Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে প্রথম ম্যাচ হেরে আইএসএল অভিযান শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তাতে খানিকটা হলেও চাপে ছিল সবুজ মেরুন ব্রিগেড। একইসঙ্গে কোচ পানোস। পরপর ৪ ম্যাচ জেতার পর সেই চাপটা অবশ্য কমেছে। এছাড়াও বাগান কোচ পানোসের জন্য বেশি স্বস্তির জায়গা, আন্তর্জাতিক ব্রেকের সুযোগ কাজে লাগিয়ে দলের ৪ গুরুত্বপূর্ণ ফুটবলার আপুইয়া, ম্যাকলারেন, এরউইন ও মিগুয়লের ফিট হয়ে ওঠা।

তবে মিগুয়েল সবে ফিট হয়েছেন, তাই তাঁকে রবিবার চার্চিলের বিরুদ্ধে ম্যাচ খেলতে গোয়ায় নিয়ে যাচ্ছেন না সবুজ মেরুনের হেড স্যার। শুক্রবার প্রচারমাধ্যমকে বলেই দেন পানোস, মিগুয়েলকে চার্চিল ম্যাচে খেলানোর ঝুঁকি নিতে চান না। তার পরের ম্যাচ অর্থাৎ ডার্বিতে পরিস্থিতি বুঝে তাঁকে ব্যবহারের কথা ভাববেন। বাগান কোচ মিগুয়েলকে বাদ দিয়ে পুরো শক্তির দল নিয়ে যাচ্ছেন শনিবার, চার্চিল ম্যাচ থেকে আরও ৩ পয়েন্ট ঘরে তোলার লক্ষ্যে। টানা ৫ ম্যাচ জিতলে মোহনবাগান সুপার জায়ান্ট যে শুধু আইএসএল লিগ টেবিলের শীর্ষে থাকবে তাই নয়, ২৯ নভেম্বর ডার্বির আগে আত্মবিশ্বাস অটুট রাখতে পারবে।

শুরুর ম্যাচগুলোয় গোল পাওয়ার সমস্যা ছিল মোহনবাগানের। ওড়িশার বিরুদ্ধে শেষ ম্যাচে অবশ্য গোল এসেছে বেশি। তবে গোল হজমও করতে হয়েছে। চার্চিলের মোকাবিলা করার আগে অতীত ম্যাচগুলো নিয়ে আর ভাবতে চান না কোচ পানোস। তিনি সামনের দিকেই তাকাচ্ছেন। তাঁর ফোকাস এখন শুধুই চার্চিল ম্যাচে। আত্মবিশ্বাসের সুরে পানোস বলেন, ‘‌ ইন্টারন্যাশানাল ব্রেকের আগে দলে বেশ কিছু চোট সমস্যা ছিল। তার মধ্যে সাহাল ছাড়া সকলেই ফিট। ম্যাকলারেনকে পুরো সময়ের জন্য পাওয়া যাবে। এরউইন পেশির চোট থাকতেও ব্যথার ওষুধ খেয়ে খেলছিল। সেই চোট কাটিয়ে উঠেছে। মাঝমাঠের অন্যতম সেরা খেলোয়াড় আপুইয়া দলে ফিরছে। এতে আক্রমণভাগের ধার ও ভারসাম্য অনেক বেড়ে যাবে।’‌ পানোসের কথা ও যুবভারতীর ট্রেণিং গ্রাউন্ডে বৃষ্টি মাথায় নিয়ে অনুশীলন করার ধরন দেখে বোঝা গেছে, চার্চিলের বিরুদ্ধে আক্রমণে জোড়া হিসেবে ম্যাকলারেনের সঙ্গে এরউইনকে ব্যবহার করবেন তিনি। সঙ্গে উইংয়ে ড্রাজিচকে শুরুতে রেখে। গোল পেয়ে গেলে বদলি ফুটবলার নামানোর কথা ভাববেন।

বাগান রক্ষণের অন্যতম ভরসা ডিফেন্ডার আলবার্তোর তিনটি হলুদ দেখা রয়েছে। চার্চিল ম্যাচে আর একটি কার্ড দেখা মানে তাঁকে ডার্বিতে পাওয়া যাবে না। চার্চিল ম্যাচে আলবার্তোকে খেলাবেন, নাকি বিকল্প কারও কথা ভাবছেন, এই প্রশ্নে কোচ পানোসের উত্তর, ‘‌ আমার যাবতীয় ফোকাস এখন শুধুই চার্চিল ম্যাচ জেতার জন্য। তাই অন্যরকম কিছু ভাবছি না।’‌ পানোস একথা বললেও, তিনি কিন্তু দু’‌রকম ভাবেই রক্ষণ সাজিয়ে অনুশীলন করিয়েছেন। একবার আলবার্তোকে স্টপারে রেখে, আর একবার আলবার্তোকে সরিয়ে রেখে রাহুল বেকে ও মেহতাব জুটিকে স্টপারে খেলিয়ে। কারণ পানোস বিলক্ষণ জানেন, ইস্টবেঙ্গল রক্ষণ যেমন আনোয়ারকে খুইয়ে খানিকটা নড়বড়ে, তেমন আলবার্তো না থাকলে, ডার্বিতে তাঁর রক্ষণের জমাট ভাব কমবে। তাই আলবার্তোকে কতক্ষণ চার্চিল ম্যাচে মাঠে রাখেন পানোস সেটাই এখন দেখার, নাকি একবারেই ব্যবহার করবেন না, সেটা সময়ই বলবে।

চার্চিল গত তিনটি ম্যাচ হেরে কিছুটা হলেও কোনঠাসা। রক্ষণ তেমন জমাট নয়। এমন একটা দলের বিরুদ্ধে কি গোল বাড়িয়ে রাখার চেষ্টা করবেন?‌ গত আইএসএলে গোলপার্থক্যের সুবিধা নিয়ে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগানকে পিছনে ফেলে। পানোসের জবাব, ‘‌ আগে জেতাটা জরুরি। এখন থেকে গোল বাড়ানোর কথা ভেবে নিজেদের স্বাভাবিক খেলা নষ্ট করার কোনও মানে হয় না। ওতে অনর্থক চাপ বাড়ে।’‌

পানোসের মুখে সাফ জয়ী ভারতীয় দলে মোহনবাগান ফুটবলারদের ভুয়সী প্রশংসা। বিশেষ করে সাফের মোস্ট ভ্যালুয়েহল ফুটবলার সুহেল বাটের। একইসঙ্গে নিউজিল্যান্ড সফরে থাকা দলের সিনিয়র সদস্যদেরও কথা। পানোসের কাছে জানতে চাওয়া হয়েছিল, সাফে ৪ গোল করা ও দুরন্ত পারফর্ম করা সুহেলকে এখন থেকে আরও বেশি গেম টাইম দেবেন কিনা?‌ মোহনবাগান কোচের উত্তর, ‘‌ সুহেলের পারফরমেন্স সত্যি প্রশংসনীয়। ও দলের সম্পদ। ও সবুজ মেরুন জার্সিতে কলকাতা লিগ, ডুরান্ড, শিল্ডে অনেক ম্যাচ খেলেছে। আইএসএলের ম্যাচে পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ সময়ে ব্যবহার করেছি। সুহেলকে নিয়ে আমার সাপোর্ট টিম সবসময় কাজ করছে। যখনই মনে হবে দলের জন্য ওকে প্রয়োজন তখনই খেলানো হবে।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...