অলস্পোর্ট ডেস্ক: অনূর্ধ্ব ১৭ ভারতীয় দলের দুই সদস্য ভানলাপেকা গুইতে ও গুনরাজ সিং গ্রেওয়ালকে আগামী কয়েক মরশুমের জন্য সই করিয়ে নিল ইস্টবেঙ্গল এফসি । অনূর্ধ্ব ১৭ দলের হয়ে বেশি কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা এই দুই তরুণ ফুটবলারেরই রয়েছে। ক্লাবের ভবিষ্যতের কথা ভেবে এই দুই তরতাজা তরুণকে এখন থেকেই নিজেদের শিবিরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইস্টবেঙ্গল এফসি।
এ বছর অনূর্ধ্ব ১৭ এএফসি এশিয়ান কাপের আগে স্পেনে ভারতীয় অনূর্ধ্ব ১৭ দল যেঅনুশীলন ম্যাচ খেলে, তাতেই এই দুই ফুটবলারকে দেখে পছন্দ হয় ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাতের। তিনি বলেছেন, “কয়েক মাস আগে মাদ্রিদে গুইতে ও গুনরাজকে ভারতের অনূর্ধ্ব ১৭ দলের হয়ে খেলতে দেখেছিলাম। দলের প্রতি ওদের দায়বদ্ধতা ও খেলার স্টাইল আমার খুব পছন্দ হয়েছিল। ইস্টবেঙ্গল এফসি-তে আমাদের তরুণ প্রতিভাদের তৈরি করতে হবে, যাতে তারা ভবিষ্যতে ভাল পেশাদার ফুটবলার হয়ে ওঠে। আমি নিজে এফসি বার্সেলোনার লা মাসিয়া (যুব অ্যাকাডেমি) থেকে উঠে এসেছি। তাই সেরা তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ার ব্যাপারে আমি বরাবরই উৎসাহী। যদি তারা তৈরি থাকে”।
গত বছর অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপের খেতাবজয়ী ভারতীয় দলের হয়ে খেলে টুর্নামেন্টের সেরা ফুটবলারের খেতাব পান আইজল থেকে উঠে আসা অ্যাটাকিং মিডফিল্ডার গুইতে। অন্যদিকে চণ্ডীগড় ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে আসা গুনরাজও অনূর্ধ্ব ১৭ ভারতীয় দলের নির্ভরযোগ্য সদস্য ছিলেন। ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ও বিখ্যাত ক্লাবে সই করার সুযোগ পেয়ে খুশি ও সন্মানিত, জানিয়েছেন দুই ফুটবলারই।
আসন্ন মরশুমের জন্য ঢেলে দল সাজানোর প্রক্রিয়া চলছে ইস্টবেঙ্গল এফসি-তে। গত মাসে সিনিয়র ডিফেন্ডার হরমনজ্যোৎ সিং খাবরা, মান্দার রাও দেশাই ও রাইট ব্যাক এডুইন ভন্সপলকে নেয় তারা। তার দু’দিন আগে ফরোয়ার্ড হাভিয়ে সিভেরিও ও সেন্ট্রাল মিডফিল্ডার সল ক্রেসপোকে সই করায় কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব। এ ছাড়া হায়দরাবাদ এফসি থেকে স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা গঞ্জালেস, সফল ভারতীয় উইঙ্গার নন্দকুমার শেখর, ডিফেন্ডার নিশু কুমারকেও সই করায় কলকাতার এই ক্লাব। চলতি মাসে কেরালা ব্লাস্টার্স থেকে তিন বছরের জন্য নিয়ে এসেছে পাঞ্জাবের গোলকিপার প্রভসুখন গিলকেও। এ বার এলেন এই দুই তরুণ।
গত মরশুমে হিরো আইএসএলে ন’নম্বরে থেকে লিগ শেষ করার পর দলের এক ঝাঁক ফুটবলারকে ছেড়ে দেয় এই ক্লাব। ভারতীয় ফুটবলার জেরি লালরিনজুয়ালা, সেম্বয় হাওকিপ, সুমিত পাসি, শুভম সেন, নবীন কুমার, অমরজিৎ সিং কিয়াম ও হীমাংশু জাঙরা এবং বিদেশী ফুটবলার অ্যালেক্স লিমা, চ্যারিস কিরিয়াকু, জেক জার্ভিস ও জর্ডন ও’ডোহার্টিকে বিদায় দেয় তারা। ফলে আগামী মরশুমের জন্য কার্যত নতুন দল গঠন করছে লাল-হলুদ ব্রিগেড।
লেখা ও ছবি আইএসএল ওয়েবসাইট)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
