চর্চায় হরমনপ্রীত
অলস্পোর্ট ডেস্ক: হরমনপ্রীত কৌর বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে যে আচরণ করেছেন তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তার মধ্যে মঙ্গলবার আইসিসির শাস্তির মুখেও পড়তে হয়েছে তাঁকে। দুই ম্যাচে নির্বাসনের পাশাপাশি দিতে হবে বড় অঙ্কের জরিমানাও। এবার তাঁর আচরণের সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় মহিলা দলের অধিনায়ক শান্থা রঙ্গস্বামীর।
তাঁর মতে ভারত-বাংলাদেশের তৃতীয় ওডিআই চলাকালীন এবং তাঁর পরে ভারত অধিনায়ক হরমনপ্রীতের অভদ্র আচরণ ছিল দলের জন্য ক্ষতিকারক। একজন অধিনায়কের ভাবমূর্তির সঙ্গে এই ব্যবহার একেবারেই মানানসই নয়।
গত সপ্তাহে ঢাকায় হওয়া ভারত-বাংলাদেশ একদিনের ম্যাচে আউট হয়ে যাওয়ার পর মাঠ ছাড়ার সময় স্ট্যাম্প ভেঙে দেন হরমনপ্রীত। এখানে থেমে না থেকে প্রকাশ্যে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর এই অভব্য আচরণের জন্য পরবর্তী দুটো ম্যাচে নির্বাসিত করা হয়েছে তাঁকে। মঙ্গলবার এই নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক শান্থা রঙ্গস্বামী। তিনি বলেন, ‘‘হরমনপ্রীতের আচরণ ছিল অত্যন্ত শোচনীয়। তবু যদি সে ওখানেই থেমে যেত তাহলেও মেনে নেওয়া যেত। কিন্তু ম্যাচ শেষে পুরস্কার মঞ্চে তিনি যা করেছেন তা খেলার জন্য ভাল নয়। এটা ক্ষতিকারক ছিল এবং সে মাত্রা ছাড়িয়ে গিয়েছে।’’
শান্থা মনে করেন হরমনপ্রীতের এই আচরণ দুই দেশের ক্রিকেট বোর্ডের করা সমস্ত ভাল কাজকে ব্যর্থ করে দেয়। তিনি আরও বলেন, ‘‘সে নিঃসন্দেহে আমাদের দলের একজন সেরা খেলোয়াড়। কিন্তু তাঁর এই আচরণ মেনে নেওয়া যায় না। এই একটা ঘটনা দেশের বোর্ডের করা সব ভাল কাজকে প্রশ্নের মুখে ফেলে দেয়। হরমনপ্রীত আমাদের দেশের একজন প্রতিনিধি তাঁর সেটা মনে রেখে আচরণ করা উচিত ছিল।’’
হরমনপ্রীত সুইপ করার সময় বিপক্ষ দলের বোলার নাহিদা আকতারের বলে লেগ বিফোর হয়ে যান। কিন্তু তিনি দাবি করেন তিনি আউট হননি এটা আম্পেয়ারের ভুল সিদ্ধান্ত। এরপর তিনি প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে স্ট্যাম্প ভেঙে দেন।
তাঁর এই অভব্য আচরণের জন্য বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা তাঁর দলকে নিয়ে অনুষ্ঠান থেকে বেরিয়ে যান এবং ভারতীয় দলকে ব্যবহার শিখতে বলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
