সুচরিতা সেন চৌধুরী, মন্দারমণি: এক কথায় একটা স্বপ্নের সাফল্য পাওয়া। একটা উদ্যোগের বাস্তব রূপ নেওয়া। প্রায় দেড় বছর আগে মন্দারমণির মাটিতে এই ক্রীড়া মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন অলিম্পিয়ান দীপা মালিক। সেটা ছিল ২০২৪-এর জানুয়ারি মাস। কনকনে ঠাণ্ডা সঙ্গে প্রবল বৃষ্টি, তাঁর মধ্যেই এই স্বপ্নের শুরুটা হয়ে গিয়েছিল। আজ, সোমবার ২০২৫-এর ১৯ মে সেই ‘লাক্সারি আমার ট্রি রেসর্ট মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি’র উদ্বোধন হয়ে গেল। কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে সমুদ্র তীরবর্তী মন্দারমণিতে এই উদ্যোগ নিয়ে অবশ্য অনেক প্রশ্ন উঠেছে বলে আগাম জানিয়ে সিএসজেসির সভাপতি সুভেন রাহা বলেন, “কলকাতায় নয় কেন, প্রশ্ন উঠতেই পারে। আমি বলব, জেলায় নয় কেন? ” এই মিউজিয়াম তারই সব থেকে বড় প্রমাণ। জেলার হাতের মুঠোয় খেলার স্মারক পৌঁছে দেওয়া।
এই তো সবে শুরু। এই সংগ্রহশালা যে ভবিষ্যতে আরও বড় হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এদিন উদ্বোধনে হাজির হয়েছিলেন প্রাক্তন অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার, প্রাক্তন ফুটবলার শান্তি মল্লিক, বর্তমান ইস্টবেঙ্গল ফুটবলার শৌভিক চক্রবর্তী। ছিলেন আমার ট্রি-এর কর্ণধার প্রবীর রায়চৌধুরী ও আবীর রায়চৌধুরী আর ছিলেন এই সাফল্যের মূল উদ্যোক্তা কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সদস্যরা।
এই মিউজিয়াম উদ্বোধন করে জ্যোতির্ময়ী শিকদার বলেন, “আমরা এখানে যে জার্সি বা খেলার সরঞ্জাম দিলাম সেটা শুধু জিনিস নয়, সেগুলো আমাদের অদম্য পরিশ্রমের ফল। আশা করি এগুলো পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” শান্তি মল্লিক বলেন, “এই মিউজিয়াম দেশের খেলাধুলার অতীত সম্পর্কে জানতে সাহায্য করবে এই প্রজন্মকে।” শৌভিক চক্রবর্তী বলেন, “জেলার মানুষ এর থেকে উপকৃত হবে। আশা করব, আরও বড় হবে এই মিউজিয়াম।”
এখনও পর্যন্ত কী কী রয়েছে এই মিউজিয়ামের সেটা জেনে নেওয়া যাক-
১) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় ইন্দ্র রাসেলের হেলমেট।
২) দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার লান্স ক্লুসনারের সিং করা জার্সি।
৩) অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকারের ভারতীয় জার্সি।
৪) প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেট অধিনায়ক তিলকরত্নে দিলশানের জার্সি।
৫) মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা বাচেন্দ্রী পালের জার্সি।
৬) ২০২২ ফিফা বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়া নো মার্টিনে জের গ্লাভস।
৭) ২০০৩-এ আশিয়ান কাপ জয়ী দলের কোচ সুভাষ ভৌমিকের জার্সি।
৮) আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের ২০২৩ ও ২০২৪ মরসুমের প্লেয়ারদের সই-সহ জার্সি।
৯) দুই মরসুম আইপিএল-এ অংশ নেওয়া রাইজিং পুণে সুপার জায়ান্টে মহেন্দ্র সিং ধোনির জার্সি।
১০) প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের সইকরা জার্সি ও টুপি।
১১) ভারতীয় উইকেট-কিপার ঋদ্ধিমান সাহার সই করা গ্লাভস।
১২) প্যারা অ্যাথলিট দীপা মালিকের সই করা টুপি।
১৩) সুনীল গাভাস্কারের দেওয়া টুপি।
১৪) ১৯৬২ সালের জাকার্তা এশিয়ান গেমসে সোনাজয়ী দলের অধিনায়ক চুনি গস্বামীর অফিসিয়াল ব্লেজার।
১৫) অলিম্পিক সোনা জয়ী হকি দলের সদস্য গুরবক্স সিংয়ের জার্সি, হকি স্টিক ও বিশেষ মেমেন্টো।
১৬) পেলে অটোগ্রাফসহ ছবি।
১৭) ১৯৯৫ জাকার্তা এশিয়ান গেমসে সোনা ও রুপো জয়ী জ্যোতির্ময়ী শিকদারের সই-সহ তাঁর ব্যবহৃত জার্সি।
১৮) ইংলিশ চ্যানেল পার করার সময় ব্যবহৃত বুলা চৌধুরীর জার্সি।
১৯) প্রাক্তন ফুটবলার বিকাশ পাজির ব্যবহৃত ভারতীয় দলের জার্সি।
২০) প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখোপাধ্যায়ের ভারতীয় দলের জার্সি।
২১) ১৯৪২ সালে ইস্টবেঙ্গলের প্রথম কলকাতা লিগ জয়ের ব্যক্তিগত মেমেন্টো।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
