অলস্পোর্ট ডেস্ক: ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের হার না মানা মনোভাবের ব্যাটিংয়ের জোরে সোমবার ভারতের বিরুদ্ধে ওয়েলিংটন বেসিন রিজার্ভের মাঠে প্রথম টেস্টে হার বাঁচিয়ে ফেললো নিউজিল্যান্ড। যেটা নিউজিল্যান্ডের পক্ষে যতটা কৃতিত্বের, ততটাই হতাশা ভারতীয় ক্রিকেট দলের জন্য, প্রথম ইনিংসে রেকর্ড রানের পাহাড় গড়ে প্রচন্ড চাপে ফেলেও। টেস্টের শুরুতে পেসার মহম্মদ সিরাজকে বাদ দেওয়া নিয়ে একাধিক ভারতীয় প্রাক্তন ক্রিকেটার নির্বাচকদের একহাত নিয়েছিলেন। তাঁদের সাফ বক্তব্য, বুমরার সঙ্গে সিরাজের মতো আর একজন স্ট্রাইক বোলার দরকার ছিল নিউজিল্যান্ডকে পেড়ে ফেলতে।
তার প্রমাণ হাতে নাতে মিলল। ভারত ৭২০-৯ রান তুলে প্রথম ইংনিংসের সমাপ্তি ঘোষণা করে নিউজিল্যান্ডকে হারের মুখে ঠেলে দিয়েছিল। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৩৬৮। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ১১৯ রানে ২ উইকেট খুইয়ে চাপে ছিল নিউজিল্যান্ড। ২৩৩ রানে পিছিয়ে ছিল ইনিংস হার বাঁচাতে। ক্রিজে ছিলেন ডেভিড কনওয়ে(৫৯) ও রাচিন রবীন্দ্র(২৭)। জয়ের জন্য ভারতের দরকার ছিল পঞ্চম অর্থাৎ অন্তিম দিনে ৮ উইকেট সংগ্রহ করা।
কিন্তু পঞ্চম দিনে ৭৫ ওভার বোলিং করে ভারতীয় বোলাররা আরও ৩ উইকেট শিকারে সম্ভব হলেও, জয়ের জন্য প্রয়োজনীয় আর ৫ উইকেট সংগ্রহ করতে পারেননি। নিউজিল্যান্ড ১২০ ওভারে ২৩৯-৫ রানে পৌঁছে হার বাঁচিয়ে ফেলে। যদিও ১৩২ রানের মাথায় ডেভিড কনওয়েকে (৬৫) ভারতীয় বোলার ওয়াশিংটন সুন্দর ও ১৩৯ রানের মাথায় রাচিন রবীন্দ্রকে (৩৭) প্রসিধ কৃষ্ণা প্যাভিলিয়ানে ফেরালে ভারতের জয়ের আশা জেগেছিল। এমনকি ১৭৬ রানের মাথায় উইকেটকিপার ব্যাটার বান্ডেলকে (১৫) বোলার আনশুল কম্বোজ আউট করার পর জয়ের সম্ভাবনা আরও প্রবল হয়।
কিন্তু ড্যারেল মিচেল ১৮৬ বলের অপরাজিত ৪৯ রান ও গ্লেন ফিলিপস ১২৬ বলের অপরাজিত ২৬ রানের লড়াকু ইনিংস খেলে ভারতকে জয় থেকে বঞ্চিত করেন। ষষ্ঠ উইকেটের অপরাজিত জুটিতে দুই ব্যাটার ২৫৮ বল খেলে যোগ করেন মূল্যবান ৬৩ রান। কোনওরকম রান তোলায় হুড়োহুড়ি না দেখিয়ে রক সলিড ডিফেন্স দেখিয়ে ক্রিজ কামড়ে পড়ে থাকেন তাঁরা। ভারতীয় দলের শেষ সেশনের ৩৯ ওভারে ৫ উইকেট নেওয়া জরুরি ছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি। ভারতীয় অধিনায়ক শুভমান গিল ১২০ ওভারে ড্র মেনে নিয়ে ড্যারেল মিচেলের সঙ্গে হাত মিলিয়ে নেন।
২০১৫র পর থেকে ওয়েলিংটন বেসিন রিজার্ভের মাঠে হওয়া ১৫ ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বার টেস্ট ম্যাচ ড্র হল। আগস্টে কলম্বোর মাঠে শ্রীলঙ্কার সঙ্গে ড্র করার পর ভারতেরও এটা দ্বিতীয় ড্র। এই ফল ভারতের পক্ষে মোটেই ভাল হল না। কারণ নিউজিল্যান্ডের সঙ্গে ড্রয়ের জন্য ভারতের ঘরে এল ৪ পয়েন্ট। নিউজিল্যান্ডও পেল ৪। এটা ভারতীয় ক্রিকেট দলের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনায় একটা বড় ধাক্কা। নিউজিল্যান্ড অবশ্য প্রথম দুই স্থানের নীচে চলেই গেছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
