অলস্পোর্ট ডেস্ক: লক্ষ্যটা ছিল এশিয়া কাপের চ্যাম্পিয়নের ট্রফির সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার। সেই লক্ষ্যে সফল তারা। ভারতীয় হকির হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনছে সাম্প্রতিক সময়ের ভারতীয় হকি দল। পর পর দুই বছর অলিম্পিকে ব্রোঞ্জ জিতে সেই দিকে বড় ইঙ্গিত আগেই দিয়ে রেখেছে ভারত। সঙ্গে এবার যোগ হল এশিয়া কাপও। অতীতে তিনবার এই এশিয়া কাপ জিতলেও দীর্ঘদিন এই ট্রফির স্বাদ পায়নি ভারত। শেষ পর্যন্ত দাপটের সঙ্গে দক্ষিণ কোরিয়াকে ফাইনালে হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে গেল ভারতীয় হকি। এক লড়াইয়ে দুই সাফল্য এল ভারতীয় হকিতে। ভারতের এই সাফল্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডলে ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘‘বিহারের রাজগীরে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫-এ দুর্দান্ত জয়ের জন্য আমাদের পুরুষ হকি দলকে অভিনন্দন। এই জয় আরও বিশেষ কারণ তারা বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে!’’
তিনি আরও লেখেন, ‘‘এটি ভারতীয় হকি এবং ভারতীয় খেলাধুলার জন্য একটি গর্বের মুহূর্ত। আমাদের খেলোয়াড়রা আরও উচ্চতায় উঠতে থাকুক এবং দেশের জন্য আরও গৌরব নিয়ে আসুক!’’
ভারতীয় হকিকে যিনি প্রান ফিরিয়ে দিয়েছিলেন সেই ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়কও শুভেচ্ছা জানাতে ভোলেননি। এখনও ভারতীয় হকি দলের স্পনসর ওড়িশা। যা তৈরি হয়েছিল তাঁরই হাত ধরে। তিনিও এক্স হ্যান্ডলে তাঁর উচ্ছ্বাসের কথা ভাগ করে নিয়েছেন। তিনি লেখেন, ‘‘বিহারের রাজগীর হকি স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে জিতে এশিয়াকাপ ২০২৫ জয়ের জন্য ভারতীয় হকি দলকে অভিনন্দন। দলটি কেবল চতুর্থবারের মতো কাপ জেতেনি, পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৬-এর জন্যও যোগ্যতা অর্জন করেছে। ভবিষ্যতের জন্য দলকে শুভকামনা।’’
এই মুহূর্তে এশিয়া কাপ ক্রিকেটের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যেই ভারতীয় হকি দলের সাফল্যে নজর রেখেছিলেন দলের কোচ গৌতম গম্ভীর। শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘ওয়েলডান বয়েজ’’।
অনুরাগ ঠাকুর লিখলেন, ‘‘ঐতিহাসিক! ভারত তার চতুর্থ এশিয়া কাপ জিতে নিল এবং বিশ্বকাপে খেলা নিশ্চিত করল ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে। এই জয় আমাদের হকি যোদ্ধাদের অদম্য মনোবল, টিম ওয়ার্ক এবং আবেগের প্রমাণ, যারা বিশ্ব মঞ্চে দেশকে গর্বিত করে চলেছেন। প্রতিটি ভারতীয়ের জন্য একটি গর্বের মুহূর্ত।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
