Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: কলকাতার সাই কমপ্লেক্সে আয়োজিত ৭৪তম রাজ্য অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তৃতীয় দিনটি বাংলার অ্যাথলেটিক্সের ইতিহাসে আরও একটি স্মরণীয় দিন হয়ে রইল। বিভিন্ন বয়সসীমা ও ইভেন্ট মিলিয়ে এদিন মোট ১০টি নতুন ‘মিট রেকর্ড’ (প্রতিযোগিতার রেকর্ড) তৈরি হল। দিনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ঘটেছিল সিনিয়র পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ ইভেন্টে, যেখানে দীপ পণ্ডিত ৪১ বছরের পুরনো একটি ‘মিট রেকর্ড’ ভেঙে চ্যাম্পিয়নশিপের ইতিহাসে অন্যতম স্মরণীয় মুহূর্তটি উপহার দেন।

দীপ পণ্ডিত ৯:২০.৪৬ মিনিট সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। তিনি ১৯৮৫ সালে পি.টি. জোসেফ (ইস্ট বেঙ্গল)-এর করা ৯:২২.৩ মিনিট-এর দীর্ঘদিনের রেকর্ডটিকে ছাঁপিয়ে যান। এবারের চ্যাম্পিয়নশিপের অন্যতম সেরা সাফল্য হিসেবে চিহ্নিত হয় দীপের পারফর্মেন্স।

চ্যাম্পিয়নশিপ জুড়ে বিভিন্ন বিভাগের অ্যাথলেটদের অসাধারণ সব পারফরম্যান্স অব্যহত ছিল। মহিলাদের অনূর্ধ্ব-২৩ ২০০০ মিটার রেস ওয়াক ইভেন্টে, মোহনবাগানের মন্টারিনা ঘরামি ২:০২:২২.৩৮ সময় নিয়ে নতুন মিট রেকর্ড গড়েছেন; তিনি ২০২৩ সালে গড়া শুক্লা বিশ্বাসের ২:০৬:৪৪.০৩ সময়ের রেকর্ডটি ভেঙে দিয়েছেন।

পুরুষদের অনূর্ধ্ব-১৮ ৫০০০ মিটার রেস ওয়াক ইভেন্টেও আরেকটি দুর্দান্ত পারফরম্যান্স দেখা গিয়েছে, যেখানে ইস্টবেঙ্গলের অভ্র মণ্ডল ২৩:৫৬.৩৫ সময় নিয়ে মালদা ডিএসএ-র পলাশ মণ্ডলের গড়া ২৪:২৭.০০ সময়ের রেকর্ডটি ভেঙে দিয়েছেন।

স্প্রিন্ট হার্ডলার মোহনবাগানের বিদিশা কুণ্ডু তাঁর চমৎকার ফর্ম অব্যহত রেখে মহিলাদের অনূর্ধ্ব-২৩ ১০০ মিটার হার্ডলসে ১৪.৪৪ সেকেন্ড সময় নিয়ে নতুন মিট রেকর্ড গড়েছেন; তিনি ইস্টবেঙ্গলের মৌমিতা মণ্ডলের ২০২৩ সালের ১৪.৭০ সেকেন্ডের রেকর্ডটি উন্নত করেছেন।

মাঝারি দূরত্বের দৌঁড় ইভেন্টগুলোতেও রেকর্ড ভাঙার ঘটনা অব্যহত ছিল। নদিয়ার গুঞ্জন মণ্ডল মেয়েদের অনূর্ধ্ব-১৬ ৬০০ মিটার দৌঁড় ১:৩৮.৪৬ সময়ে জিতে নিয়েছেন, যা ইস্টবেঙ্গলের রূপালী দাসের ২০২৪ সালে গড়া ১:৪০.১০ সময়ের রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে। ছেলেদের অনূর্ধ্ব-১৬ ৬০০ মিটার দৌঁড়ে ইস্টবেঙ্গলের সুন রায় ১:২৪.৬৭ সময় নিয়ে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার অরিজিৎ পালের ২০২৪ সালের ১:২৫.০২ সময়ের রেকর্ডটি ভেঙে দিয়েছেন।

স্টিপলচেজ ইভেন্টগুলোও বিশেষ হয়ে উঠেছে, কারণ প্রতিটি বিভাগেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব-২৩ ৩০০০ মিটার স্টিপলচেজ ইভেন্টে জলপাইগুড়ির প্রশান্ত ওরাওঁ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৯:১৫.৩৯ সময় নিয়ে দৌঁড় শেষ করেন; এর মাধ্যমে তিনি ২০২৪ সালে গড়া সেন্ট্রাল এক্সাইজের গোবিন্দ মজুমদার-এর ১০:২৪.০১ সময়ের রেকর্ডটি অনায়াসেই ভেঙে দেন। অন্যদিকে, পুরুষদের অনূর্ধ্ব-২০ ৩০০০ মিটার স্টিপলচেজে হাওড়ার বিশ্বজিৎ সাউ ৯:৪৩.৯৭ সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন, যা ২০২৫ সাল থেকে প্রশান্ত ওরাওঁ-এর দখলে থাকা ৯:৫৯.৫ সময়ের আগের ‘মিট রেকর্ড’ বা প্রতিযোগিতার রেকর্ডকে পিছনে ফেলেন।

ফিল্ড ইভেন্টেও অসাধারণ সব পারফরম্যান্স দেখা গিয়েছে। পুরুষদের অনূর্ধ্ব-২০ লং জাম্পে হুগলির *রাজীব রায়* ৭.৩৫ মিটার দূরত্ব অতিক্রম করেন, যা ২০১৫ সালে শিলিগুড়ির বিপুল ওরাওঁ-এর গড়া ৭.২৮ মিটারের এক দশকের পুরনো রেকর্ডকে ছাপিয়ে যায়। মহিলাদের অনূর্ধ্ব-২৩ ট্রিপল জাম্পে মোহনবাগানের নূপুর পাণ্ডে ১২.৩৯ মিটার লাফিয়ে ২০২৩ সালে একই ক্লাবের দালিয়া পারভিন-এর গড়া ১২.১১ মিটারের রেকর্ডটি উন্নত করেন।

প্রথম দুই দিনের রেকর্ড-ভাঙা পারফরম্যান্সের ধারাবাহিকতায় তৃতীয় দিনে আরও ১০টি নতুন ‘মিট রেকর্ড’ গড়ার মধ্যে দিয়ে, ‘৭৪তম রাজ্য অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ ২০২৬’ ইতিমধ্যেই এই প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম স্মরণীয় আসর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং পশ্চিমবঙ্গ থেকে উঠে আসা অ্যাথলেটিক প্রতিভার অসাধারণ গভীরতাকে তুলে ধরেছে।

চ্যাম্পিয়নশিপটি ১২ জুলাই, রবিবার শেষ হবে। এদিন ট্র্যাক ও ফিল্ড ইভেন্টগুলোতে বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ ফাইনালের সঙ্গেই শেষ হবে ইভেন্ট।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *