ঈশান কিষান ও সূর্য কুমার যাদব ছবি সৌজন্যে টুইটার
অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম ওডিআইতে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। যা খুব বেশি আশানুরূপ না হলেও, একটি ভাল পরীক্ষা-নিরিক্ষা ছিল। যদিও ১১৫ রান তুলতে দল পাঁচ উইকেট হারায়। অধিনায়ক রোহিত শর্মার এমন সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্য হয়তো এটাই ছিল যেহেতু সামনেই আসন্ন ওডিআই বিশ্বকাপ, তাই দলের অনভিজ্ঞ ব্যাটারদের আগে নামিয়ে তাঁদের পরখ করে নিতে চাইছিলেন তিনি। যার ফলে, অধিনায়ক নিজে সাত নম্বরে ব্যাট করতে নামেন এবং বিরাটের নামার আগেই ম্যাচ বের করে নেন বাকিরা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া, ব্যাটিং অর্ডারের এই পরিবর্তনে বিস্মিত হয়ে বলেন ঈশান কিষানের ম্যাচে ওপেন করা এবং হাফ সেঞ্চুরি করে ফেরা তাঁর কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয়।
‘‘ব্যাটিং লাইনআপ নিয়ে একটি বড় প্রশ্ন ছিল সঞ্জু স্যামসন নাকি ইশান কিশান, কে খেলবেন? ঈশান কিষানের ওপেনিং এবং হাফ-সেঞ্চুরি করা আমাকে ভাবায়নি। আমি আগের থেকেই জানতাম ঈশান কিষান একজন ভাল ক্রিকেটার,’’ আকাশ তাঁর ইউটিউব চ্যানেলে বলেন।
আকাশ চোপড়া আরও বলেন, ‘‘ঈশান কিশানকে চার নম্বরে ব্যাট করার জন্য রাখা হয়েছিল। যার থেকে বোঝা যায়, মিডল অর্ডারে ব্যাট করানোর জন্য দল এই দ্বিতীয় উইকেটকিপারকে ভেবেছিল। যদিও দেখা যায় তাঁকে ওপেন করতে এবং তিনি হাফ-সেঞ্চুরি করে ফেরেন। তাঁর মধ্যে বড় রানের খিদে ছিল। তিনি ওয়ানডেতে ডবল সেঞ্চুরিও করেছেন।”
সূর্যকুমার যাদব ওয়ানডে দলে জায়গা করে নেবেন তেমনটা আশা করা হয়েছিল। তবে তিন নম্বরে ব্যাট করতে নেমে সূর্য মাত্র ১৯ রান করেন। যা ভারতীয় দল এবং আকাশ চোপড়াকে হতাশ করেছে।
আকাশ বলেন, ‘‘এর পর সূর্যকুমার যাদব এলেন- এটি আর একটি প্রশ্ন। তার জন্য একটি বড় সুযোগ ছিল এটা। আমি যাদবকে আমার বিশ্বকাপ দলে রেখেছিলাম, কিন্তু তার জন্য তাঁকে আরও রান করতে হবে।’’ সূর্যের ব্যাটিংয়ে কিছু ত্রুটিও তুলে ধরে চোপড়া বিশদে বিশ্লেষণ করেন।
‘‘সে ভালোই ব্যাট করছিল, কিন্তু যেভাবে সে আউট হল প্রথমে একটি সুইপ মারল যা চার হল, আর একটি সুইপ মারল কিন্তু সেটি ব্যর্থ হল, আর একটি সুইপ এবং একটি লেগ-বিফোর হতে হতে হল না, এবং তার ঠিক পরেই আর একটি সুইপ এবং লেগ-বিফোর হয়ে আউট হয়ে গেলেন তিনি। পরপর চারটি বল একইভাবে খেলে গেলেন তিনি, এমনও নয় যে চারটি পৃথক ঘটনায় হয়েছে’’ তিনি বলেন।
বিশ্বের অন্যতম সেরা টি-২০ ব্যাটারদের মধ্যে একজন সূর্যকুমার। ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য তাঁকে বাকি ম্যাচগুলিতে আরও ভাল খেলে নিজেকে প্রমান করতে হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
