অলস্পোর্ট ডেস্ক: বেসিন রিজার্ভের মাঠে প্রথম ক্রিকেট টেস্টের চতুর্থ দিনে রানের পাহাড় গড়ল ভারত। হার বাঁচাতে লড়ছে নিউজিল্যান্ড। ভারত ৯ উইকেটে ৭২০ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে নিউজিল্যান্ডের মাটিতে সর্বাধিক রানের রেকর্ড গড়ে। জবাবে দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ১১৯ রানে ২ উইকেট খুইয়ে চাপে নিউজিল্যান্ড। এখনও ২৩৩ রানে পিছিয়ে ইনিংস হার বাঁচাতে। ক্রিজে রয়েছেন ডেভিড কনওয়ে( ৫৯) ও রাচিন রবীন্দ্র(২৭)। প্রথম ইনিংসের শতরান করা হেনরি নিকোলাস ৩১ রান করে প্যাভিলিয়ানে ফেরত গেছেন। প্রসিধ কৃষ্ণার বলে দুরন্ত ক্যাচ নিয়ে তাঁকে আউট করেন ধ্রুব জুরেল। যশপ্রীত বুমরা দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামকে আউট করেন। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ৩৬৮। পঞ্চম দিনে ভারতের দরকার ৮ উইকেট জয়ের জন্য।
নিউজিল্যান্ডের মাটিতে ৭২০-৯ ভারতের সবার্ধিক রান টেস্টে। এর আগে ২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ডের রান ছিল ৭১৫-৬। এছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সর্বাধিক রানের রেকর্ড ভারত। ১৯৯৫য়ে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ৬৬০-৫ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল। টেস্ট ইনিংসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০০র ওপর তুলেছিল আগে একবারই। সেটা ২০০৯য়ে হ্যামিল্টনের মাঠে, ৫২০ রান।
দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৪৮৬-৪। যশস্বী জওসোয়ালের ৮৫, কেএল রাহুলের ১৩৬, শুভমান গিলের ৯৮, দেবদূত পাড়িক্কালের ৮০ রান করার সুবাদে। ঋষভ পন্থ ৫৫ রান অপরাজিত ছিলেন। সঙ্গে ক্রিজে ছিলেন আনশুল কম্বোজ। প্রথম ইনিংসে ১১৮ রানের লিড ছিল সেসময়। আনশুল ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। এরপর ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা দারুনভাবে করেন ঋষভ পন্থ ও ধ্রুব জুরেল। মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগের শেষ বলে ঋষভ পন্থের ১২৮ রানের ঝকঝকে ইনিংস শেষ হয়।
প্রশ্ন জাগছিল ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল কখন ইনিংসের সমাপ্তি ঘোষণা করবেন? ওয়াশিংটন সুন্দর ২৪ রানে আউট হওয়ার পর অনেকেই ভাবছিলেন, এবার বুঝি ইনিংস ডিক্লেয়ারের ঘোষণা হবে। তা হয়নি। আকাশ দীপ ক্রিজে এসে যোগ দেন ধ্রুব জুরেলের সঙ্গে। আকাশ দীপ ৪ বলে খেলে আউট হন। তবে তার মধ্যে ২টি ছক্কা হাঁকিয়ে। শুভমান গিলকে দেখা যায় বাউন্ডারি রোপের ধারে গিয়ে দাঁড়াতে। ধ্রুব জুরেল ৭৮ রানে আউট হতে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন শুভমান। যশপ্রীত বুমরা ৭ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে সবচেয়ে সফল গ্লেন ফিলিপস (৩-১৫৪) ও রাচিন রবীন্দ্র (২-৪৪)। পঞ্চম দিনে হার বাঁচাতে হলে নিউজিল্যান্ড ব্যাটারদের অসাধ্যসাধন করতে হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
