মুনাল চট্টোপাধ্যায়: রাত পোহালেই রবিবার যুবভারতীতে আইএসএলে কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। কিন্তু কলকাতা ডার্বি ঘিরে যে তুমুল উন্মাদনা বা উত্তেজনা অতীতে দেখা যেত, তার আঁচ মেলেনি এবার। আগে ডার্বি মানেই শহর জুড়ে একটা হৈহৈ ব্যাপার দু’দল সমর্থকদের মধ্যে। সবুজ মেরুন ও লাল হলুদ শিবিরের কাছে একটা মহারণের চেহারা নিত। টিকিটের চাহিদা তুঙ্গে থাকত। হাহাকার পড়ে যেত। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হত ঘোড়া পুলিসকে। সেসব ছবি উধাও। শুধু ফুটবলাররা তেতে থাকতেন এমন নয়, কোচদের বাক যুদ্ধ একটা আলাদা মেজাজ এনে দিত। পিকে ব্যানার্জি ও অমল দত্তর কথার লড়াই ম্যাচের আগে ও পরে মিথ হয়ে রয়েছে। কিন্তু সেসব কিছুই অনুভব করা গেল না রবিবার আইএসএল ডার্বির আগে। ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের বক্তব্যে যেখানে কোনও বাড়তি আক্রমণাত্মক ঝাঁজ ছিল না, তেমন পরে মোহনবাগান সুপার জায়ান্টের চিফ কোচ পানাজিওটিস ডিলপেরিসের কথাতেও শিরশিরে ঠান্ডায় রক্ত গরম হওয়ার মতো প্রতিক্রিয়া নেই ডার্বি খেলতে নামার আগে।
বাগান কোচ পানোসের কথা শুনে মনে হয়নি, আইএসএলে টানা ৫ ম্যাচ জিতে লিগ শীর্ষে থাকা সত্ত্বেও রবিবারের ডার্বি জেতার ব্যাপারে একশভাগ নিশ্চিত। বিশেষ করে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল যখন আনোয়ারের অভাবে নড়বড়ে রক্ষণ নিয়ে কিছুটা হলেও চাপে। এমনকি ডুরান্ড ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে হ্যাটট্রিক করা এডমুন্ডও চোটের জন্য নেই। সম্ভবত ডুরান্ড ফাইনালের বড় হারটা মন থেকে যায়নি পানোসের। আর সেকারণেই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আত্মতুষ্টির খেসারত যাতে না দিতে হয়, তার জন্য যেন একটু বেশিই সতর্ক সবুজ মেরুন কোচ পানোস।
ডার্বি জয়ের সাফল্যের পরিসংখ্যানের খতিয়ানের পাল্লাটা পুরোপুরি ভারি মোহনবাগানের পক্ষে। আইএসএলে কোনও হার নেই তাদের। বরং জয়ের সংখ্যা ১০, ড্র দুই। চলতি মরশুমে এটা পঞ্চম ডার্বি হতে চলেছে। মোহনবাগান ডুরান্ডে একবার জিতেছে, একবার হেরেছে। শিল্ডে মোহনবাগান জিতে চ্যাম্পিয়ন হয়। কলকাতা ফুটবল লিগে দু’দলের মধ্যে খেলা ড্র হয়। তবু পানোস নিজেকে হট ফেবারিট ভাবতে নারাজ। বরং বলেন, ‘অতীতে কী হয়েছে ভেবে লাভ নেই। রবিবারের ম্যাচটা সম্পূর্ণ নতুন ও আলাদা। ডার্বি সবসময় অন্য চরিত্রের ও মেজাজের ম্যাচ। ম্যাচের দিনে শুধু কৌশলের ওপর জয় পরাজয় নির্ভর করে না। ফুটবলারদের মানসিকতার ওপর পারফরমেন্স নির্ভর করে। তাতেই ফলাফল নির্ধারিত হয়। আমার দলে এমন অনেক ফুটবলার আছে, যাদের আমার থেকে ডার্বিতে খেলার অভিজ্ঞতা বেশি। এই মরশুমে আমি ৪বার ডার্বিতে কোচের ভূমিকায় ছিলাম। কলকাতা লিগে কোচিং করেছিলেন মূলত সহকারীরা। পরিসংখ্যানের ওপর ভরসা করে এই ম্যাচ খেললে ভুল হবে। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা মাথায় রেখে খেলতে হবে ম্যাচ জিততে। বাড়তি চাপ না নিয়ে।’
সাংবাদিক সম্মেলনের শুরুতেই মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়, রবিবারের ডার্বিতে মাঝমাঠ ও আক্রমণের অন্যতম অস্ত্র মিগুয়েল থাকছেন না, ব্যক্তিগত কারণে বাড়ি ফিরে গেছেন বলে। দুর্ভাগ্য মিগুয়েল ও মোহনবাগানের। মিগুয়েল সবে ফিট হয়ে ডার্বি খেলার জন্য তৈরি হচ্ছিলেন। তিনি কোচ পানোসের পরিকল্পনায় ছিলেন। কিন্তু সেই প্ল্যান ভেস্তে গেল। তবে তার জন্য মোহনবাগান যে খুব একটা অসুবিধায় পড়ল এমন নয়। কারণ কোচ পানোসের হাতে অনেক বিকল্প। মাঝমাঠে আপুইয়ার পুরো সুস্থ হয়ে ফেরার পর থেকে তাঁর চিন্তা অনেকটাই দূর হয়েছে। শিল্ডে মাথা ফেটে যাওয়ার পর ব্যান্ডেজ বেঁধে দারুন লড়াই করে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফাইনালে জয় এনে দিয়েছিলেন ডেজান ড্রাজিচ। তিনি রবিবারের ডার্বিতেও পানোসের তুরুপের তাস। ড্রাজিচ বলেও দিলেন, ডার্বির গুরুত্ব তিনি ও তাঁর সতীর্থরা জানেন। সদস্য-সমর্থকদের প্রত্যাশাপূরণে ম্যাচ জিততে সেরাটাই দেবেন মাঠে নেমে।
রক্ষণের মূল ভরসা আলবার্তোর ডার্বিতে খেলা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছিল। কিন্তু শনিবারের অনুশীলনের পর ও কোচ পানোসের কথায় সেটা কেটে গেছে। আলবার্তো ডার্বিতে খেলবেন। তবে রাইটব্যাক অভিষেক সিং ডার্বিতে অনিশ্চিত। তিনি ম্যাচের আগের যুবভারতীর ট্রেণিং গ্রাউন্ডের দলের সঙ্গে অনুশীলন করেননি। আলাদা গা ঘামান। তাই অভিষেক না থাকলে, রাইটব্যাকে মেহতাব সিংয়ের খেলার সম্ভাবনাই বেশি। লেফট ব্যাকে শুভাশিস বসু। স্টপারে আলবার্তোরে সঙ্গে জুটি বাঁধবেন রাহুল বেকে। মাঝমাঠে আপুইয়ার পাশে সমীর জেলকোভিচকেই খেলতে দেখা যাবে বলেই আভাস মিলেছে। পানোসের কাছে প্রশ্ন ছিল, কেন অনিরুদ্ধ থাপা শুরু থেকে নয়? বাগান কোচের উত্তর, থাপা সেরা নাম্বার ৮ ফুটবলার। কিন্তু দলের স্বার্থে, জেলকোভিচের খেলার ধরন দেখে তিনি প্রথম একাদশে তাঁকেই ব্যবহার করছেন। থাপাকে পরিস্থিতি বুঝে খেলিয়ে লাভবান হয়েছেন। থাপা তাঁর কৌশলের সঙ্গে একমত। সবসময় হাসি মুখে লেগে থাকে। পারফেক্ট লিডার ও টিমম্যান। চোটের জন্য সাহাল নেই। তবে সেটাও পানোসকে ভাবাচ্ছে না। কারণ তাঁর হাতে ম্যাকলারেন, এরউইন, মনবীর ও লিস্টনের মতো আক্রমণ শানিয়ে ইস্টবেঙ্গল রক্ষণকে চাপে ফেলে দেওয়ার মতো ফুটবলার রয়েছে। অতএব আক্রমণে কিছুটা হলেও এগিয়ে মোহনবাগান।
রক্ষণ নিয়ে কি ততটা আত্মবিশ্বাসী মোহনবাগান? আইএসএলের প্রথম ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হারতে হয়েছিল। তারপর টানা ৫ ম্যাচ জিতলেও একটা ম্যাচ ছাড়া সব ম্যাচেই গোল হজম করেছে। পানোস অবশ্য ভাঙবেন, কিন্তু মচকাবেন না গোছের একটা প্রতিক্রিয়া দিলেন। বলেন, টানা ৫ ম্যাচ জিতে শীর্ষে থাকার পর এমন প্রশ্ন অবান্তর। দিনের শেষে জয়টাই আসল কথা। গোল খেলেও বেশি গোল করে ৩ পয়েন্ট ঘরে এনেছেন ফুটবলাররা। ডার্বিতে সেই আত্মবিশ্বাসে ভর করেই জয়ের জন্য ঝাঁপাবেন তাঁরা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
