অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় খেলাধুলোর জগতে নক্ষত্রপতন। অলিম্পিক ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের তারকা ডঃ ভেস পেজের জীবনাবসান। বার্ধক্য জনিত সমস্যা কিছুদিন ধরেই ভুগছিলেন তিনি। কলকাতায় বুধবার মাঝরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্পোর্টস মেডিসিনের অন্যতম জনক ভেস পেজের বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর দেখানো পথ ধরেই অলিম্পিকে টেনিসে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েন ছেলে লিয়েন্ডার পেজ। অলিম্পিকে পিতা-পুত্রের পদক জয়ের ঘটনা খুবই বিরল।
গোয়ায় ১৯৪৫ সালে জন্ম ভেস পেজের। খেলাধুলোর প্রতি ঝোঁক ছিল ছেলেবেলা থেকেই। শুধু যে হকিতেই সুনাম অর্জন করেছিলেন তিনি এমন নয়, ডিভিশনাল ক্রিকেট, রাগবি, ও ফুটবল খেলাতেও সমান দক্ষ ছিলেন। তবে ১৯৭২ মিউনিখ অলিম্পিকে ভারতীয় হকি দলের হয়ে ব্রোঞ্জ পদক জয়, তাঁকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ সম্মান ও স্বীকৃতি এনে দিয়েছিল। রাগবির প্রতি ভালবাসার কারণেই তিনি ইন্ডিয়ান রাগবি ফুটবল ইউনিয়ানের সভাপতি ছিলেন ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত।
কলকাতায় এসে ডাক্তারি পাস করার পর ভেস পেজ নিজেকে স্পোর্টস মেডিসিনের সঙ্গে নিজেকে জড়িয়ে বিশেষজ্ঞ হয়ে ওঠেন। এই ক্ষেত্রে তাঁর ভূমিকা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি ও অন্যান্য খেলায় তাঁকে সর্বক্ষণ ব্যস্ত থাকতে দেখা যেত। এমনকি এশিয়ান ক্রিকেট কাউন্সিল, বিসিসিআই তে, অ্যান্টি ডোপিং এডুকেশন প্রোগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য।
ভেস পেজের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন হকি জগতের মানুষ ছাড়াও বিভিন্ন ক্রীড়াপ্রেমীরাও।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
