Cart Total Items (0)

Cart

All Sports India

মুনাল চট্টোপাধ্যায়:‌ আইএসএল ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-‌র ম্যাচ মিলিয়ে গত ৪ ম্যাচে কোনও জয় পায়নি ইস্টবেঙ্গল। দুটো ড্র, দুটো হার। তার মধ্যে চেন্নাইন এফসির বিরুদ্ধে ৩-‌৫ গোলে হার। তারওপর গোদের ওপর বিষফোড়ার মতো আনোয়ার আলির পর চোটের জন্য আক্রমণের অন্যতম সেরা অস্ত্র এডমুন্ডের দশ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়া। তবে এসব মাথায় রাখতে চান না ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস, মঙ্গলবার ঘরের মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-‌র ম্যাচে ঘরের মাঠে যুবভারতীতে আল হুসেইনের মুখোমুখি হওয়ার আগে। হাবাসের সাফ কথা, এটাই শেষ সুযোগ আল হুসেইনকে হারিয়ে এএফসির নকআউটে যাওয়ার আশা জিইয়ে রাখার। তাই সমস্যা যাই থাক, সেটা নিয়েই ম্যাচ জেতার জন্য ঝাঁপাতে হবে। একইসঙ্গে হাবাস এটাও বলে দিলেন, আল হুসেইন ম্যাচের পরেই আইএসএল ডার্বি। তাই আপাতত আল হুসেইন ম্যাচে ফোকাস থাকলেও, মঙ্গলবারের ম্যাচে ভাল ফল না করলে তার প্রভাব ডার্বিতে পড়তে পারে। ম্যাচ জিতলে ডার্বিতে মোটিভেশন ঠিক জায়গায় থাকবে।

ইস্টবেঙ্গল দল যখন চোট ও ঘনঘন ম্যাচ খেলার ক্লান্তি সমস্যায় বেশ কাহিল, তখন প্রতিপক্ষ জর্ডনের দল আল হুসেইন রয়েছে ফুরফুরে মেজাজে। ভ্যালেন্সিয়ায় একদা হাবাসের আন্ডারে খেলা আল হুসেইন কোচ কুরো টোরেসের সামনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে যাওয়ার অঙ্ক একটাই। ইস্টবেঙ্গলকে হারিয়ে ৩ পয়েন্ট পাওয়া। হাবাস ছাড়াও ইস্টবেঙ্গলের দানি রামিরেজকে চেনেন টোরেস। ভ্যালেন্সিয়ায় সহকারী কোচ থাকার সময় রামিরেজ তাঁর প্রশিক্ষণে খেলেছিলেন।

আল হুসেইনের সংগ্রহে এখন ৪ ম্যাচে ৫ পয়েন্ট। আল শোরতা ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। আল সিবের ৪ ম্যাচে ৪ পয়েন্ট। সেখানে ইস্টবেঙ্গলের পকেটে ৪ ম্যাচে মাত্র ২ পয়েন্ট। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আল হুসেইন জিতলে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নকআউটে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করবে। ইস্টবেঙ্গলকে নকআউটে যাওয়ার লড়াইয়ে টিঁকে থাকতে তাই জিততেই হবে। ড্র করলেও সম্ভাবনা শেষ।

পুরো শক্তির দল নিয়েই খেলতে এসেছেন আল হুসেইন কোচ। দলে ২০২৬ বিশ্বকাপে খেলা ৪ বিশ্বকাপার রয়েছে। তবু ছন্দে না থাকা ইস্টবেঙ্গলকে হাল্কা ভাবে নিতে নারাজ তিনি। জর্জনের মাঠে শুরুতে ২ গোলে পিছিয়ে থেকে পরে লাল হলুদ রক্ষণের ভুলে ২ গোল শোধ দিয়েছিল আল হুসেইন। অ্যাওয়ে ম্যাচে যুবভারতীতে লড়াইটা সহজ হবে না বলেই মনে করেন আল হুসেইন কোচ। বলেন, নকআউটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে। তাই আত্মতুষ্টির কোনও জায়গা নেই।’‌

অন্যদিকে, ইস্টবেঙ্গল কোচ হাবাস মানছেন, ‘‌আনোয়ার ও এডমুন্ড দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার। কিন্তু যারা নেই, তাদের নিয়ে হাহুতাশ করে লাভ নেই। বরং আল হুসেইন ম্যাচে দলটাকে কীভাবে গুছিয়ে নিয়ে খেলানো যায়, সেই চেষ্টাই করছি।’‌ গত কয়েকটি ম্যাচে আইভরি কোস্টের স্ট্রাইকার একে লোবা প্রথম একাদশে থাকছিলেন না। এনিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। তবে এডমুন্ড না থাকায় ডেভিড ও লোবা যে আল হুসেইন ম্যাচে প্রথম একাদে ফিরবেন, সেই ইঙ্গিত দিয়েই রাখলেন কোচ হাবাস। অনুশীলনেও সেটা দেখা গেছে। তাছাড়া আল হুসেইন ম্যাচে স্টপারে জিবুলিচের পাশে স্টপারে সন্দীপ নন্দীকেও খেলতে দেখা যাবে, এটা আশা করাই যায়।

গত চার ম্যাচে ৯ গোল হজম করেছে ইস্টবেঙ্গল। রক্ষণের নড়বড়ে ভাব কি আল হুসেইন ম্যাচে চিন্তায় রাখছে?‌ হাবাসের উত্তর, ‘‌ শুধু চেন্নাইন ম্যাচে দল হজম করেছিল ৫ গোল। আবার ওই ম্যাচে ৩ গোল করেওছিল। শুধু রক্ষণ নয়, গোটা দলের খেলাতেই উন্নতি ঘটানো জরুরি। অজুহাত মনে হলেও আসলে এএফসি ও আইএসএলের খেলা একইসময় পড়ায় অসুবিধা তো হচ্ছেই। যাতায়াত ও ম্যাচ খেলা নিয়ে সাতদিনে মাত্র একদিন অনুশীলন করা সম্ভব হচ্ছে। দলের ভুল ত্রুটি শোধরানো বা কৌশল নিয়ে কাজ করার সুযোগ মিলছে কম। তবে এর মাঝেই জয়ের ছন্দে দলকে ফেরাতে হবে।’‌ সে তো করতেই হবে, নইলে সামনের আইএসএল ডার্বিতে ভুগতে হবে ইস্টবেঙ্গলকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...