অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার দুবাইয়ের মাঠে বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে মহিলা এশিয়া কাপের ফাইনালে উঠল ভারতীয় ক্রিকেট দল। এই নিয়ে ১০ম বার ফাইনাল খেলবেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা। এশিয়া কাপের শুরুর বছর থেকে প্রতিটি ফাইনালেই ভারতীয় দল জায়গা করে নিয়েছে। এখন দেখার হরমনপ্রীত কাউরের নেতৃত্বে ভারতীয় দল অস্টমবার চ্যাম্পিয়ন হয় কিনা? ফাইনালে হরমনপ্রীতরা মুখোমুখি হবেন পাকিস্তান ও শ্রীলঙ্কার বিজয়ীর বিরুদ্ধে।
সাতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা টসে জিতে। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে হরমনপ্রীতের ভারত সেমিফাইনালে ফেবারিট হিসেবে খেলতে নেমেছিল। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে স্মৃতি মান্ধানার (২) উইকেট খোয়ালেও শেফালি ভার্মার ৪০ বলে করা ৬৪ রানের ব্যাটিং ভারতের ইনিংস মজবুত করে। প্রতীকা রাওয়ালের(২০) সঙ্গে জুটি বেঁধে ৫০ রান যোগ করেন শেফালি। তবে ভাগ্য সাথ দিয়েছিল শেফালিকে। বাংলাদেশের ফিল্ডাররা ৬, ১১ ও ৫৬ রানের মাথায় শেফালির ক্যাচ ফেলেন। আর একবার রান আউট হতে হতে বাঁচেন শেফালি। শেষপর্যন্ত সুলতানা খাতুনের বলে পরিবর্ত ফরজানা ইয়াসমিনের হাতে ধরা পড়ে প্যাভিলিয়ানে ফেরেন তিনি। তখন ভারতের রান ছিল ৯২-৩।
তার আগে রাবেয়া খানের হাত ক্যাচ দিয়ে যখন প্রতীকা আউট হন, তখন ভারতের রান ছিল ৫৯-২। ভারত ২০ ওভারে ১৪৯ রান তোলে ৬ উইকেট খুইয়ে। শেফালি, প্রতীকা ছাড়া উল্লোখযোগ্য রান পান হরমনপ্রীত( অপরাজিত ২৪), রিচা ঘোষ( ২১)। রিচা আউট হন ভারতের রান যখন ১২৮। দীপ্তি শর্মা ব্যাট করতে এসে ৬ বলে ১৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। বাংলাদেশের বোলার সুলতানা খাতুন ৩০ রান দিয়ে ২ উইকেট পান।
জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১৫০ রান করা। কিন্তু শুরু থেকেই বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা নিয়মিত উইকেট খুইয়ে সেই লক্ষ্যমাত্রার ধারেকাছে পৌঁছতে পারেননি। শুরুর ধাক্কাটা দেন ভারতের বোলার শ্রীচরণী। পরে বাংলাদেশ ইনিংস ভাঙার কাজটা সারেন দীপ্তি শর্মা(৩-২৬) ও নন্দিনী শর্মা(২-১০)। সেকারণেই বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রানের বেশি তুলতে পারেনি। দিলারা আখতার(২১), শোরনা আখতার(অপরাজিত ২১), নিগার সুলতানা(১৯) ছাড়া আর কেউ বড় রান করতে পারেননি বাংলাদেশের হয়ে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
