Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ মঙ্গলবার জেনেভায় সেলসফোর্স ফিডে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিএম জাভোখির সিন্দারভ সাদা ঘুঁটি নিয়ে লড়াই শুরু করবেন। উজবেকিস্তানর জিএম চ্যালেঞ্জার সিন্দারভের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ ডোম্মারাজু একটি ঘড়ি বেছেছেন,যাতে ব্ল্যাক নাইট আছে। তার আগে সাংবাদিক সম্মেলনে সিন্দারভ বলেন, তাঁর বিগত ৬ মাসের প্রস্তুতি গেছে এই মর্যাদার লড়াইয়ের জন্য। অন্যদিকে, গুকেশ আত্মবিশ্বাসেক সঙ্গে বলেন, ‘‌ মনে করি,আমার এখানে ডিফেন্ড করার কিছু নেই। এখানে এসেছি আবার জিততে।’‌

কে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম চাল দেবেন, তা ঠিক করতে একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জেনেভায় প্যালেস অফ নেশনসে। ২০২৪য়ে সিঙ্গাপুরে গুকেশ ও জিএম ডিং লিরেনের মধ্যে প্রথম গেমের ঘুঁটির রং নির্ধারিত হয়েছিল ঝলমলে লেসার শোর মাধ্যমে। আর এবার সেটা হয়েছে সুইশ স্টাইলে। গুকেশকে হাল্কা চকোলেট ও ডার্ক চকোলেট নাইট সম্বলিত একজোড়া ঘড়ির মধ্যে থেকে একটি বেছে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। গুকেশ ব্ল্যাক চকোলেট নাইট সম্বলিত ঘড়ি বেছে নিতেই সিন্দারভের সাদা ঘুঁটি নিয়ে প্রথম গেম শুরুর সুযোগ এসে যায়।

সিন্দারভ মঙ্গলবার ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টায় সাদা ঘুঁটি নিয়ে প্রথম চাল দেবেন। এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের ধারাভাষ্য দেওয়ার দায়িত্বে থাকছেন জিএম জুডিথ পোলগার ও ডেভিড হাওয়েল। পরের ১৩টি গেমে গুকেশ ও সিন্দারভ ঘুঁটির রং বদলে বদলে খেলবেন। তিনটি গেমের পর শুক্রবার একদিনের বিশ্রাম থাকছে দুই দাবাড়ুর জন্য।

খেলা চলবে লেক জেনেভার সামনে ফন্ডেশন মার্টিন বডমার নামে একটি লাইব্রেরি কাম মিউজিয়াম হলে। তবে গেম শুরুর আগের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, ইউনাইটেড নেশনসের বিল্ডিংয়ের কাজাক রুমে। কাজাক দূত, জিএম মরিস অ্যাসলি ও ফিডে প্রেসিডেন্ট তিমুর তুলোভের উপস্থিতিতে।

বিশ্বচ্যাম্পিয়ন থাকা অবস্থায় খেতাব ধরে রাখার লড়াই করার অনুভূতিটা কেমন , এই প্রশ্নে গুকেশের উত্তর,‘‌ প্রথমত, এমন একটা ম্যাচ জেনেভাতে খেলছি বলে দারুন লাগছে। মনে করি, গতবারের তুলনায় আমার অভিজ্ঞতা বেড়েছে এই ধরনের লড়াইয়ের জন্য। তবে এক নম্বর গেম খেলার জন্য টেবিলে বসার মুহূর্তে এখনও পর্যন্ত যা যা হয়েছে, সব মন থেকে ঝেড়ে ফেলতে হবে। এটা সম্পূর্ণ ভিন্ন ম্যাচ, ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে। ভিন্ন পরিবেশে। তাই আমি অন্য কিছু নিয়ে না ভেবে শুধু ১৪টি গেমে ফোকাস করছি। জানি, সিন্দারভ দারুন ফর্মে আছে। ধারাবাহিকও। বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু। তাই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে আমি নিজে ভাল প্রস্তুতিতে নিয়েছি। ভাল খেলার জন্য মুখিয়ে আছি। নিজের ক্ষমতা একজন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যাচাইয়ের জন্য। আমি ডিফেন্ড করার মনোভাব নিয়ে এখানে আসিনি খেতাব ধরে রাখতে। জেতার মানসিকতা নিয়েই লড়তে তৈরি।’‌

চ্যালেঞ্জার সিন্দারভ তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘‌ সাইপ্রাসের পর আমি একটানা প্রচুর টুর্নামেন্ট খেলেছি। এই ৬ মাস সময়টা আমার মনে হচ্ছিল অনেকটা। কিন্তু দেখলাম , খুব দ্রুত পেরিয়ে গেছে সময়টা। প্রচুর জায়গায় যেতে হয়েছে টুর্নামেন্ট খেলার স্বার্থে। আজ আমি এখানে বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। বিশ্বচ্যাম্পিয়নশিপ মুকুট মাথায় পড়ার লক্ষ্যে। জানি লড়াইটা খুব কঠিন হবে। তবে আমি খেলব উপভোগ করার মেজাজে। এটা আমার প্রথম অভিজ্ঞতা। তবে আমি খুশি এটা ভেবে,এমন একটা সুযোগ আমি পেয়েছি বলে। অনেক দাবাড়ু রয়েছেন, যারা সারাজীবন দাবা খেলেও এই পর্যায়ে লড়াই করার সুযোগ পান না। গুকেশের ২০২৪য়ের পারফরমেন্স ছিল দুর্দান্ত। যদি গতবছরটা ধরেন, তাহলে বলব ভাগ্য ওর সঙ্গে ছিল না। টাটা স্টিল চেসে ওর বিরুদ্ধে খেলেছি আমি এবছর। মনে হয়েছে, ও নিজেকে আরও শক্তিশালী করেছে। কখনও কখনও খারাপ সময় যায়। কিন্তু সেটা বড় ব্যাপার নয়। কারণ ২০২৪য়ে ডিংয়ের মুখোমুখি হওয়ার আগেও গুকেশ বিভিন্ন টুর্নামেন্টে খারাপ খেলেছিল। কিন্তু ডিংয়ের বিরুদ্ধে সেরাটাই দেয়। তাই ওসব মাথায় না রেখে নিজের সেরাটা দেব, লড়াইটা উপভোগ করার মেজাজে।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...