অলস্পোর্ট ডেস্ক: মোহনবাগান ক্লাব কলকাতা হকি লিগের থেকে বেটন কাপে খেলতে বেশি আগ্রহী। সংক্ষিপ্ত আকারের লিগ হলে মোহনবাগান খেলবে, নইলে বাংলার হকির উন্নতিতে লিগের দল গড়তে ও অংশ নিতে যে খরচ হয়, সেটা হকি অ্যাকাদেমি তৈরিতে কাজে লাগাতে চেষ্টা করবে। শুক্রবার ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির বৈঠক শেষে পাশে সচিব সৃঞ্জয় বসুকে নিয়ে প্রচারমাধ্যমকে এই কথা জানান মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত।
কেন এমন ভাবনা, তার ব্যাখ্যা করতে গিয়ে দেবাশিস বলেন, ‘ আধুনিক যুগে সবকিছুই বানিজ্যকরণের ভিত্তিতে লাভ নির্ভর। হকি খেলাটা আমাদের রাজ্যে অনেককাল জনপ্রিয়তা হারিয়েছে। আগে যখন মোহনবাগান মাঠে খেলা হত, তখন ম্যাচে ৫ হাজারের মতো দর্শক হত। এখন সল্টলেকের অ্যাস্ট্রোটার্ফে খেলা চলে যাওয়ার পর হাতে গোনা দর্শক হয়। তার থেকেও বড় কথা, কলকাতা ফুটবল লিগের উন্নতিতে হকি বেঙ্গলের কোনও উদ্যোগই নেই। এখন যেভাবে হকি লিগ চলে, সেটা অংশগ্রহণকারী দলের পক্ষে সুবিধাজনক নয়। বর্তমান পরিস্থিতিতে এক থেকে দেড়মাসের লিগ খেলা শুধু ব্যয়বহুল নয়, অন্য অনেক সমস্যাও আছে। কলকাতা লিগে ভিনরাজ্যের নামী খেলোয়াড়রা খেলতে আসে। তারা টানা থাকে না। তাদের আসা যাওয়া, সাময়িক থাকা খাওযার জন্য বিমানযাত্রা ও হোটেল খরচ বাবদ ২৫ থেকে ৩০ লাখ খরচ হয় দেড় মাস ধরে লিগ চললে। এই লিগটা ১০ থেকে ১৫ দিনের মধ্যে আয়োজন করা হলে, সেই খরচটা অনেক কমে যাবে। ওই টাকাটা হকি অ্যাকাদেমি গড়ার কাজে লাগালে রাজ্যের হকির উন্নতি হবে। আমরা বরং সেটাই করব। হকি বেঙ্গলকে চিঠি লিগে সেটা জানাচ্ছি। বেটন কাপ তো সাত থেকে ১০ দিনের মধ্যে শেষ হয়। বেটন কাপের আমন্ত্রণ পেয়েছি খেলার জন্য। সেটা খেলতে তাই বেশি আগ্রহী।’
মোহনবাগান একসময় মহিলা ফুটবল দল গড়ে আইডব্লিউএলে খেলার কথা বলেছিল। সেই উদ্যোগ দেখা যাচ্ছে না কেন? দেবাশিস ও সৃঞ্জয় বলেন,‘ মোহনবাগান মহিলা ফুটবল দল গড়ে খেলার কথা থেকে সরে আসছে না। বরং যেটা দরকার সেটা হল মহিলা ফুটবলারদের খেলায় অংশ নেওয়ার জন্য আদর্শ পরিকাঠামো। সেই পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা চলছে। মেয়েদের জন্য আলাদা মাঠ, সাজঘর সহ আরও কিছু প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হয়ে গেলে মোহনবাগানের মহিলা ফুটবল দল খেলবে।’
যুবভারতীতে ১৯ ডিসেম্বর গানের জলসার আসর বসবে। তার জন্য ২১ ডিসেম্বর অনুষ্ঠেয় ইস্টবেঙ্গল-নর্থ ইস্টের মধ্যে আইএসএলের ম্যাচ ১২ জানুয়ারি পিছিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছে লিগ কমিটি। এবারের আইএসএলের প্রধান উদ্যোক্তা হল ক্লাবের যৌথ কমিটি। মোহনবাগান সুপার জায়ান্ট তাদের একজন। হঠাৎ করে খেলা বন্ধ করে জলসার আয়োজন করাকে কি মোহনবাগান কর্তারা সমর্থন করেন? সভাপতি দেবাশিস বলেন, ‘এনিয়ে আমাদের কাছে কোনও খবর নেই। আর আমাদের ম্যাচ তো পেছাচ্ছে না। যাদের ম্যাচ পিছিয়ে যাচ্ছে, সেটা তাদের ব্যাপার। তারা রাজ্য সরকারের সঙ্গে কথা বলবে কিনা, সেটা তারাই ভাল বুঝবে। এমনও হতে পারে, তাদের আইএসএল অবস্থা ভাল নয় বলেই হয়ত এই ধরনের ম্যাচ পেছানোর ঘটনায় তারা খুশি, প্রচ্ছন্ন সমর্থন থাকতেও পারে। আমাদের ম্যাচের ক্ষেত্রে এমন কিছু হলে, নিশ্চয়ই ভাবব বা তখন বক্তব্য রাখব।’
শুক্রবার কার্যকরী কমিটির বৈঠকে ঠিক হয়েছে ক্লাব লনেই সাধারন বার্ষিক সভা হবে ৪ ডিসেম্বর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
