অলস্পোর্ট ডেস্ক: ইদানিংকালে ভারতীয় হকি দলকে এত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি পাকিস্তানের বিরুদ্ধে। একদশকের মতো পাকিস্তান হকি দল ভারতীয় দলকে কোনও পর্যায়ের প্রতিযোগিতায় হারাতে পারেনি। অথচ তেমনই একটা আশঙ্কা দেখা দিয়েছিল চলতি আইচি নাগোয়া এশিয়ান গেমসের পুরুষ হকির সেমিফাইনালে। বৃহস্পতিবার জিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামের টার্ফে জাপান এশিয়ান গেমসের সেমিফাইনালে শুরুতে ৩-০ গোলে হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় দল এগিয়ে যাওয়ার পর ছন্দ হারিয়ে ৩ গোল হজম করে পাকিস্তানের বিরুদ্ধে ঝামেলায় পড়ে গিয়েছিল। যখন মনে হচ্ছিল, নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ ৩-৩ শেষ হবে এবং ফাইনালে কোন দল যাবে, তার নিষ্পত্তি হবে টাইব্রেকারে, ঠিক তখনই একবারে শেষ মিনিটে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ভারতের অভিষেক। তাঁর গোলে ৪-৩ ফলে নাটকীয়ভাবে ফাইনালে যায় ভারত।
ফাইনালে হরমনপ্রীতদের সোনা জেতার লড়াই মালয়েশিয়ার সঙ্গে। মালয়েশিয়া দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী কোরিয়াকে ২-১ গোলে হারিয়েছে। মালয়েশিয়ার ফাইনালে ওঠার পিছনে বড় ভুমিকা আজরাই আইজাদ আবু কামালের। তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ২ গোল করেছেন। ২০২৩ হ্যাংঝৌ এশিয়াডে সোনা জিতেছিল ভারত। সেই সোনার পদক নিজেদের দখলে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন হরমনপ্রীতরা শনিবার। ভারত আইচি নাগোয়া গেমসে চ্যাম্পিয়ন হলে সরাসরি ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সে খেলার যোগ্যতার্জন করবে।
খেলার শুরু থেকে প্রাধান্য দেখিয়ে ৫ ও ১৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীতের করা গোলে ২-০ এগিয়ে গিয়েছিল ভারত। আধিপত্য বজায় রেখে ২৩ মিনিটে সুখজিত ফিল্ড গোল করলে ভারতের পক্ষে ব্যবধান দাঁড়ায় ৩-০। মনে হয়েছিল এখান থেকে বুঝি আর ঘুরে দাঁড়াতে পারবে না পাকিস্তান। কিন্তু কোনও কারণে ভারতীয় হকি দল তাদের ছন্দ হারায়। বিশেষ করে রক্ষণে একটা অহেতুক অগোছালো ভাব নজরে আসে। দ্বিতীয় কোয়ার্টারে ৫টি পেনাল্টি কর্নার আদায় করে নেয় পাকিস্তান। তার একটি থেকে ৩০ মিনিটের মাথায় আবু মামুদ গোল করে ব্যবধান কমান। যা দেখে টিভিতে বিশেষজ্ঞর ভুমিকায় থাকা টোকিও ও প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের কিংবদন্তী গোলকিপার শ্রীজেস মন্তব্য করেছিলেন, রক্ষণের এই ঢিলেঢালা ভাবটা তাঁর পছন্দ নয়। এর জন্য বাকি ম্যাচ ভুগতে হতে পারে ভারতকে। পাকিস্তান আরও গোল করতে পারে, তবে ভারতীয় দলের যা ওজন তাতে শেষপর্যন্ত না জিতলে অবাক হবেন।
শ্রীজেসের বিশ্লেষণ ক্ষমতা ও পর্যবেক্ষণের দৃষ্টি কতটা সঠিক তার প্রমাণ মেলে তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারের খেলায়। হানান শাহিদ ৪৫ মিনিটে গোল করলে পাকিস্তানের পক্ষে ব্যবধান কম দাঁড়ায় ২-৩। ৪ মিনিটের মধ্যে পাকিস্তানের ওয়াহিদ রাণার গোলে ৩-৩ করে পাকিস্তান। যখন সকলে ধরেই নিয়েছিলেন ম্যাচ গড়াবে পেনাল্টি শুট আউটে, তখন ম্যাচের শেষ মিনিটে পাকিস্তান ডিফেন্ডার সুফিয়ানের স্টিক থেকে ছিটকে আসা বল ধরে গোলকিপার আলি রাজার পাশ দিয়ে গোলে পাঠান ভারতের অভিষেক।
কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতীয় মহিলা হকি দলও। শুক্রবার তাদের এবার সোনা জয়ের লড়াই চীনের সঙ্গে। চীন পেনাল্টি শুট আউটে জাপানকে হারিয়েছে। ৮২ এশিয়াডে শেষবার সোনা জিতেছিল ভারতীয় মহিলা হকি দল। সেলিমা টেটের ভারতের কাছে এবার ৪৪ বছরের সোনার পদকেক খরা মেটানোর মস্ত সুযোগ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
