টসের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, বৃহত্তর ফুটবল ইকোসিস্টেমের কথা মাথায় রেখে রেভিনিউ শেয়ারিং মডেল এমন ভাবে করা হবে, যাতে ভবিষ্যতে ক্লাবের উন্নতিতে তা কাজে আসে।
ইস্টবেঙ্গল ক্লাব কর্তা দেবব্রত সরকার এক বিবৃতিতে জিনিয়াস স্পোর্টসের রেভিনিউ শেয়ারিং নিয়ে প্রস্তাবে সন্তোষপ্রকাশ করেছেন। নর্থ ইস্ট ইউনাইটেডের সিইও মানদার তামানে জানিয়েছন, ‘ আমরা ক্লাবগুলি, এআইএফএফ, জিনিয়াস স্পোর্টস একসঙ্গে হাত মিলিয়ে ভারতীয় ফুটবল ও লিগের উন্নতি-অগ্রগতির জন্য কাজ করতে চাই। জিনিয়াস এমন একটা সংস্থা যাদের গ্লোবাল স্বীকৃতি আছে। আমাদের ফ্যানদের জন্য টেকনোলজি ভিত্তিক ম্যাচ উপভোগ করার সুযোগ মিলবে তাদের মাধ্যমে। জামশেদপুর এফসির সিইও মুকুল চৌধুরির প্রতিক্রিয়া, ‘ জিনিয়াস স্পোর্টস যেটা দিতে চাইছে সেটা আর্থিক লগ্নির থেকে আরও বেশি কিছু। ওরা তথ্য ও ব্রডকাস্টিং পরিকাঠামোর মাধ্যমে বিশ্বের বিভিন্ন লিগের প্রচার ও প্রসার ঘটিয়েছে। সেটা ওরা আইএসএলে প্রয়োগ করে ভারতীয় ফুটবল লিগকে জনপ্রিয় করে তোলার প্রতিশ্রুতি দিচ্ছে। এর থেকে ভাল আর কী হতে পারে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
