অলস্পোর্ট ডেস্ক: রবিবার পাকিস্তান সরকার ঘোষণা করেছে তাঁরা আইসিসি বিশ্বকাপ ২০২৩ খেলতে ভারতে আসবে। পাকিস্তান ক্রিকেট দলকে ভারতে খেলার অনুমতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের হকি খেলোয়াড় আব্দুল রানা। তাঁর মতে খেলার জন্য দুই দলকেই একে অপরের দেশে যাওয়া উচিৎ। কারণ এই চির প্রতিদ্বন্দ্বী দুই দলের খেলা ভক্তরা দেখতে চায় এবং উপভোগ করে। বর্তমানে চেন্নাইতে আয়োজিত এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য পাকিস্তানের হকি দল ভারতে রয়েছে। বুধবার দুই প্রতিদ্বন্দ্বী হকি দল খেলতে নামবে।
তিনি বলেন, ‘‘আমি মনে করি পাকিস্তান এই সিদ্ধান্তে উদারতার পরিচয় দিয়েছে। মানুষ ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে পছন্দ করে। তাই এই ধরনের ম্যাচ হওয়া উচিৎ এবং খেলার জন্য একে অন্যের দেশে যাওয়া উচিৎ। মানুষ অপেক্ষা করে থাকে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখার জন্য। ভারত আমাদের প্রতিবেশি দেশ। আমরা এখানে খেলতে এসে যা ভালবাসা পাই তা অন্য কোনও দেশে গেলে পাই না।’’
৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর হবে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। ভারত-পাকিস্তানের বিগত কয়েক বছরের রাজনৈতিক টানাপড়েনের কারণে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। সেই সন্দেহের অবসান ঘটিয়ে রবিবার পাকিস্তান সরকার তাঁদের সিনিয়র ক্রিকেট দলকে খেলতে আসার অনুমতি দিয়েছে।
এদিন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পাকিস্তান কোনওদিন চায়নি খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মেলাতে। তাই আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমাদের ক্রিকেট দলকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’’
‘‘পাকিস্তান বিশ্বাস করে যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থান তাদের আন্তর্জাতিক খেলাতে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। ভারত এশিয়া কাপ খেলতে নিজেদের দলকে পাকিস্তানে পাঠাতে অস্বীকার করেছে। কিন্তু আমার এই ধরনের ব্যবহারে বিশ্বাস করি না, ’’ এই বলে তিনি বিবৃতিটি শেষ করেছেন।
পাকিস্তানের হকি দলের প্রধান কোচ এবং দলের প্রাক্তন খেলোয়াড় মহম্মদ শাকলিন পাকিস্তানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমাদের সরকার ভারত সরকারের সঙ্গে সক্ষতা বজায় রাখতে চায়। কিন্তু আসল ব্যাপার হল এর ধারাবাহিকতা বজায় রাখা। আমাদের ক্রিকেট দল ভারতে খেলতে যাবে, ফুটবল দল ইতিমধ্যেই খেলে এসেছে এবং বর্তমানে পাকিস্তানের হকি দল ভারতে রয়েছে। এবার ভারতের পালা পাকিস্তানে খেলতে আসার।’’
এছাড়াও তিনি পাকিস্তানের হকি দলের প্রতি ভারতের আতিথিয়তায় খুশি। তিনি বলেন, ‘‘ভারতীয়দের বিশেষ করে চেন্নাই-এর মানুষদের আতিথিয়তায় আমরা আপ্লূত। এখানকার মানুষ খুবই ভাল মনের। তাঁরা সবসময় পাকিস্তান হকি দলের প্রশংসা করে।‘’
২৭জুলাই বিসিসিআই সচিব জানিয়েছিলেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর কিছু পরিবর্তন আসতে চলেছে।তিনি সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘ কিছু ম্যাচের মধ্যে সময়ের ব্যবধান কম রয়েছে। দুটো ম্যাচের মধ্যে দু’দিনের ব্যবধান রয়েছে। খেলা শেষ হওয়ার পরের দিন খেলোয়াড়দের অন্য জায়গায় যেতে হবে, কাজেই তাঁরা অনুশীলনের সময় পাবে না। এই কথা মাথায় রেখে বিশ্বকাপের সময়সূচীতে সামান্য কিছু পরিবর্তন হতে পারে।’’
তিনি আরও বলেন, ‘‘ আমরা চেষ্টা করছি ম্যাচ এবং ভেন্যুতে কিছু পরিবর্তন আনার।। দু’তিনটি দেশও অনুরোধ করেছে সময়সূচী পরিবর্তনের জন্য। আইসিসি এবং বিসিসিআই-এর লজিস্টিক দল এই নিয়ে কাজ করছে এবং দু’তিন দিনে সবকিছু পরিস্কার হয়ে যাবে। আমরা হয়ত কিছু পরিবর্তন দেখতে চলেছি।“
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর জুন মাসের নির্ধারিত সময়সূচী অনুযায়ী পাঁচ অক্টোবর আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে। এই ম্যাচে মুখোমুখি হবে শেষ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড এবং রানার্স আপ নিউজিল্যান্ড। বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচ হবে ১৯ নভেম্বর আহমেদাবাদে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
