Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ স্প্যানিশ সেন্টার ফরোয়ার্ড ইউসুফ এজেজারির ইস্টবেঙ্গলে যোগদান অনেক আগেই পাকা হয়ে গিয়েছিল। ভিসা পেতে দেরি হওয়ায় কলকাতায় আসা কিছুদিন পিছিয়ে গিয়েছিল। তবে সে সমস্যা মিটতে এজেজারি পা রাখলেন কলকাতায়। শুধু তাই নয়, শনিবার লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে অনুশীলনেও নেমে পড়লেন তিনি। মাঠের ধারে ইস্টবেঙ্গল কোচ অস্কারের নজরদারিতে মাঠের ধারে হাল্কা গা ঘামানোর পর বল নিয়েও কিছুটা সময় নড়াচড়া করলেন। ফিট থাকলে, ১৬ ফেব্রুয়ারি ঘরের মাঠে কিশোরভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচে লাল হলুদ জার্সিতে এজেজারির খেলার সম্ভাবনা আছে।

শনিবার সরকারিভাবে ইস্টবেঙ্গলে সই সারলে এজেজারির হাতে ৯ নম্বর জার্সি তুলে দেওয়া হয় ক্লাবের তরফে। ৩২ বছর বয়সী এজেজারির পূর্বপুরুষদের সঙ্গে মরক্কোর সম্পর্ক ছিল। পরে তাঁর বংশধরেরা স্পেনে এসে স্থায়ী বাসিন্দা হন। এজেজারির জন্ম স্পেনের সান্তা মারিয়া ডি গ্রামেনেটে। সিঙ্গাপুর প্রিমিয়ার লিগের ক্লাব তানজং পাগার ইউনাইটেড থেকে ইস্টবেঙ্গলে এসেছেন এজেজারি। শেষ ম্যাচ খেলেছেন মাত্র ১০ দিন আগে। তার আগে ইওরোপ ও এশিয়ার বিভিন্ন ক্লাবে সাফল্যের সঙ্গে খেলেছেন। তাঁর ঝুলিতে আছে অনেক গোল।

সেটা মাথায় রেখেই ইমামি ইস্টবেঙ্গল দলের ফুটবল হেড থংবোই সিঙ্গটো বলেন, ‘‌এজেজারির গোলস্কোরিং দক্ষতা, আক্রমণাত্মক মানসিকতা ও পেশাদার ফুটবলে খেলার অভিজ্ঞতা আইএসএলে ইস্টবেঙ্গলের শক্তি অনেক বাড়াবে। সাফল্য আনতে সাহায্য করবে।’‌

কোচ অস্কারের প্রতিক্রিয়া, ‘‌ ইউসুফের যোগদানে আক্রমণভাগের শক্তি যেমন বাড়বে, তেমন গোল করার সমস্যাও মিটবে, যেটা দলে মাঝেমধ্যেই প্রকট হয়ে দেখা দেয়।’‌

এজেজারির নিজেও উত্তেজিত ইস্টবেঙ্গলে যোগ দিয়ে। বলেন, ‘‌ ইস্টবেঙ্গলে যোগ দেওয়াটা আমার কাছে একটা বড় পদক্ষেপ। এই দলের সমর্থকদের আবেগ, ক্লাবের ঐতিহ্য ও বড় সাফল্য পাওয়ার আকাঙ্খা আমাকে আকর্ষণ করেছে। আমি এখানে এসেছি গোল করে ম্যাচ জেতাতে। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে, তাঁদের মুখে হাসি ফোটাতে।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *