মুনাল চট্টোপাধ্যায়: বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে বিশ্বের নামী দলগুলোর বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলের পারফরমেন্স বেশ ভাল। পরিসংখ্যান তেমনই বলছে। আর সেটা যে ঠিক, তার প্রমাণ মিলেছে সদ্য ফিফা র্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামার সঙ্গে ভারতীয় দলের কৃতিত্বপূর্ণ ১-১ ড্রয়ে। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যে সাহসী মনোভাব নিয়ে খেলেছেন গুরপ্রীত, রায়ান উইলিয়ামস, আনোয়ার সহ ভারতীয় দলের ফুটবলাররা, তা শুধু প্রশংসনীয়ই নয়, ম্যাচটা জিতেও যেতে পারতেন তাঁরা। সেক্ষেত্রে একটা নতুন ইতিহাস রচিত হত।
তবুও বলতে হয় পানামার থেকে ৯৪ ধাপ পিছনে থেকেও যে আধিপত্য দেখিয়েছেন ম্যাচে খালিদ জামিলের প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় দল, তাতে ফিফা র্যাঙ্কিংয়ের পার্থক্যটা ঘুচে গিয়েছিল। বরং কখনও মনে হয়নি ভারত র্যাঙ্কিংয়ে অনেক পিছনে। পানামা ২০১৮ ও ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলেছে। তাদের সঙ্গে তুল্যমূল্য লড়াই করাটাই ছিল বেশ কঠিন কাজ। সেখানে ভারতীয় ফুটবলাররা জেতার মতো ফুটবল খেলে ড্র করার পরও বেশি কিছু নিন্দুকের দল এটা বলার চেষ্টা করেছেন, পানামা কি তাদের পুরো শক্তির অর্থাৎ প্রথম সারির দল নামিয়েছিল? অর্থাৎ ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলা দলের ফুটবলারদের কি ভারতের বিরুদ্ধে মাঠে নামিয়েছিল? নাকি পানামার কোচ ভারতের বিরুদ্ধে নতুনদের নামিয়ে তাদের দক্ষতা যাচাই করতে চেয়েছিলেন?
এটাই আমাদের বড় সমস্যা। ভারতীয় ফুটবল দল ভাল খেললেও, তাদের দক্ষতা ও যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করি, মন খুলে প্রশংসা করার পরিবর্তে। বরং ভারতীয় ফুটবল দলের খামতি, ঘাটতি খুঁজতে বসে পড়ি। চেষ্টা করি, কীভাবে ভারতীয় দলের কৃতিত্বকে খাটো করা যায়। তবে ভারতীয় কোচ খালিদ জামিল বা তাঁর ফুটবলররা এসব কানে তুলছেন না। মাথাতেও আনছেন না। দল নিয়ে কলকাতায় পৌঁছে গেছেন কোচ খালিদ। তাঁর ও দলের ফুটবলারদের যাবতীয় ফোকাস এখন ব্রাজিল ম্যাচে। ৩ অক্টোবর যুবভারতীতে ফিফা র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে তাকা ৫বার বিশ্বকাপ জেতা ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। ব্রাজিলের চিফ কোচ কার্লেস আনসেলোত্তি পুরো শক্তির দল নিয়েই আসছেন। ভিনিসিয়াস জুনিয়ার সহ একঝাঁক বিশ্বকাপার রয়েছে সেই দলে। অস্ট্রেলিয়ার সঙ্গে দু’টি ফিফা আন্তর্জাতিক ম্যাচ খেলে ব্রাজিল কোচ আনসেলোত্তি দল গোছানোর কাজটা সেরেই ফেলবেন ভারতের বিরুদ্ধে খেলার আগে।
স্বাভাবিকভাবে পানামার থেকেও ব্রাজিল ম্যাচটা যে অনেক বেশি চ্যালেঞ্জের সেটা মানছেন ভারতীয় দলের অন্যতম ভরসা গোলকিপার গুরপ্রীত ও পানামা ম্যাচের গোলদাতা রায়ান উইলিয়ামস। তবে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে হীনমন্যতায় ভুগতে নারাজ দুই ফুটবলার। রায়ান উইলিয়ামসের মতো, ‘ পানামা ম্যাচের আগে কোচ খালিদ জামিলের নির্দেশ ছিল, যেন খোলসে গুটিয়ে না থেকে নিজেদের স্বাভাবিক ফুটবলটা খেলি। অ্যাটাক ও ডিফেন্সের সংমিশ্রণ ঘটিয়ে। ভারসাম্যমূলক ফুটবলের সেই কৌশলে ভর করেই পানামাকে ঘাড়ে বসার সুযোগ দিইনি আমরা। ইতিবাচক ফুটবল খেলেছি। নিজেদের পায়ে বেশি করে বল রাখার চেষ্টা করেছি। সুযোগ বুঝে পানামার ওপর আঘাত হেনেছি। তার সুফল মিলেছে। গোল করে এগিয়েও গিয়েছিলাম। ৬৮ মিনিটে আচমকা গোল হজম করি। তার জন্য অবশ্য আমাদের ভুলের থেকেও বেশি কৃতিত্ব দেব পানামার গোলদাতা ওমক ভ্যালেন্সিয়াকে। ওভাবে অত দূর থেকে আচমকা শট নিয়ে ওমর গোল করে দেবে, এটা বোঝা সম্ভব ছিল না আমাদের ডিফেন্ডারদের বা গোলকিপারের। গোল করার আরও সুযোগ পেয়েছিলাম। কাজে লাগালে ম্যাচটা জিততেও পারতাম। এই আত্মবিশ্বাসটা ব্রাজিলের মোকাবিলার আগে নিঃসন্দেহে কাজে লাগবে। বলতে পারেন, ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে লড়াইয়ের বাড়তি সাহস জোগাচ্ছে।’
পানামা ম্যাচ খেলার পর যাঁরা প্রথম একাদশে ছিলেন তাঁরা পরদিন জিমে কাটান। বাকিরা পুরোদমে মাঠে অনুশীলন করেন কোচ খালিদের তত্ত্বাবধানে। সোমবার কলকাতায় এসেছেন ভারতীয় দলের ফুটবলাররা। মঙ্গলবার থেকে ব্রাজিল ও ৬ অক্টোবর উরুগুয়ে ম্যাচের প্রস্তুতি শুরু করবেন খালিদ। বলাই বাহুল্য ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে সবচেয়ে বেশি যাঁকে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে, তিনি ভারতীয় দলের গোলকিপার গুরপ্রীত। তা নিয়ে অবশ্য তিনি উদ্বিগ্ন নন। তাঁর মতে, ‘ ফুটবল খেলার একটা ছন্দ আছে। সেটা মিলেছে পানামা আছে। এখন আমাদের সামনে বেশ কয়েকটা দিন আছে ব্রাজিল ম্যাচের আগে। আমার জীবনর সবচেয়ে কঠিনতম প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে কলকাতার যুবভারতীর মাঠে ৩ অক্টোবর। তাই চ্যালেঞ্জটা অনেক বড়, পানামার থেকে অনেক বেশি, তবু মাঠে নামার আগে ভয়ে কুঁকড়ে যাচ্ছি না, হার মেনে নিচ্ছি না, বরং ভাল খেলা উপহার দেওয়ার পেশাদারি মনোভাব নিয়েই মোকাবিলা করব ব্রাজিল দলের। পানামার বিরুদ্ধে খেলার আগে অনেকেই ভাবেননি আমরা ওদের ওপর আধিপত্য দেখাব। আসলে ম্যাচের দিন অনেক কিছুই হতে পারে। ফুটবলে সবকিছুই সম্ভব। আমি আশাবাদী। ব্রাজিলের বিরুদ্ধে সেরা দিতে মুখিয়ে থাকব সকলে। ব্রাজিল কী করতে পারে, সেটা নিয়ে ভেবে এখন থেকে মাথা খারাপ করতে রাজি নই। বরং ভাবব আমরা ব্রাজিলকে কতটা সমস্যায় ফেলতে পারি পাল্টা আঘাত হেনে। মাথা ঠান্ডা রেখে ব্রাজিলের শক্তিশালী দিকগুলোর ওপর নজর রেখে নিজেদের রেডি রাখতে হবে, যাতে দেশের ও ভারতীয় ফুটবলের সম্মান বাঁচে।’
ব্রাজিল কোচ আনসেলোত্তি ইতিমধ্যেই ভারতে ফুটবল সংস্কতি নেই বলে খোঁচা দিয়েছেন। এটা বেশ তাতিয়েছে ভারতীয় দলের কোচ খালিদকে। তিনি তো পাল্টা বলেই দিয়েছেন, ব্রাজিল কোচ কী বললেন, তাতে কিছু আসে যায় না। খেলা হবে মাঠে, মুখে নয়। খালিদের হয়ে জবাব দেওয়ার পালা এবার ভারতীয় ফুটবলারদের ব্রাজিলের বিরুদ্ধে লড়ে সেটা প্রমাণ করার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
