Cart Total Items (0)

Cart

All Sports India

সুচরিতা সেন চৌধুরী: ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ ১১-এ সারা দেশের অ্যাথলিটদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও অসাধারণ নৈপুণ্যের লড়াই দেখা গেল সোমবার সল্টলেক সাই-তে। এই আসরে আটটি সোনা-সহ একগুচ্ছ পদক জিতে পশ্চিমবঙ্গ দিনের অন্যতম সফল দল হিসেবে জায়গা করে নিল। এই প্রতিযোগিতার অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন এশিয়ান চ্যাম্পিয়নশিপের রুপোর পদকজয়ী হারমিলান বেইনস, যিনি মহিলাদের ৫০০০ মিটার দৌঁড়ে ফেভারিট হিসেবেই নেমেছিলেন। তবে শেষ পর্যন্ত মহারাষ্ট্রের সঞ্জিবনী বাবরাও যাদব দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সোনা জিতে সবার নজর কেড়ে নেন।

সঞ্জিবনী ১৬:৪৭.১৬ সময়ে দৌড় শেষ করে শীর্ষস্থান দখল করেন; অন্যদিকে, প্রচুর প্রত্যাশা নিয়ে নামলেও হারমিলানকে রুপোর পদকেই সন্তুষ্ট থাকতে হয়। যদিও এই প্রতিযোগিতায় জাতীয় স্তরের বেশ কয়েকজন তারকা অংশ নিয়েছিলেন, তবুও পশ্চিমবঙ্গের অ্যাথলিটরাই নিজেদের ছাপ রাখতে সক্ষম হন। ট্র্যাক ইভেন্ট থেকে শুরু করে ফিল্ড ডিসিপ্লিন—সব ক্ষেত্রেই বাংলার অ্যাথলিটরা দিনভর অসাধারণ প্রতিভা ও ধারাবাহিকতার পরিচয় দেন।

বাংলার পদকজয়ীদের তালিকাটা দেখে নেওয়া যাক—

মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতেন তনুশ্রী মহালদার। পুরুষদের ২০০ মিটার ব্রোঞ্জ পদক পান পিযূষ ঘোষ। পুরুষদের অনূর্ধ্ব-২০ লং জাম্পএ রুপো জেতেন সঞ্জয় মণ্ডল ও ব্রোঞ্জ তুলে নেন সোহন কুমার বিশ্বাস। মহিলাদের অনূর্ধ্ব-২০ লং জাম্পে রুপো জেতেন জেনিয়া মণ্ডল। পুরুষদের ৮০০ মিটারে সোনা জিতে বাংলাকে দ্বিতীয় সোনা এনে দেন সায়ন কর্মকার। একই ইভেন্টে রুপো জেতে‌ অর্ঘ্য ঘরামি ও জোড়া ব্রোঞ্জ জিতে নেন মহম্মদ মহসিন আওয়াল ও শুভজিৎ মণ্ডল। পুরুষদের অনূর্ধ্ব-২০ ৮০০ মিটার ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন মহম্মদ রাহুল। পুরুষদের অনূর্ধ্ব-২০ ৫০০০ মিটারে রুপো ওঠে বলরাম মণ্ডলের হাতে।

এছাড়া মহিলাদের অনূর্ধ্ব-২০ ১০০ মিটারের তিনটি পদকেরই দখল নেন বাংলার মেয়েরা। অর্কিতা বন্দ্যোপাধ্যায় সোনা, অনুষ্কা কর রুপো ও রিয়া রায় ব্রোঞ্জ পদক জিতে নেন। পুরুষদের অনূর্ধ্ব-২০ ১০০ মিটার রেস এ-তে মোহিত মিস্ত্রির সোনার পাশাপাশি রেস বি-তেও সোনা জিতে নেন টিপন দাস। মহিলাদের ১০০ মিটারে সোনা জেতেন তমশ্রী মিশ্র। পুরুষদের অনূর্ধ্ব-২০ জ্যাভেলিন থ্রোয়ে সোনা ও ব্রোঞ্জ জিতে জোড়া পদক আনেন দেবাশিস ও নারুগোপাল বিশ্বাস। পুরুষদের ৪০০ মিটার রেস এ-তে সমীর রহমান ও রেস বি-তে বুদ্ধদেব বারুই সোনা জিতে, সোনার সংখ্যা অনেকটাই বাড়িয়ে দেন। মহিলাদের ৪০০ মিটারে রুপো জেতে‌ন অদিতি বন্দ্যোপাধ্যায় ও মহিলাদের লং জাম্পে ব্রোঞ্জ জিতে নেন বিদিশা কুণ্ডু।

বাংলার ক্রীড়াবিদদের এই অসাধারণ পারফরম্যান্স ভারতীয় অ্যাথলেটিক্সে রাজ্যের ক্রমবর্ধমান শক্তিরই ইঙ্গিত। বিভিন্ন ইভেন্ট ও বয়সভিত্তিক বিভাগে পদক জয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের অ্যাথলিটরা তাদের প্রতিভাকে তুলে ধরেছেন যা ভবিষ্যতে তাদের আরও অনেক সাফল্য তুলে আনতে সাহায্য করবে।

‘ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ নং ১১’ ক্রীড়াবিদদের জন্য সর্বোচ্চ ঘরোয়া স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি আসন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে চলেছে। পাশাপাশি বাংলার মাটিতে দীর্ঘ এক যুগ পর জাতীয় অ্যাথলিটসের এই আসর বাংলার অ্যাথলিটদের নতুন করে স্বপ্ন দেখাবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *