Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: রাজগিরের মাঠে‌ কোরিয়ার বিরুদ্ধে এশিয়া কাপ হকিতে সুপার ফোরের প্রথম ম্যাচে ২-‌২ গোলের ড্রয়ে অস্বস্তিতে ছিল ভারতীয় হকি দল। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৪-‌১ গোলে হারিয়ে শুধু স্বস্তি ফিরেছে হরমনপ্রীতদের তাই নয়, ফাইনালের পথে এক পা বাড়িয়ে ফেলেছে ভারত। শনিবার সুপার ফোরের শেষ ম্যাচে চীনের বিরুদ্ধে জিতলে ফাইনালে যাওয়া নিশ্চিত, ড্র করলেও যেতে পারে, সুপার ফোরের অন্য ম্যাচে কোরিয়া-‌মালয়েশিয়া ফল ভারতের অনুকূলে গেলে।

মালয়েশিয়ার বিরুদ্ধে শুরুতে ১ গোলে পিছিয়ে পড়েও দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে ভারত ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। গতবারের চ্যাম্পিয়ন কোরিয়াকে হারিয়ে চীন চমকে দিয়েছে। মালয়েশিয়াও সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে ৩ পয়েন্ট পেয়েছে। সেখানে কোরিয়ার সংগ্রহে মাত্র ১ পয়েন্ট। তাদের ফাইনালে যাওয়া বেশ কঠিন। কারণ সুপার ফোরের প্রথম দুই স্থানে থাকা দল ফাইনাল খেলবে।

তবে মালয়েশিয়ার বিরুদ্ধে আধিপত্য নিয়ে জিতলেও ভারতীয় হকি দলের কোচ ক্রেগ ফুলটন মনে করেন না ফাইনালে ওঠার কাজটা শেষ হয়নি। অর্থাৎ সোজা কথায়, না আঁচানো পর্যন্ত বিশ্বাস নেই। তিনি চান না কোনওভাবেই আত্মতুষ্টি আসুক দলে। সেটা মাথায় রাখছেন ভারতীয় হকি দলের ভীষ্মপিতামহ নামে পরিচিত মনপ্রীত সিং। ৪০০র বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। মালয়েশিয়া ম্যাচে জয়ের পর তাঁর প্রতিক্রিয়া, ‘‌কোরিয়ার বিরুদ্ধে অসংখ্য সুযোগ নষ্টের খেসারত দিয়ে ম্যাচ ড্র করার পর আমাদের একটাই লক্ষ্য ছিল মালয়েশিয়ার বিরুদ্ধে ছন্দটা ধরে রেখে জেতা। আমরা নতুন কিছু করিনি মালয়েশিয়া ম্যাচে। বরং কোরিয়া ম্যাচের মতোই মালয়েশিয়ার বিরুদ্ধে কোচ ফুলটনের স্ট্র‌্যাটেজি ফলো করেছি। এর সঙ্গে একটাই লক্ষ্য ছিল সুযোগগুলোর সদ্ব্যবহার। সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে যাওয়ায় গোল এসেছে। এটাই চীনের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলার আগে আত্মবিশ্বাস জোগাচ্ছে।’‌

ভারতের কোচ ফুলটনও খুশি মালয়েশিয়া ম্যাচের দলের খেলায়। বলেন, ‘‌ মালয়েশিয়া ম্যাচে বোঝাপড়া ছিল দারুন জায়গায়। প্রেসিং হকির দুর্দান্ত নমুনা খেলায় দেখা গেছে। আক্রমণের সঙ্গে রক্ষণের জমাট ভাবটা জয় এনে দিয়েছে।’‌ ভারতীয় হকি খেলোয়াড়দের সামনে মূল লক্ষ্য বা মোটিভেশন বলতে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে ২০২৬ বিশ্বকাপ হকি চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতার্জন করা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...