Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: টুর্নামেন্টের শুরু থেকেই এশিয়া কাপ হকি ২০২৫-এর ফেভারিট হিসেবেই শুরু করেছিল ভারত। যা সুপার ফোরের শেষ ম্যাচ পর্যন্ত ধরে রাখলেন মনপ্রীত, সুমিত, অভিষেকরা। মাঝে দক্ষিণ কোরিয়ার কাছে ধাক্কা খেলেও তারা সুপার ফোর শেষ করল অপরাজিত থেকেই। এবার সামনে শুধু একটাই লড়াই। যা জিতে নিতে পারলেই কেল্লাফতে। ফাইনালে ভারতের মুখোমুখি হবে সেই দক্ষিণ কোরিয়াই, একমাত্র যাদের কাছে আটকে গিয়েছিল ভারত। আর এই ফাইনাল জিতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারলেই খুলে যাবে বিশ্বকাপের দরজা। যে কারণে প্রথম থেকেই এই টুর্নামেন্ট ভারতীয় হকি দলের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ ছিল। দুটো লক্ষ্য নিয়ে ফুলটনের ছেলেরা খেলতে নেমেছিলেন, এক তো ঘরের মাঠে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে নিজেদের আবার প্রমান করা আর দুই, বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা। এদিন চিনকে ৭-০ গোলে হারানোর পর, যা থেকে ভারত এখন আর এক ম্যাচ দূরে দাঁড়িয়ে।

ভারত তিনটি গ্রুপ পর্বের ম্যাচই জিতে বার্তা দিয়েই রেখেছিল, গ্রুপ পর্বে ২২টি গোল করেছে এবং মাত্র ৫টি হজম করেছে। সুপার ৪-এ তারা দু’টি জিতেছে এবং একটি ড্র করেছে। গ্রুপ পর্বে চিনকে হারানোর পর আবার সুপার ফোরে শনিবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। যদিও গ্রুপ পর্বে চিনকে কঠিন প্রতিপক্ষ মনে হচ্ছিল, এমনকি সুপার ফোরে তারা দাপটের সঙ্গে হারিয়ে দিয়েছিল দক্ষিণ কোরিয়াকেও, যে কোরিয়ার সঙ্গে ড্র করেছিল ভারত। কিন্তু এদিন সেই চিনকে মাথা তুলেই দাঁড়াতে দিলেন না ভারতের প্লেয়াররা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারতীয় দল। যার ফল তিন মিনিটেই সহজ সুযোগ চলে এসেছিল কিন্তু তা থেকে গোল করতে ব্যর্থ হয় ভারত। ডান দিক থেকে একটি ভালো আক্রমণ ধরে অভিষেকের ক্রস মনদীপের জন্য সিটার তৈরি করে দিলেও তিনি তা বাইরে মারেন। তবে এক মিনিটের মধ্যেই ভারতের সেই প্রাপ্য গোল তুলে নেন শিলানন্দ। জার্মানপ্রীত সিংয়ের দুর্দান্ত পাস ধরে গোল নিশ্চিত করেন শিলানন্দ। প্রথম গোলের পর থেকে ভারতকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।

প্রথম কোয়ার্টাকের ৭ মিনিটেই ২-০ করেন দিলপ্রীত সিং। পেনাল্টি কর্নার থেকে হরমপ্রীতের আক্রমণ চিন সঠিকভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হলে দিলপ্রীত সিং রিবাউন্ড থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন। এক কথায় ভারতের জন্য অসাধারণ শুরু।

প্রথম কোয়ার্টার ২-০ গোলে এগিয়ে থেকেই শেষ করে ভারত। প্রথম কোয়ার্টারে যেখানে শেষ করেছিল দ্বিতীয় কোয়ার্টার সেখান থেকেই শুরু করে, ৪ মিনিটেই ৩-০ করেন মনদীপ সিং। আবারও পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীতের শট জোড়া রিবাউন্ডের পর গোলে পরিণত হয়। ৩-০ গোলে এগিয়ে থেকে হাফ টাইমে যায় ভারত। যা ভারতের আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। দ্বিতীয়ার্ধও ছিল একই রকমভাবে ভারতের পক্ষেই।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ৪-০ করেন রাজকুমার পাল। চিনা গোলকিপার চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু বলের নাগাল পাননি। ৯ মিনিটে আবারও গোল সুখজিৎ সিংয়ের অসাধারণ ফিনিশিংয়ে। দিলপ্রীতের আরও এটি অ্যাসিস্ট ভারতকে ৫-০ গোলে এগিয়ে দেয়। এদিন চিনকে প্রথম থেকেই ম্যাচে মাথা তুলেই দাঁড়াতে দেয়নি ভারত। না আক্রমণে, না রক্ষণে, চিন কোথাও একবারই ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি।

চতুর্থ কোয়ার্টার গোল দিয়েই শুরু করে ভারত! সুখজিতের বল নিয়ে অবিশ্বাস্য দৌঁড় শেষ হয় অভিষেকের গোলে। ভারতের এই ফরোয়ার্ড পুরো চিনা রক্ষণকে ড্রিবল করে অভিষেকের জন্য জায়গা করে দেন। শেষ গোল আসে ৫ মিনিটে। ততক্ষণে অবশ্য ভারতের ফাইনালে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে। শিলানন্দের পাস ধরে অভিষেকের ফিনিশ ভারতকে ৭-০ গোলে জিতেই সুপার ফোর শেষ করতে সাহায্য করে। এবার সামনে দক্ষিণ কোরিয়া।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...