Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ বাজারে রটে যাওয়া খবরে চমকে গেছেন ভারতীয় হকি দলের চার বর্ষীয়ান খেলোয়াড়। মনদীপ সিং, জারমানপ্রীত সিং, অমিত রোহিদাস, নীলকান্ত শর্মা ভারতীয় হকি দলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন দেশের মাটিতে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর অনুষ্ঠেয় চ্যাম্পিয়নশিপ ট্রফিতে। এমন খবর রটিয়েছেন হকি ইন্ডিয়ার কর্তারা। এতে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন, সদ্য আইচি নাগোয়া এশিয়ান গেমসে সোনা জয়ী দলের সদস্যরা। তাঁরা জানিয়েছেন, এমন কোনও সিদ্ধান্তের কথা কাউকে বলেননি। বরং চ্যাম্পিয়নশিপ ট্রফির পরও তাঁরা খেলা চালিয়ে যেতে চান। এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়ায় ভারত সরাসরি ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সে অংশগ্রহণের ছাপত্র আদায় করে নিয়েছে। স্বাভাবিকভাবে তাঁরা সেই অলিম্পিক্সে ভারতের জার্সি গায়ে মাঠে নামতে চান। তাই তাঁদের অবসর গ্রহণ নিয়ে খবর প্রকাশিত হওয়ায় তাঁরা বিস্মিত।

এই চার হকি তারকা একজন ইতিমধ্যেই সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘‌ আমরা প্রচারমাধ্যম মারফত এই খবর জানতে পেরেছি। কিন্তু এব্যাপারে হকি ইন্ডিয়া আমাদের কিছু বলেনি, বা কোনও আলোচনাও করেনি। সম্প্রতি এশিয়ান গেমসে সোনা জয়ের পর আমরা অবশ্যই সম্মান প্রাপ্তির আশা করি।’‌

আর একজন খেলোয়াড়ের প্রতিক্রিয়া, তাঁরা এশিয়ান গেমসে সোনা জয়ের সংবর্ধনা আয়োজনে ব্যস্ত ছিলেন। কিন্তু এই ধরনের খবরে তাঁদের মন খারাপ করে দিয়েছে। সংবর্ধনার আয়োজন এখন জোলো ঠেকছে। বলেন, ‘‌ আমরা চারজন চ্যাম্পিয়ন্স ট্রফির পর দেশের জার্সি গায়ে খেলা ছাড়ছি এই খবর বাজারে ছড়িয়ে পড়ার পর প্রচুর ফোন পাচ্ছি। সকলেই জানতে চাইছেন, আমি অবসর নিচ্ছি কিনা?‌ আমি রীতিমতো স্তম্ভিত। কারণ আমি এইধরনের কোনও সিদ্ধান্তে কথা কাউকে বা কোথাও বলিনি। বরং ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সকে সামনে রেখে কঠোর পরিশ্রম করার জন্য তৈরি হচ্ছি। তাই অবসরের কথা সামনে এল কেন?‌ আমি এই জায়গায় পৌঁছেছি প্রচুর পরিশ্রম ও আত্মত্যাগ করে। এশিয়ান গেমসে সোনা জয়ের পর আমি আশাবাদী লস এঞ্জেলসে ভাল খেলে পদক জয়ের হ্যাটট্রিক করতে।’‌

চ্যাম্পিয়ন্স ট্রফির ১৮ জনের দলে প্রত্যাবর্তন ঘটেছে গোলকিপার কৃষ্ণান বাহাদুর ঠাকুরের। এছাড়া নবীন দুই হকি খেলোয়াড় ডিফেন্ডার আমনদীপ লাকড়া ও মিডফিল্ডার আদিত্য অর্জুন লালাজের সামনে সিনিয়র দলে জায়গা পাকা করার সুযোগ।

টুর্নামেন্ট শুরু হবে জলন্ধরের সুরজিত সিং হকি স্টেডিয়ামে। উদ্বোধনী ও লিগ পর্যায়ের সব ম্যাচ এখানেই হবে। চলবে ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত। এরপর খেলা চলে যাবে মোহালিতে। সেমিফাইনাল ৪ নভেম্বর। পরদিন অর্থাৎ ৫ নভেম্বর ফাইনাল ও ব্রোঞ্জ পদকের ম্যাচ হবে বলবীর সিং সিনিয়র ইন্টারন্যাশানাল হকি স্টেডিয়ামে। ভারতীয় হকি দলের কোচ ক্রেগ ফুলটন আশাবাদী ও আত্মবিশ্বাসী, ঘরের মাঠে পাঞ্জাবের হকিপ্রেমীদের সমর্থন নিয়ে কাপ জিতবে ভারত।

ভারতের মাটিতে খেলা বলে পাকিস্তান অংশ নিচ্ছে না। তার জায়গায় খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ২৭ অক্টোবর প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। ২৯ অক্টোবর ভারতের সামনে চীন। ৩০ অক্টোবর ভারতের প্রতিপক্ষ জাপান। ১ নভেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলবে ভারত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...