অলস্পোর্ট ডেস্ক: হকি এশিয়া কাপে প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর জাপানের বিরুদ্ধেও ৩-২ গোলে জয় এল ভারতের ঘরে। জয় এল এটাই বড় কথা। না হলে প্রথম ম্যাচে এই ভারতীয় হকি দলের খেলায় যা যা সমস্যা দেখা গিয়েছিল তা দ্বিতীয় ম্যাচেও একইরকমভাবে থেকে গেল। কিছুটা লড়াই আর অনেকটা ভাগ্য পর পর দুই ম্যাচে বাঁচিয়ে গেল ভারতকে। এই এশিয়া কাপ ভারতীয় হকির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা সকলেরই জানা। ভারতীয় দলের মাথায়ও সেটাই ঘুরবে প্রতিটি ম্যাচের সময়, সেটাই স্বাভাবিক। আর পর পর জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি কোচ ফুলটনকে আরও কিছুটা দলের খেলায় বদল আনার প্রয়োজন রয়েছে। এই এশিয়া কাপের দুই ম্যাচ শেষে যে সমস্যাটা সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে সেটা হল, ভাল শুরু করেও ম্যাচটাকে কঠিন করে জেতা।
গত ম্যাচেও দেখা গিয়েছিল, অনেকটা পিছিয়ে থাকা চিনের সঙ্গেও একটা সময় ম্যাচ কঠিন হয়ে গিয়েছিল। চিন এগিয়ে গিয়েছিল, তার পর ভারত সমতায় ফেরে এবং এগিয়ে যায় এবং চিন একাধিকবার সমতায় ফেরে। যদিও শেষ হাসি হেসেছিল ভারতই অধিনায়ক হরমনপ্রীতের হ্যাটট্রিকের সৌজন্যে। রবিবার জাপানের বিরুদ্ধেও ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে গিয়েছিল ভারত। এর পর ব্যবধান কমায় জাপান। এর পর ৩-১-এ এগিয়ে যায় ভারত এবং ৩-২ করে জাপান। শেষ মিনিটে হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় অধিনায়ত হরমনপ্রীত সিংকে। শেষের ওই এক মিনিট ১০ জনে এক গোলের ব্যবধান ধরে রাখা ছিল কঠিনতম কাজ ভারতীয় দলের জন্য। তবে তাতে সফল ভারত।
এদিন ম্যাচ শুরুর চার মিনিটে মনদীপ সিংয়ের গোলে খাতা খোলে ভারত। বাঁ দিক থেকে বল ধরে প্রতিপক্ষ ডিফেন্ডারদের জটলা কাটিয়ে মনদীপের দুরন্ত শট যখন গোলে চলে যায় তখন জাপানের খেলোয়াড়দের মধ্যে হতাশা স্পষ্ট দেখা যাচ্ছিল। উৎসব শেষ হওয়ার আগেই দ্বিতীয় গোল। ক্যাপ্টেন হরমনপ্রীত সিং ম্যাচের দ্বিতীয় ও নিজের প্রথম গোলটি তুলে নেন পেনাল্টি কর্নারের মাধ্যমে।
দুই গোল হজম করে গোলের জন্জায ঝাঁপাতে শুরু করে জাপান। পর পর দুটো পেনাল্টি কর্নার পেয়েও তা তারা হাতছাড়া করেন। ভারতের গোলের নিচে কৃষাণ পাঠকের দুরন্ত সেভ জাপানের ব্যবধান কমানোর সুযোগ আটকে দেন। ভারত তাদের দুই গোলের ব্যবধান ধরে রাখে দ্বিতীয় কোয়ার্টারেও। তৃতীয় কোয়ার্টারে গিয়ে গোলের মুখ খোলে জাপান। যা খেলাটা একপেশে থেকে সমানে সমানে নিয়ে যেতে সাহায্য করে। তবে ভারতীয় রক্ষণ সারাক্ষণই সচেতন ছিল। তবুও দু’গোল হজম করতে হয়েছে।
তৃতীয় কোয়ার্টার শেষের হুটার বাজার ঠিক আগেই ৩-১ করেন ভারত অধিনায়ক। তৃতীয় কোয়ার্টারের ফাইনাল সেকেন্ডে পেনাল্টি কর্নার থেকে ক্যাপ্টেন হরমনপ্রীত সিং যেন হুটারের ছন্দেই গোল করে যান এবং দুই গোল ব্যবধান ফিরে পায়। ৩-১ গোলে এগিয়ে থেকে চতুর্থ কোয়ার্টারে খেলতে নামে ভারত। শেষ মুহূর্তে চাপ সৃষ্টি করতে থাকে জাপান। এবং তাতে সফলও হয়। এবার ভারতের সামনে ছিল গোল করার থেকেও বেশি এই ব্যবধান ধরে রাখা। এবং পর পর দুই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে সফল ভারত।
অন্যদিকে কাজাখস্তানকে ৪-১ গোলে হারিয়ে পুল ‘এ’র দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে চিন। যদিও এখনই তাদের জন্য সুপার ফোর নিশ্চিত হয়েছে বলা যাবে না। তবে ভারত কার্যত সুপার ফোরে পৌঁছেই গিয়েছে। গ্রুপের শেষ ম্যাচে ভারত খেলবে কাজাখস্তানের সঙ্গে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
