অলস্পোর্ট ডেস্ক: বছরের শুরুটা ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য জমজমাট হতে চলেছে। বিশেষ করে বাংলার ফুটবল বছরের শুরু থেকেই সাক্ষী থাকতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। সোমবার সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে ঘোষণা করা হয়েছে সুপার কাপ ২০২৪-এর গ্রুপ বিন্যাস। সেই অনুযায়ী একই গ্রুপে রয়েছে কলকাতার দুই জায়ান্ট ইস্টবেঙ্গল ও মোহনবাগান। যার ফলে এটা নিশ্চিত বছরের শুরুতেই মুখোমুখি হবে দুই দল। বছর শুরুতেই দেখা যাবে কলকাতা ডার্বি।
যে কলকাতা ডার্বির জন্য মুখিয়ে রয়েছে বাংলার ফুটবলপ্রেমীরা সেই ডার্বি এখনও না হয়েছে কলকাতা লিগে না আইএসএল-এ। সুপার কাপই প্রথম সেই ডার্বির স্বাদ দিতে চলেছে আপামর বাঙালি ফুটবলপ্রেমীদের। ইস্টবেঙ্গল, মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে হায়দরাবাদ এফসিও। আর একটি দল উঠবে আই লিগ থেকে।
চারটি গ্রুপে ভাগ করা হয়েছে সুপার কাপের দলগুলিকে। গ্রুপ বি-তে রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি ও আই লিগ থেকে ওঠা একটি দল। গ্রুপ সি-তে রয়েছে মুম্বই সিটি এফসি, চেন্নাইয়ন এফসি, পঞ্জাব এফসি ও আই লিগের তৃতীয় দল। গ্রুপ ডি-তে রয়েছে এফসি গোয়া, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি ও আই লিগের চতুর্থ দল।
যদিও সূচি এখনও প্রকাশ করেনি এআইএফএফ। তাই এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না কবে হবে কলকাতা ডার্বি। ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৮ জানুয়ারি ফাইনাল। সুপার কাপে খেলার নিশ্চয়তা দিয়েছে আই লিগের গোকুলাম কেরল, শ্রীনিধি ডেকাল, শিলং লাজং, ইন্টার কাশী ও রাজস্থান ইউনাইটেড। তবে চার দলকেই খেলানো হবে। আই লিগের পয়েন্ট দেখে নিশ্চিত করা হবে কারা খেলবে সুপার কাপে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
