Cart Total Items (0)

Cart

All Sports India

অ‌লস্পোর্ট ডেস্ক: এই শেষ লড়াই তো জিততেই হত ভারতীয় হকি দলকে। ঘরের মাঠে এশিয়া কাপ জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করাটাই ছিল সব থেকে বড় লক্ষ্য। জোড়া লক্ষ্য নিয়ে নেমে সফল ভারতয় রাজগীরের হকি স্টেডিয়াম ছিল দেখার মতো। পুরো টুর্নামেন্টে যেভাবে দলের জন্য গলা ফাটিয়ে গিয়েছেন তারা তাতে বাড়তি মোটিভেশন পেয়েছেন মনদীপ, সুখজিতরা। সুপার ফোরের একটি ম্যাচে ড্র ছাড়া সব ম্যাচ জিতেই ফাইনালে পৌঁছেছিল ভারত। সুপার ফোরে যাদের কাছে আটকে গিয়েছিল ভারত, সেই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধেই ফাইনালে খেলতে নামতে হয়েছিল। যা আরও বেশি তাতিয়ে দিয়েছিল ভারতীয় দলকে। শেষ পর্যন্ত সেই লড়াই ধরে রাখল ভারত। সব কোয়ার্টারে একটি করে গোল করে দলের ব্যবধান ৪-০-তে নিয়ে গিয়েছিলেন ভারতের প্লেয়াররা। শেষ বেলায় কোরিয়া এক গোল করে ব্যবধান কমালো ঠিকই কিন্তু ভারতের চতুর্থ এশিয়া কাপ জয় আটকাতে পারল না। এর সঙ্গেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ভারতীয় হকি দল।

রবিবার ভারতীয় হকি দল শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। যা একটি অসাধারণ শুরু করে দেয় ফাইনাল ম্যাচের! প্রথম মিনিটেই গোল করে এগিয়ে যায় ভারত, তখনও এক মিনিটও খেলা হয়নি। হোম টিমের জন্য এটা একটা অসাধারণ শুরু তো বটেই। এর চেয়ে ভালো শুরু আর হতে পারত না। হরমনপ্রীত বাঁ ফ্ল্যাঙ্ক দিয়ে বল ড্রিবল করে সুখজিৎ সিংকে লক্ষ্য করে সার্কেলের মধ্যে দেন। সুখজিৎ সিং-এর শক্তিশালী স্ট্রাইক চলে যায় গোলে। ফিল্ড গোল দিয়েই শুরু হয় ভারতের ফাইনাল যাত্রা।

কিন্তু তার পরই যুগরাজ সিং-এর পেনাল্টি স্ট্রোক গোল মিস ভারতীয় শিবিরের জন্য ছিল বড় হতাশার কারণ। তবে সেই হতাশাকে দলের খেলায় প্রভাব ফেলতে দেননি প্লেয়াররা। যা সহজেই ২-০ গোলে এগিয়ে দিতে পারত ভারতকে এবং দক্ষিণ কোরিয়ার উপর আরও চাপ তৈরি করতে পারত, কিন্তু তেমনটা হয়নি। প্রথম কোয়ার্টার ১-০ গোলেই শেষ হয়।

দ্বিতীয় কোয়ার্টারে দিলপ্রীত সিং ভারতের হয়ে লিড দ্বিগুণ করেন। সঞ্জয় ডান ফ্ল্যাঙ্কে একটি দীর্ঘ পাস পেয়েছিলেন এবং তারপর দিলপ্রীতকে পাস দেন, যিনি কোণা থেকে গোলে শট নেন। দক্ষিণ কোরিয়ার গোলরক্ষকের পা ছুঁয়ে বল চলে যায় গোলে। ম্যাচ পুরোপুরি চলে আসে ভারতের নিয়ন্ত্রণে। ২-০ গোলে দ্বিতীয় কোয়ার্টার শেষ করার পর তৃতীয় কোয়ার্টারেই ৩-০ করে ভারত।

এবারও গোলের কারিগর দিলপ্রীত। হরমনপ্রীত রাজিন্দরকে বৃত্তের মধ্যে একটি পাস বাড়িয়েছিলেন। তার শট চলে যায় দিলপ্রীতের কাছে। তিনি বলটি গোলে পাঠাতে শেষ টাচটি দেন। ৩-০ গোলে এগিয়ে যায় ভারত। জোড়া গোল করার পাশাপাশি একটি পেনাল্টি কর্নার আদায় করে নেওয়ার জন্য ম্যাচের সেরা দিলপ্রীত সিং।

চতুর্থ কোয়ার্টারের শুরুতে দিলপ্রীত সিং ভারতের হয়ে পেনাল্টি কর্নার আদায় করে নেন। এখানে কিছুটা চমকই দেয় ভারত। যে বল হরমনপ্রীত সিংকে দেওয়ার কথা ছিল তা চলে যায় অমিত রোহিদাসের স্টিকে, যিনি গোলে বল রাখতে ভুল করেননি। কোরিয়ার ডিফেন্ডাররা তাক করে দাঁড়িয়েছিলেন হরম‌প্রীতের দিকেই। আর তাতেই ধোকা খেয়ে যান তাঁরা। ৪-০ গোলে এগিয়ে যায় ভারত। শেষ বেলায় এক গোল করে দক্ষিণ কোরিয়াও। কিন্তু তাতে লাভ কিছু হয়নি। ৪-১ গোলে এশিয়া কাপ হকি ২০২৫-এর ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গেই বিশ্বকাপের টিকিটও পেয়ে গেল ভারত। জোড়া সেলিব্রেশন ভারতীয় হকি দলের জন্য।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...